দেশি পোশাকের কদর বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর একটি বিপণিকেন্দ্রে পোশাক বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা l প্রথম আলো
ফেনীর একটি বিপণিকেন্দ্রে পোশাক বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা l প্রথম আলো

ফেনীতে ঈদবাজার জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত অবধি বিপণিকেন্দ্রগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। বাজারে দেশি-বিদেশি হরেক রকম ডিজাইনের পোশাক এলেও ক্রেতাদের ঝোঁক দেশি পোশাকের দিকে। বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানি, সিল্ক ও তাঁতের শাড়ি।
বিভিন্ন পোশাকের দোকানে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে। ক্রেতাদের আকর্ষণের জন্য শহরের অনেক বড় দোকানে র্যাফেল ড্রয়েরও আয়োজন করা হয়েছে। বিপণিকেন্দ্রগুলোকে ঝলমলে আলোকসজ্জায় সাজানো হয়েছে।
শহরের শহীদ হোসেন উদ্দিন বিপিণবিতান, হক টাওয়ার, জুম্মা শপিং সেন্টার, লতিফ টাওয়ার, সুরত সুপার মার্কেট, গুলশান মার্কেট, রোকেয়া শপিং সেন্টার, ইব্রাহিম হোসেন মার্কেট, হাকিমস, শতাব্দী, এফ রহমান এসি মার্কেট, গ্রিন টাওয়ার ও মহিপাল প্লাজায় চলছে রমরমা বেচাকেনা।
এ ছাড়া শহরের রাজাঝির দীিঘর পাড়ের বঙ্গবাজার, জেবি রোড, কমলাপট্টি ও সওদাগরপট্টিতে কেনাকাটার জন্য যাচ্ছেন স্বল্প আয়ের লোকজন। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, এবার প্রচুর পরিমাণে ভারতীয় পোশাক এসেছে। তবে দেশি পোশাকই ক্রেতারা পছন্দ করছেন বেশি। পোশাকের দাম এবার কেমন? ক্রেতারা জানান, এবার প্রতিটি শাড়ি, থ্রি-পিসের দাম গতবারের তুলনায় দুই থেকে পাঁচ শ টাকা বেশি। তার পরও ক্রেতারা পছন্দের পোশাকটি কিনতে পেরে বেশ খুশি।
বালুচরি, হ্যান্ডি ব্লক, টাঙ্গাইল, ঝুট কাতানসহ বিভিন্ন ডিজাইনের পোশাক এসেছে দোকানগুলোতে। তবে দেশি তাঁত, মসলিন ও জামদানির বিক্রিই বেশি বলে বিক্রয়কর্মীরা জানান। ঝিলিক, পাখি, মনে রেেখা এসব বাহারি নামের পোশাকের চাহিদা আছে তরুণীদের কাছে। ভারতীয় এসব পোশাকের দামও বেশ চড়া।
জুম্মা শপিং সেন্টারের প্রীতম ফ্যাশনের স্বত্বাধিকারী জিয়া উদ্দিন বলেন, এবারের ঈদে ভারতীয় শাড়ির চেয়ে দেশি সুতি ও সিল্কের শাড়ি বেশি বিক্রি হচ্ছে। ক্রেতাদের রুচিরও কিছুটা পরিবর্তন হয়েছে।
শহরের ডাক্তারপাড়ার বাসিন্দা শেফালী বেগম বলেন, রোজার শুরু থেকেই ধীরে ধীরে কেনাকাটা শুরু করেছেন। এরই মধ্যে নিজের ছেলেমেয়ে ও আত্মীয়স্বজনের জন্যও কিছু জামা কাপড় কিনেছেন। তিনি জানান, দাম কিছুটা বেশি হলেও পছন্দের পোশাকই কিনেছেন।
শহরের বিভিন্ন বিপণিকেন্দ্রে ভারত থেকে আমদানি করা মেয়েদের থ্রি–পিস দেড় হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি থ্রি–পিসের দাম অপেক্ষাকৃত অনেক কম। ঢাকার জামদানি শাড়ি বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ১৫ হাজার টাকায়, তাঁতের শাড়ি ৫০০ থেকে চার হাজার, টাঙ্গাইলের শাড়ি ৫০০ থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সুতি, অ্যান্ডি ও সিল্কের তৈরি নানা ডিজাইনের ছেলেদের পাঞ্জাবি ৬০০ থেকে পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। জিনস প্যান্ট বিক্রি হচ্ছে ৮০০ থেকে সাড়ে তিন হাজার টাকায়।