দেশি পণ্যের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়তলার পুরোটাই জুড়ে আছে প্রদর্শনীর নানা জিনিসে। কোনটা ছেড়ে কোনটা দেখি। সব কটিই তো মনোরম পণ্য। ২৬ নভেম্বর থেকে রাজধানীর গুলশান-১-এর দ্য গ্যালারিতে আয়োজন করা হয় জল রং, হস্তশিল্প আর ফ্যাশন ফেব্রিকের এক সম্মিলিত প্রদর্শনী ‘দীপান্বিতা’। পণ্যের উজ্জ্বল আভার সঙ্গে যেন নামটা একেবারে মিলে গেছে। প্রতিটি পণ্যের মধ্যে যেমন আছে দেশীয় আমেজ, তেমনই পণ্যের উপকরণটা দেশি। শিল্পী সাইদা কামালের জল রং প্রদর্শনীতে যেমন ধরা পড়েছে গ্রামবাংলার প্রকৃতি, ঠিক তেমনই মিলিতা চৌধুরীর তৈরি পোশাকের মধ্যেও খুঁজে পাওয়া যায় দেশীয় আমেজ। পোশাকের পুরোটাই কুমিল্লার খাদি কাপড়ের। মাটি আর পাটের তৈরি নানা পণ্য দিয়ে তৈরি করা হয়েছে গয়না, ব্যাগ এবং ঘর সাজানোর নানা পণ্য। প্রদর্শনীর আয়োজক সুরাইয়া চৌধুরী বলেন, ‘প্রদর্শনীতে আমরা মোট ১০টি গ্রামকে রেখেছি। অর্থাৎ এই ১০টি গ্রামের নারীদের হাতের তৈরি পণ্য আমরা রেখেছি প্রদর্শনীতে। হয়তো এই খেটে খাওয়া নারীদের পণ্যগুলো আলোর মুখই দেখত না। আশা করি, এই প্রদর্শনীতে তাঁদের পণ্যের সঠিক মূল্যায়ন হবে।’ প্রদর্শনীর উদ্বোধন করেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি এই প্রদর্শনীর প্রশংসা করে বলেন, ‘আমাদের দেশে এ ধরনের প্রদর্শনী খুব বেশি হওয়া উচিত; যে প্রদর্শনীতে খুঁজে পাওয়া যাবে আমার দেশকে নিজের মতো করে।’ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। চাইলে লেকের ধারে মনোরম পরিবেশের এই প্রদর্শনী এরই মধ্যে ঘুরে আসতে পারেন।