
কাচঘেরা বড়সড় শোকেসে জাহাজের প্রতিরূপ। জাহাজটির গায়ে ধাতব স্টিকারে নির্মাতা দেশের নাম—‘বাংলাদেশ’। প্রায় আট বছর আগে ‘এমভি স্টেলা মারিস’ নামের এই জাহাজটি বাংলাদেশ থেকে প্রথম রপ্তানি হয়। সেই ঐতিহ্যের কথা জানিয়ে বিদেশিদের নজর কাড়তে চায় আনন্দ শিপইয়ার্ড। শোকেসের তিন তাকে রাখা হয়েছে এই জাহাজসহ ১১টি জলযানের প্রতিরূপ (রেপ্লিকা)।

আরেক পাশে সাজানো আছে তৈরি পোশাক। পোশাকের ভিড়ে ছোট করে লেখা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম। তৈরি পোশাক দেখেই হয়তো নির্মাতা দেশের কথা জানতে চাইবে না কেউ। কারণ পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশ যে এখন দ্বিতীয় স্থানে। প্রদর্শনীকেন্দ্রেও সবচেয়ে বেশি শোভা পাচ্ছে তৈরি পোশাক।
কাচঘেরা সারি সারি শোকেস সাজানো হয়েছে দেশি সব পণ্য দিয়ে। নগরের বিশ্ব বাণিজ্যকেন্দ্রের পঞ্চম তলায় দেখা মিলবে থরে থরে সাজানো দেশীয় পণ্যের সমাহার। কেন্দ্র ঘোরার সময় অতিথিদের চোখের সামনে বারবার ভেসে উঠবে ‘মেড ইন বাংলাদেশ’।
দেশি কিংবা বিদেশিদের আকৃষ্ট করতেই এসব পণ্য সাজিয়ে রেখেছেন উৎপাদকেরা। চট্টগ্রাম চেম্বার থেকে বার্ষিক ভাড়ায় শোকেস নিয়ে নিজেদের পণ্য প্রদর্শন করছেন তাঁরা। প্রদর্শনী কেন্দ্রের ২৮ ও ৪৯ বর্গফুট—এ দুই ধরনের আয়তনের শোকেসে পণ্য প্রদর্শনের এমন সুযোগ রয়েছে।
স্থায়ী প্রদর্শনীকেন্দ্রে শোকেস ভাড়া নেওয়া ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্ব বাণিজ্যকেন্দ্রের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্যই শোকেসটি ভাড়া নিয়েছি। প্রদর্শনীকেন্দ্রটি পরিপাটি করে সাজানো হয়েছে। বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা বিশ্ব বাণিজ্যকেন্দ্রে এলে এটিও ঘুরে দেখবেন।
চেম্বার জানায়, গত জানুয়ারিতে আগ্রাবাদে বিশ্ব বাণিজ্যকেন্দ্র উদ্বোধনের সময় এটি চালু করা হয়। প্রদর্শনীকেন্দ্রে শোকেস রয়েছে ১৩৮টি। এখন পর্যন্ত ভাড়া হয়েছে ৬৩টি। প্রতি মাসে ২৮ বর্গফুট আয়তনের শোকেসের ভাড়া ১৬ ও ৪৯ বর্গফুট আয়তনের ভাড়া ৩২ হাজার টাকা। কমপক্ষে এক বছরের জন্য ভাড়া নিতে হবে।
প্রদর্শনীকেন্দ্র ঘুরে দেখা যায়, ছোট থেকে বড় শিল্পগোষ্ঠী শোকেস ভাড়া নিয়েছে। নির্দিষ্ট জায়গায় কোনো লোকবল নিয়োগ না করে পণ্যের প্রচারের এমন সুযোগ হাতছাড়া করতে চায়নি প্রতিষ্ঠানগুলো। আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বিএসআরএম গ্রুপ, কেএসআরএম স্টিল প্লান্ট, সাদমুছা গ্রুপ,

ক্লিফটন গ্রুপ, মেরিডিয়ানসহ অনেক শিল্পপ্রতিষ্ঠান শোকেস ভাড়া নিয়ে পণ্য প্রদর্শন করছে। প্রদর্শনীকেন্দ্রে জাহাজ, তৈরি পোশাক, ভবন নির্মাণের উপকরণ, বৈদ্যুতিক সামগ্রী, হিমায়িত মাছ, পাট, চামড়াজাত, কৃষিজাত, সিরামিক, খাদ্য, প্লাস্টিক পণ্যসহ নানা খাতের পণ্য তুলে ধরা হয়েছে।
একটি শোকেসে দেখা গেল, মেয়েদের ফতুয়া, থ্রিপিস আর মুখোশ। এসব পণ্য স্বনন হ্যান্ডিক্রাফটসের। প্রতিষ্ঠানটির কর্ণধার হাবিবা খান মজলিস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দেশি-বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতেই এটি ভাড়া নিয়েছি। বিদেশি ক্রেতাদের এখনো সাড়া পাইনি। তবে স্থানীয় অনেকেই পণ্য কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এ মাসে পণ্য সরবরাহের আদেশ পাব বলে আশা করছি।’
দেশের ইতিহাস–ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা জামদানি শাড়িও শোভা পাচ্ছে একটি শোকেসে। সেই ঐতিহ্যের কথা জানাতে চায় ‘এম এস করপোরেশন’। প্রদর্শনীকেন্দ্রের বাঁয়ে চোখ পড়বে সাজানো পাটপণ্য। সোনালি আঁশের সেই দিনগুলোর কথাই মনে করিয়ে দেবে শোকেসটি। অল এক্সপোর্ট-ইমপোর্ট ইন্টারন্যাশনাল তুলে ধরেছে আমাদের সোনালি এই অতীত।
চেম্বার সূত্র জানায়, বিশ্ব বাণিজ্যকেন্দ্রের শর্তানুযায়ী, চার তারকা মানের হোটেলসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা এখনো চালু হয়নি। এ কারণে প্রদর্শনীকেন্দ্রটি এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে চট্টগ্রাম চেম্বারে আসা বিদেশি ব্যবসায়ী ও কূটনীতিকেরা নিয়মিত আসেন। এখন কার্যত তাঁরাই ঘুরে দেখেন প্রদর্শনীকেন্দ্রটি।
চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম প্রথম আলোকে বলেন, এক ছাদের নিচে দেশীয় পণ্য প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে চট্টগ্রাম চেম্বার। অনেক বিদেশি ক্রেতা ইতিমধ্যে বিশ্ব বাণিজ্যকেন্দ্রে এসে এই প্রদর্শনী ঘুরে গেছেন। অনেকে উদ্যোক্তাদের সঙ্গে কথাও বলেছেন। এভাবে পণ্য রপ্তানি হবে। তিনি বলেন, বিশ্ব বাণিজ্যকেন্দ্রে চার তারকা মানের হোটেল চালু হলে প্রদর্শনীকেন্দ্রে বিদেশিদের আগমন আরও বাড়বে।