দেশি ফ্যাশনের কারুকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ডিজাইন করা পোশাকে কিউতে মডেলদের সঙ্গে বিবি রাসেল
খালেদ সরকার

আলোর রোশনাইয়ে আলোকিত চারপাশ, দেশীয় অনুষঙ্গে সাজানো প্রাঙ্গণে সুরের মূর্ছনা সেখানে যোগ করেছে বাড়তি মাত্রা। ৫ মার্চ সন্ধ্যায় হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের পুল সাইডে ছিল এমনই মোহনীয় আয়োজন। উপলক্ষ ‘ম্যাজিক্যাল থ্রেডস সেলিব্রেটিং ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ’ নামের ফ্যাশন শো। নামেই বোঝা যাচ্ছে, এ আয়োজন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে। আয়োজক যৌথভাবে হাউস অব আহমেদ এবং বিবি রাসেল।

বরের পোশাকে আভিজাত্যের ছোঁয়া এনেছে হাউস অব আহমেদ
প্রথম আলো

এই আয়োজন সম্পর্কে হাউস অব আহমেদের চেয়ারম্যান তানজিলা এলমা বলছিলেন, ‘আমাদের দেশের পোশাকশিল্পের কারিগরেরা একেকজন ম্যাজিশিয়ান। পৃষ্ঠপোষকতা পেলে তাঁরাও আমাদের আন্তর্জাতিক মানের কাজ উপহার দিতে পারবেন। আর বিষয়টি এই শোর মাধ্যমে আমরা সবার সামনে তুলে ধরতে চেয়েছি।’

এই আভাস অবশ্য ফ্যাশন শোতে ঢোকার মুখেই পাওয়া গেল। সুনিপুণ হাতে কারচুপির কাজে ব্যস্ত এক কারিগর, তাঁর পাশেই চলছে সেলাই মেশিনে দরজির ব্যস্ত হাত। সবকিছু মিলিয়ে র‌্যাডিসনের পুল সাইডের পুরো পরিবেশই যেন বলে দিচ্ছিল, আমাদের পোশাকেরও যে ঐতিহ্য আছে তার গল্প।

বিবি রাসেলের নকশা করা পোশাকে মঞ্চে হাঁটেন মডেলরা।
প্রথম আলো

ফ্যাশন শো শুরু হয় বিবি রাসেলের পোশাক প্রদর্শনীর মধ্য দিয়ে। বিবি রাসেলের নকশায় ১১টি ব্যতিক্রমধর্মী পোশাক পরে মঞ্চে হাঁটেন মডেলরা। কিউ শেষে দীর্ঘ ১০ বছর পর মঞ্চে উঠলেন বিবি রাসেল। দর্শকেরাও অবিরাম করতালিতে স্বাগত জানান তাঁকে। এরপর আগত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে স্বাগত জানান এই বাংলাদেশি প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারকে।

পোশাকগুলোতে কারিগরেরা ফুটিয়ে তুলেছেন সুনিপুণ নকশা
প্রথম আলো

ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

ফ্যাশন শোর দ্বিতীয় কিউতে ছিল হাউস অব আহমেদের পোশাক প্রদর্শনী। দেশীয় নানা রকম কাপড়ে তৈরি ৪০টি পোশাক পরে মঞ্চে হাঁটেন মডেলরা। জামদানি, সিল্ক, মসলিন, কাতান কাপড়ে তৈরি পোশাকগুলোতে কারিগরেরা ফুটিয়ে তুলেছেন সুনিপুণ নকশা। পোশাকের কাটছাঁটের বৈচিত্র্যও ছিল চোখে পড়ার মতো। দেশীয় ঐতিহ্যবাহী কাপড়ে তৈরি পোশাকে কাটছাঁটের আভিজাত্য আনে ভিন্নমাত্রা। শেরওয়ানি, সালোয়ার–কামিজ, পাঞ্জাবি, কুর্তিসহ ঐতিহ্যবাহী মিরপুরের বেনারসি—সবকিছুতেই হাউস অব আহমেদ আনতে চেয়েছেন নতুনত্বের ছোঁয়া।

পোশাকের কাটছাঁটে বৈচিত্র্য
প্রথম আলো

ম্যাজিক্যাল থ্রেডস শিরোনামে এই ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন ভারতীয় মডেল ও কোরিওগ্রাফার নয়নিকা চ্যাটার্জি। ফ্যাশন শোর বিউটি পার্টনার ছিল ফারজানা শাকিল মেকওভার স্যালন।