দেশী দশের ঈদ পোশাক

‘দেশের পণ্য সবার জন্য’—এই স্লোগানকে সামনে রেখে ঈদের পোশাক নিয়ে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে দেশী দশ আয়োজন করেছে মাসব্যাপী ঈদ ফ্যাশন প্রদর্শনী ২০১৬। দেশীয় সুতি কাপড়ে ক্রেতাদের আরামকে প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে প্রদর্শনী। ৫ জুন প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে দেশী দশ চত্বরে আয়োজন করা হয় ফ্যাশন শো। অনুষ্ঠানে সাদাকালোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক বলেন, দেশী দশের সব উদ্যোক্তা তাদের ঈদ প্রস্তুতি নিয়ে এই আয়োজনে উপস্থিত হয়েছে। এবারের ঈদের আয়োজনে কাপড়ে আন্তর্জাতিক ফ্যাশন ও ধারার ছোঁয়া রাখা হয়েছে। ফ্যাশন শোতেও বিষয়টি তুলে ধরা হয়। কামিজের কাটে দেখা গেল বিশ্বায়নের ছোঁয়া। সাদাকালোর পোশাকে দেখা গেল প্রিন্টের প্রাধান্য। রঙ বাংলাদেশের সংগ্রহে দেখা গেল হালকা রং। থিম অনুসারে ফ্যাশন শোতে অংশ নেয় দেশী দশের দোকান নিপুণ, সৃষ্টি, দেশাল, কে ক্র্যাফট, নাগরদোলা, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা ও অঞ্জন’স।