বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু মাঠের খেলা হচ্ছে অন্যান্য দেশের ক্রিকেট লিগগুলোর নিয়মেই। বাংলাদেশের কোনো বৈশিষ্ট্যই এতে নেই। এই যখন খেলার অবস্থা, তখন রস+আলো খুঁজে বের করেছে এমন কিছু পদ্ধতি, যা মাঠে দেখলেই আপনারা পাবেন প্রকৃত দেশি স্বাদ। দেখাচ্ছেন সোহাইলরহমান
স্টেডিয়ামে যানজট
ঢাকায় খেলা হবে আর মাঠে যানজট থাকবে না, তা কী করে হয়? এখানে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গাড়ি চলতে পারলে স্টেডিয়ামের ভেতরে কেন নয়? স্টেডিয়ামের ভেতরে চালু করা যেতে পারে মিরপুর টু মালিবাগ বাস সার্ভিস। এ ক্ষেত্রে ব্যাটসম্যানরা রান নেওয়ার জন্য পিচের এক মাথা থেকে অন্য মাথায় দৌড়ে না গিয়ে রিকশা বা অটোরিকশা ব্যবহার করতে পারেন। ফিল্ডাররাও বল কুড়িয়ে আনতে যাবেন বাসে বা মোটরসাইকেলে করে। আর খেলোয়াড়েরা ঢাকার রাস্তার সূত্র অনুযায়ী যানজটে পড়বেনই। আর যানজটে পড়লে স্টেডিয়ামে আসবে খাঁটি বাংলাদেশি ফ্লেভার। এ ছাড়া পিচের মধ্যে থাকতে পারে খানাখন্দ। ওয়াসা শুরু করতে পারে পানির লাইনের কাজ। সে ক্ষেত্রে বৃষ্টি হলে ব্যাটসম্যানরা অটোরিকশার বদলে রান নেবেন সাঁতরে সাঁতরে।
রাতে লোডশেডিং
রাতে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা চলে। ঠিক সে সময় কয়েকবার বিদ্যুৎ চলে গেলে বোঝা যাবে খেলাটা বাংলাদেশে হচ্ছে। তবে লোডশেডিংয়ের সময়ও কিন্তু খেলা বন্ধ থাকবে না। মোমবাতি, হারিকেন এবং দর্শক আর খেলোয়াড়দের মুঠোফোনের টর্চ জ্বালিয়ে খেলা চালু রাখা হবে। এ সময় মাঠের অন্ধকার স্থানের ফিল্ডারদের পড়তে হতে পারে ছিনতাইকারীর কবলে। দু-একজন ভালো প্লেয়ার উধাও হয়ে গেলে আরও বেশি বোঝা যাবে কেন এটা বাংলাদেশের খেলা!
বিশেষ আম্পায়ার
মাঠের আম্পায়াররা হবেন দেশের বিশেষ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মতো। যাঁরা মাঠে দাঁড়িয়ে থাকার বদলে চেয়ারে বসে বসে ঝিমুবেন। কোনো প্লেয়ার আউট হলে বিপক্ষ দল আম্পায়ারকে ঘুম থেকে তুলে আউট দেওয়ার জন্য দরখাস্তের মাধ্যমে আবেদন করবে। সেই আবেদন কবে নাগাদ গৃহীত হবে, তার ঠিকঠিকানা নেই। তবে তৎক্ষণাৎ আউট করাতে হলে বা আউট ছাড়াই ব্যাটসম্যানকে বাইরে পাঠাতে হলে আম্পায়ারকে স্টাম্পের পেছন দিয়ে কিছু টাকাপয়সা ধরিয়ে দিলেই কাজ হবে। যে দলের টাকা থাকবে না, তারা ব্যবহার করতে পারে মামা-চাচার ক্ষমতা।
খেলা হবে ভার্চু্যয়াল
আজকাল আমরা বাস্তব পৃথিবীর চেয়ে বেশি গুরুত্ব দিই ভার্চু্যয়াল পৃথিবীকে। সারা দিন সময় কাটে আমাদের ফেসবুকে। সুতরাং, বাংলাদেশের হিসেবে বিপিএল হতে পারত ফেসবুকেই। বিসিবি তাদের অফিশিয়াল পেজ থেকে প্রতিদিন দুই দলের ছবি আপলোড করে ক্যাপশন দেবে, ‘দেখি কে জেতে। ঢাকাকে সাপোর্ট করলে লাইক দিন, খুলনার জন্য করুন কমেন্ট।’ তারপর ওই পোস্টে ঢাকা আর খুলনার ফ্যানরা ঝাঁপিয়ে পড়বে। নির্দিষ্ট সময় শেষে পোস্টে লাইক বেশি হলে ঢাকা জিতবে আর কমেন্ট বেশি হলে জিতে যাবে খুলনা। এ ছাড়া ম্যান অব দ্য ম্যাচ বা সিরিজ নির্বাচনের জন্য খেলোয়াড়দের সেলফির লাইক-কমেন্ট, লাভ রিঅ্যাক্ট গণনা করা হবে।
পরাজিত দলের প্রতিক্রিয়া
খেলায় যে দল হেরে যাবে, তারা অতি অবশ্যই ম্যাচের ফলাফল প্রত্যাখ্যান করবে। ঘোষণা করবে, পুরো খেলাতেই সূক্ষ্ম কারচুপি হয়েছে। ফলাফল বাতিল করার দাবিতে তারা মাঠের মধ্যেই শুরু করে দিতে পারে হরতাল-অবরোধ বা বিক্ষোভ মিছিল। পোড়ানো যেতে পারে জয়ী দলের অধিনায়কের কুশপুত্তলিকা। সবশেষে একই খেলা ‘পুনরায় আয়োজন করা হোক’ দাবিতে ঘোষণা করতে পারে ঈদের পরপর কঠোর আন্দোলনের।