দেশি পণ্যের জৌলুস
‘বিদেশি পণ্যের চেয়ে দেশি পণ্য কিনতেই এখন বেশি আগ্রহী ক্রেতারা। শুধু তা-ই নয়, দেশি প্রতিষ্ঠানের পণ্যের প্রতি অনেক টান এখনকার দর্শকদের।’ দেশি কাঁচামাল ও প্রযুক্তিতে তৈরি শাড়ির প্রতিষ্ঠান প্রাইড লিমিটেডের বিক্রেতা মোহাম্মদ জাহিদুল হকের কথার প্রমাণ পাওয়া গেল স্টলে দর্শকের ভিড় দেখে। জাহিদুল বললেন, ‘এসএসসি পরীক্ষার কারণে গত কয়েক সপ্তাহ লোকসমাগম কম ছিল। তবে চলতি সপ্তাহ থেকে মেলা বেশ সরগরম হয়ে উঠেছে।’ ১৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার আন্তর্জাতিকতা নিয়ে প্রশ্ন থাকলেও দেশি প্রতিষ্ঠানের জৌলুস তা ভুলিয়ে দিয়েছে। হরেক রকম পণ্যসম্ভার আর নান্দনিক স্টল-প্যাভিলিয়ন নিয়ে স্বাগত জানাচ্ছে ঢাকা চট্টগ্রামেরসহ দেশি প্রতিষ্ঠানগুলো। তবে চট্টগ্রামের বেশকিছু প্রতিষ্ঠানও ঔজ্জ্বল্য ছড়াচ্ছে।আরএফএল প্লাস্টিক লিমিটেডের বিক্রেতা রোকনুজ্জামান বাহাদুর অবশ্য অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন আয়োজকদের বিরুদ্ধে। তাঁর মতে, অগোছালো ও বিশৃঙ্খল সজ্জা এবং দর্শকদের পর্যাপ্ত সুবিধা না দেওয়ায় মেলায় এবার বিক্রি আশানুরূপ হচ্ছে না। তিনি জানান, আরএফএল প্লাস্টিকে সংসারের যাবতীয় সামগ্রী পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে পাঁচ ধরনের ‘বান্ডেল অফার’ দিচ্ছেন ক্রেতাদের। আবুল খায়ের গ্রুপ মেলায় এনেছে সম্পূর্ণ দেশি কাঁচামাল দিয়ে উৎপাদিত মার্কস, সিলন চা ও সুস্বাদু চানাচুর। বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি পণ্যের সঙ্গে রয়েছে বাচ্চাদের জন্য উপহার। মায়ের সঙ্গে মেলায় ঘুরতে এসে মোহাম্মদ রনিকে দেখা গেল রাইডে চড়ে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে। ছোট্ট পরিসরে বসার ব্যবস্থা রয়েছে। রয়েছে খানাপিনার ব্যবস্থাও। অটবি ও গোল্ডেন টিকের নান্দনিক সব গৃহস্থালি উপাদান ও আসবাব ক্রেতাদের টানছে। কিন্তু ক্রেতাদের মতে, আসবাবের দাম খুব বেশি। অটবিতে বাচ্চার পড়ার টেবিল ও খাট দেখতে এসেছেন নেওয়াজ উদ্দিন ও গুলশান ইব্রাহীম দম্পতি। তাঁদের অভিযোগ, ২৮ হাজার টাকার আসবাব ৩০ হাজার টাকা লিখে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে অটবি। অটবির তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম বললেন, তাঁদের আসবাবের মূল্য প্রতিযোগিতামূলক। ক্রেতাদের অভিযোগ সঠিক নয়।বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে মেলায় এসেছে প্রাণ। দেশি কাঁচামাল ও প্রযুক্তিতে তৈরি চিপস, বিস্কুট, গুঁড়া মসলা, আচার, সস, জুসসহ নানা খাদ্যসামগ্রীর সমাহার এখানে। এখানে ৫০-৩৫০ টাকার গুচ্ছ সুবিধা মিলবে। রয়েছে ১২-৯৩ টাকা পর্যন্ত ছাড়। চট্টগ্রামেরই প্রতিষ্ঠান কিষোয়ান স্ন্যাকস লিমিটেডের বিক্রেতারা জানালেন, প্রতিটি ২০০ টাকার পণ্যের সঙ্গে একটি কুপন দেওয়া হচ্ছে। ভাগ্যবানরা