দেশি পণ্যের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন দেশি পণ্য পাওয়া যাবে এখানে
এমন দেশি পণ্য পাওয়া যাবে এখানে

শোলার একতারা, কাগজের ফুল, ইকেবানাসহ নানা উপকরণে সাজানো পুরো দোকান। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই মাটির পাত্রে সাজিয়ে রাখা কাঁচা আম, বাতাসা, মুড়কি, নাড়ু ইত্যাদি খাবারের পসরা। মাটির তৈরি পুতুল, হাতি-ঘোড়া, উট, ফুলদানি, শোপিস থেকে কাজলদানি। সব মিলিয়ে দেশি পণ্যের ছড়াছড়ি এই মেলায়। বাংলা ১৪২১ সালের বৈশাখ উৎসব উপলক্ষে এই আয়োজন চলছে রাজধানীর গুলশানের ডেকোর ইডের দোকানে। মোট পাঁচটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই মেলার আয়োজন করেছে ক্রিয়েটিভ ক্রাফটস বাংলাদেশ।
বাংলা নববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে ৭ এপ্রিল মেলার উদ্বোধন করেন বাংলা ক্রাফটের সাবেক প্রেসিডেন্ট মালেকা খান। উদ্বোধন করে তিনি বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা থেকেই সবার দেশি পণ্য কেনা উচিত। আমাদের দেশে নানা ধরনের সৃজনশীল পণ্য প্রস্তুত হচ্ছে। যা দেশের বাইরেও বিক্রি হচ্ছে। দেশি জিনিস নিজে কেনার পাশাপাশি তাই অন্যকে উদ্বুদ্ধ করা দরকার সবার।’
দেশি পণ্যের এই মেলা ১২ এপ্রিল পর্যন্ত চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। ডেকোর ইডের ইন্টেরিয়র ডিজাইনার তৌহিদা খান বলেন, ‘দেশের উদ্যোক্তাদের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমাদের দেশি পণ্যের ব্যবহার আরা বাড়বে।’
ডেকোর ইডের স্বত্বাধিকারী আজিজা খাতুন হকের মতে, ‘বাজারে বিদেশি পণ্যের ছড়াছড়ি। আমরা যেমন কাজ করি হোগলাপাতা দিয়ে। আমরা চাই এমন দেশি উপকরণের পণ্যের ব্যবহার বাড়ুক।’