দেশী দশে মনকাড়া দেশি পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধুকে ঈদ উপহার দেওয়ার জন্য পাঞ্জাবি কিনতে এসেছি। রুচিসম্মত দেশীয় পোশাক কিনতে চাইলে দেশী দশের বিকল্প নেই। একসঙ্গে অনেক বুটিক হাউস থাকায় কোথাও না কোথাও পছন্দসই পোশাক পেয়ে যাবই।’ এটিএন বাংলার স্টাইল আইকন-২০০৮ প্রতিযোগিতার বেস্ট ইন্টেলিজেন্ট তারকা তানিয়া রউফ গত মঙ্গলবার দেশী দশে পোশাক কিনতে এসে জানালেন পছন্দের কথা। আফমি প্লাজায় তরুণ-তরুণীদের মূল আকর্ষণই হলো পঞ্চম তলায় দেশী দশ। ঈদ উপলক্ষে রকমারি দেশীয় সব পণ্যের পসরা সাজিয়েছে এসব বুটিক। দেশালের আকর্ষণ হলো খাদি, তাঁত ও সুতি কাপড় এবং পেপার থিম নিয়ে তৈরি পোশাক। এসব পোশাকের দামও রয়েছে ক্রেতার নাগালের মধ্যে। শাড়ি ৫০০ থেকে এক হাজার ৮০০, সালোয়ার-কামিজ ৮০০ থেকে দুই হাজার ১০০, ফতুয়া ৩০০ থেকে ৬০০, পাঞ্জাবি ৪০০ থেকে ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া রয়েছে বাচ্চাদের আকর্ষণীয় পোশাক ও ফ্যাশন জুয়েলারির গয়না। সিল্ক, অ্যান্ডি ও মসলিনের তৈরি হাল ফ্যাশনের শাড়ি, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবির সঙ্গে ঈদে নাগরদোলার নতুন সংযোজন হলো কাপ্তান। গোল্ড প্লেটেডের গয়না, বাহারি গিফট আইটেম এবং শিশুদের খেলনাও রয়েছে। সাদা-কালো বুটিক তাদের নিজস্ব থিম নিয়ে তৈরি পোশাকের পাশাপাশি ব্যাগ, গয়না, বই, রবীন্দ্রনাথ ও নজরুলের গান, কবিতা, কথালিপি ছাপা মগ নিয়ে পসরা সাজিয়েছে। প্রবর্তনা বুটিক তৈরি পোশাকের পাশাপাশি তাঁত ও খাদির থানকাপড়ও রেখেছে। বিবিয়ানা, অঞ্জনস, কে ক্র্যাফট এবং রঙও সেজেছে স্বকীয় থিম ও নকশায় তৈরি অভিনব সব পোশাকের সম্ভারে। গৃহসজ্জার সামগ্রীও রয়েছে দেশী দশের এ বুটিকগুলোতে। এত বিপণিকেন্দ্র থাকতে আফমি প্লাজায় এলেন কেন—এমন প্রশ্নের জবাবে রেলওয়ে কলোনির সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার ভাগ্নের জন্য ফতুয়া কিনতে এসেছি। আর পোশাক কেনার ক্ষেত্রে আমি দেশী দশের দারুণ ভক্ত।’আফমি প্লাজার নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত ছেয়ে রয়েছে আধুনিক, রুচিশীল আর ব্র্যান্ডের পোশাক, জুতা, গয়না, প্রসাধনী ও গৃহসজ্জার সামগ্রীতে। বিপণিকেন্দ্রে ঢুকতেই নজর কাড়ে লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি—নানা রঙে রাঙানো কৃত্রিম ফুল। ঈদে নিজের সাজসজ্জার সঙ্গে ঘর সাজাতে গৃহিণীরা ভিড় জমাচ্ছেন নিচতলার এই ফুলের দোকানে। এ ছাড়া রয়েছে মেয়েদের জন্য প্রাইড, ছেলেদের পোশাকের ব্র্যান্ডের শোরুম ক্যাটস আই, শৈল্পিক, জেন্টেলম্যান ও বাঙালিবাবু। ঝলমলে ও পাশ্চাত্য ডিজাইনের পোশাক এবং পণ্য কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে ওফেলিয়া, গিফট গ্রেস, সালসাবিল, প্লাস পয়েন্ট, মায়ের পোশাক, লিবারস, লিবারস টু, আপনসহ বিভিন্ন শো-রুম। ওফেলিয়ায় রয়েছে ক্যাজুয়াল ও পার্টি ব্যাগ এক হাজার থেকে ছয় হাজার, জুতা সর্বনিম্ন ৬০০ থেকে তিন হাজার, গোল্ড প্লেটেডের কানের এবং গলার সেট এক হাজার ৫০০ থেকে সাত হাজার এবং পাথরের অলংকারের দাম পড়বে এক হাজার থেকে তিন হাজার টাকা। চতুর্থ তলায় রয়েছে বাটা, অ্যাপেক্স, টাটা, জে মার্ট, রোলাক্স প্লাজাসহ বিভিন্ন ব্র্যান্ডের জুতার শোরুম।এ ছাড়া ক্রেতা আকর্ষণে রয়েছে লটারি। সর্বনিম্ন ২০০ টাকার পণ্য কিনলেই কুপন পাওয়া যাবে। ঈদের কেনাকাটার জন্য প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত দুইটা পর্যন্ত বিপণিকেন্দ্র খোলা থাকবে।