মুক্তিযোদ্ধা পরিবারের মিলনমেলায় মেজর রফিক
দেশি-বিদেশি অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায়
মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, ‘দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশকে শুধু পেছনের দিকেই নিয়ে যেতে চায়। ধ্বংস করতে চায় মুক্তিযুদ্ধের চেতনা। মৌলবাদ ও প্রতিক্রিয়াশীলতাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় আজও তারা তৎপর। জীবন দিয়ে হলেও লাখো শহীদের বাংলাদেশকে রক্ষা করতে হবে।’ ২২ এপ্রিল মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন বৃহত্তর চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধা পরিবার মিলনমেলা ও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। উদ্বোধনের পর শোভাযাত্রা বের করা হয়। ন্যাপ নেতা আবদুল মোমেন ভূঁইয়ার সভাপতিত্বে উৎসবের প্রথম অধিবেশনে স্মৃতিচারণা অনুষ্ঠানে শোকপ্রস্তাব পাঠ করেন আবদুল হাকিম। বক্তব্য দেন শামসুজ্জামান হীরা, মোহাম্মদ আবদুল্লাহ, এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যক্ষ শেখর দস্তিদার, আবতাব উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আনোয়ারুল কবির চৌধুরী।অনুষ্ঠান প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে আলোচনা করেন সাংসদ মোশাররফ হোসেন, পঙ্কজ ভট্টাচার্য, শহীদুল্লাহ চৌধুরী, মো. শাহ আলম, বখতেয়ার নূর সিদ্দিকী, আলী আহমেদ প্রমুখ। পরে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়। গান করেন উদীচীর শিল্পীরা। বিজ্ঞপ্তি।