মোটরসাইকেল, কম্পিউটারসহ নানা পুরস্কার দেওয়া হবে। আগ্রাবাদ বাদামতলি থেকে আসা রেহনুমা সুলতানাকে দেখা গেল বাচ্চার জন্য বিস্কুট ও চকলেট কিনছেন কিষোয়ান থেকে। তাঁর মতে, বিশেষ ছাড় ক্রেতাদের আকর্ষণ করে। দেশি পণ্যের গুণগতমান ঠিক থাকলে ক্রেতারা সত্যিকার অর্থেই বিদেশি পণ্য বর্জন করবে। দাদা কনজিউমার প্রোডাক্টস মেলায় এবার নতুন স্বাদের কোমল পানীয় আইসি বাজারজাত করেছে। স্ট্রবেরি, আপেল, লেমন ও কোলা—চারটি ২৫০ মিলিলিটারের বোতলের এই গুচ্ছের প্রতি ক্রেতাদের আগ্রহ প্রচুর। আবরারুর রহমান স্ক্র্যাচ কার্ড ঘঁষে সিরামিকের কাপ পেয়ে গেলেন। দারুণ খুশি তিনি। কুমিল্লা থেকে এসেছে গ্রামীণ খাদি অ্যান্ড খাদি টেক্সটাইল। এই প্রথম মেলায় এসেছেন তাঁরা। স্টলের বিক্রেতা মোহাম্মদ কামাল হোসেন জানান, তাঁরাই আসল খাদি কাপড়ের প্রতিষ্ঠান। অন্যদিকে মেলার প্রসিদ্ধ খাদি ভান্ডার স্টলের বিক্রেতার দাবি তাঁরাই প্রকৃত খাদি ব্যবসায়ী। কোনটা আসল এ নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন ক্রেতারাও। এ জন্য তাঁরা দুষছেন আয়োজকদের। তাঁদের মতে, সত্যতা যাছাই করে স্টল বরাদ্দ করা উচিত ছিল কর্তৃপক্ষের। খুলনা থেকে এসেছেন মোহাম্মদ ইমদাদুল হক। তাঁর স্টলের নাম ঘরনী নকশিকাঁথা। ঐতিহ্যবাহী নকশিকাঁথার তৈরি কুশন কভার ব্যাগ, কাঠের তৈরি নানা শোপিস আছে এখানে। রেশমশিল্পের আভিজাত রাজশাহী সিল্কের তিনটি স্টল রয়েছে মেলায়। রাজশাহী সিল্ক কেন্দ্র নামের দুটি স্টলের গায়েই লেখা প্রধান বিক্রয়কেন্দ্র। এ নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও প্রকৃত দোকান কোনটি এ নিয়ে বিভ্রান্ত তাঁরা। আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক আমাদের জামদানি শিল্প। হাতে তৈরি এ সব শাড়ির চাহিদা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার কাছে। গৃহিণী নাজনীন নিশাত বললেন, প্রতিটি নারীই চায় একটি জামদানি শাড়ির মালিক হতে। শাড়ির পাশাপাশি আছে জামদানি সালোয়ার কামিজও। এ সুযোগ তো হাতছাড়া করা যায় না।এ ছাড়াও আছে আলফা বলপেন। প্রতিটির দাম সাড়ে তিন টাকা। স্টলের বিক্রেতা ধীরেন্দ্রনাথ শীলের মতে, চট্টগ্রামের মানুষ খুবই ভালো। মেলার বাইরেও মাটির তৈজসপত্র, শোপিসসহ নানা জিনিসের সমাহার। বরিশাল থেকে আসা মৃিশল্পের স্টলে মানুষের ভিড় দেখা গেল। গাজী টেক্সটাইল, অবনী শিল্প বুটিক, শাহ আমানত অয়েল মিলস, জেড এম টেক্সটাইল, দি জকা গইং, কিউট, এন মোহাম্মদ প্লাস্টিক, তালুকদার প্লাস্টিকসহ নানা প্রতিষ্ঠানে দর্শকদের ভিড় ছিল।চট্টগ্রাম কলেজের ছাত্রী সুইটি বড়ুয়া, তাবাসসুম আফরিন ও অমিতা বড়ুয়া বললেন, তাঁদের কাছে মেলার বাইরের মেলা সবচেয়ে ভালো লেগেছে। তাঁরা মাটির তৈরি ফুলদানি কিনেছেন। তাঁদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রি হচ্ছে এখানে। তাই জেনেশুনে দেশি পণ্য কেনাই ভালো।