দেশি সাজে বাজিমাত
দাওয়াত মানেই জবরজং গয়না আর ভারী কাজ করা শাড়ি। এ ধারণাটি যে মানতেই হবে, তা নয়। তাঁত, সুতি কিংবা অ্যান্ডির শাড়িতেও আধুনিক লুক তৈরি করা যায়। শাড়ির রং এবং নকশা হতে পারে গাঢ় কিংবা হালকা। চমক সৃষ্টি করবে কড়ি, পুঁতির গয়না। বন্ধুর বাড়ির দাওয়াত থেকে বিয়ে বাড়ির চৌকাঠ, আপনার সাজই হবে নজরকাড়া। প্রতিদিন দাওয়াত, বোঝো ঠেলা! মানুষগুলোও কাছের। মুখের ওপর বারণ করার উপায় নেই। শীতকাল, বিয়ের মৌসুম তো এটাই। কিন্তু সারা দিন অফিস করে ভারী জমকালো শাড়ি পরতেও মন চায় না। দেশি শাড়িগুলো এ ক্ষেত্রে সাহায্য করবে যদি সাজ ও গয়নার পেছনে কিছুটা সময় খরচ করতে পারেন। অ্যান্ডি সিল্কের তৈরি শাড়িগুলোর কথাই ধরুন না। হালকা, পরতে আরাম, কিন্তু সৌন্দর্যে ঠিকই কয়েক ধাপ এগিয়ে। যেকোনো বয়সে ও যেকোনো দাওয়াতেই মানিয়ে যাবে চোখ বন্ধ করে।বাজার ঘুরেঅ্যান্ডি শাড়ির একটি বড় সুবিধা হলো, এর নকশায় একঘেয়েমি ভাবটা আসে না। একে বিভিন্ন প্যাটার্নে ও নকশার ছাঁচে ফেলা যায়। অ্যান্ডি কাপড়ের সঙ্গে অন্যান্য কাপড় মিলিয়ে ভিন্ন একটি লুক আনার চেষ্টা করা হচ্ছে। দোয়েল সিল্কের ব্যবস্থাপনা পরিচালক জি এম আলমগীর জানান, অ্যান্ডি শাড়ি তৈরি হয় বাতিল করা সুতা দিয়ে। মেশিনে সিল্ক শাড়ি বানানোর সময় একেকটি শাড়ি থেকে ১০ গ্রাম ওজনের সুতা বাতিল হয়ে যেতে পারে। প্রতিদিন এগুলো থেকে অপেক্ষাকৃত ভালো সুতা বাছাই করা হয়। পরবর্তী সময়ে এগুলো থেকেই অ্যান্ডি শাড়ি তৈরি করা হয়।অ্যান্ডি শাড়ির বৈচিত্র্য দেখলে মুগ্ধ হতে হয়। বলাকা সিল্ক, ধুপিয়ান, হাফ সিল্ক, মসলিন, সুতির সঙ্গে অ্যান্ডি কাপড়ের মিশ্রণ ঘটিয়ে শাড়িগুলোকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। কখনো পুরো শাড়িতে অ্যান্ডির ছোঁয়া থাকছে। আঁচলের আনাচকানাচে মসলিন, সিল্ক বা অন্য কোনো কাপড়ের উঁকিঝুঁকি দেখা যায়। ‘অ্যান্ডি শাড়িতে যেকোনো ধরনের নকশা ফুটিয়ে তোলা যায়। হ্যান্ড পেইন্টের কাজ হলে চারুকলার ছাত্রদের দিয়ে করিয়ে নিই। কাটওয়ার্ক, হাতের কাজ, টাইডাই, মোম দিয়ে হ্যান্ড পেইন্টের বিভিন্ন কাজ করাচ্ছি’ জানান জি এম আলমগীর।দেশীয় সাজে পাশ্চাত্য ঢংএথনিক লুক। অ্যান্ডি শাড়ি দেখলে প্রথমে এই সাজের কথা মনে পড়ে। তবে এ ধরনের শাড়ির সঙ্গে আধুনিক ও ভিনটেজ সাজ বেশ মানাবে। বিয়েবাড়িতে সবার থেকে আলাদা করে রাখবে আপনাকে। রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল বলেন, ‘হালকা ও টান টান—দুভাবেই চুল বাঁধলে মানাবে। পুরোনো দিনের মতো খোঁপা বাঁধলে ভালো লাগবে। চুলে মুজ বা জেল লাগিয়ে একটু এলোমেলো করেও রাখা যায়। কাজল খুব গাঢ় করে না দিয়ে হালকা ব্লেন্ড করলে চেহারায় এথনিক লুক আসবে। তবে এ ধরনের শাড়ির সঙ্গে বড় মালা পরতে হবে। না-হলে সাজ অপূর্ণ থেকে যাবে। এখন চোখে সোনালি, সাদা, শাইনি আইশ্যাডো ব্যবহার করা হচ্ছে। ঠোঁটের জন্য কমলা, পিচ পিংক, গাঢ় ওয়াইন, বেগুনি রং বেছে নিন। শুধু একটি আইশ্যাডো ব্যবহার না করে দু-তিনটি রং ব্লেন্ড করে নিন।যাত্রার ডিজাইনার দলের পক্ষ থেকে উর্মিলা শুক্লা জানান, দাওয়াতে অ্যান্ডি সিল্কের শাড়িই দেখতে ভালো লাগবে। অ্যান্ডির লুকটাই যেহেতু জমকালো, সুতি ও অ্যান্ডির মিশ্রণে তৈরি শাড়িগুলোও খারাপ লাগবে না। বিয়েবাড়িতে তো রুপা, তামা, সোনার গয়না হরহামেশা গলায় শোভা পায়। একটু পরিবর্তন আনা যাক না। পুঁতি, কড়ি, কাঠ দিয়ে তৈরি গয়না পরি। হ্যাঁ, এমনভাবে পরতে হবে, যেন তা হয়ে ওঠে জমকালো। পোশাকের সঙ্গে মিলিয়ে কিংবা বিপরীত রঙের খেলা তৈরি করে ফেলতে পারেন।ছাঁটে-কাটে ব্লাউজখুব চকচকে কাজের ব্লাউজ মানাবে না অ্যান্ডি শাড়ির সঙ্গে। একটু ম্যাট ভাব থাকলে শাড়ির সঙ্গে সহজে মানিয়ে যাবে। বেনারসি কাপড়ের তৈরি ব্লাউজ দিয়েও পরে দেখতে পারেন। শীত যেহেতু কমেই এসেছে, হাতকাটা ব্লাউজ, ঘটিহাতা পরা যেতে পারে। আর ঠান্ডা লাগলে অ্যান্ডির তৈরি চাদর জড়িয়ে নিলেই তো চিন্তা শেষ।