দেশী দশের রমরমা আয়োজন
‘আমার তো খুব ভালো লাগছে। মনে হচ্ছে স্বপ্ন এখন হাতের নাগালে এসে গেছে। আর ঢাকায় ছুটতে হবে না। সবই পাচ্ছি একজায়গায়।’ বলছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা চৌধুরী। তাঁর চোখেমুখে অন্য রকম ভালো লাগার অনুভূতি। একা নন, সঙ্গে ছিলেন আরও জনাচারেক বন্ধু। উপলক্ষ ঈদের কেনাকাটা। এবার তাঁরা এসেছেন নতুন বিপণিকেন্দ্রে ভিন্নধারার পোশাকের খোঁজে। নগরের মিমি সুপার মার্কেটের পাশে আফমি প্লাজার পঞ্চমতলায় দেশী দশের প্রদর্শন ও বিক্রয়কেন্দ্রে। রাজধানীর সীমানা ছাড়িয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো দেশী দশের স্থায়ী বসতি গড়ে উঠেছে এখানে। উদ্বোধন হয়েছে এ মাসের শুরুর দিকে। ইতিমধ্যেই ক্রেতাদের সাড়া পড়েছে বেশ ভালো রকম। এ কথা স্বীকার করেছেন দোকানিরা। সোমবার সকালে দেশী দশের বিক্রয়কেন্দ্র ঘুরেও তার প্রমাণ পাওয়া যায়। লিফট ভর্তি মানুষ উঠছেন। আবার কেনাকাটা সেরে নামছেন দলবেঁধে। সে দলে তরুণের পাশাপাশি শিশু-কিশোর, গৃহিণীদের প্রায় সমান চলাচল দেখা গেছে। এঁদের একজন সজীব মাহমুদ বললেন, ‘একটা পাঞ্জাবি আর টি-শার্ট কিনেছি। আবার আসব। এখনো কিছু কেনাকাটা বাকি আছে।’ আরও জানালেন, ‘দাম আমার কাছে রিজনঅ্যাবলই মনে হয়েছে। ডিজাইন তো ভালো লেগেছেই।’ শারমিন মাহমুদ ছোট দুই সন্তান নিয়ে এসেছেন। বললেন, ‘আমি একসঙ্গে অনেক কেনাকাটা সারতে এসেছি। বাচ্চাদের, আমার, পরিবারের টুকিটাকি কিছু কিনব।’ এখানে সবই নির্ধারিত দামে বিক্রি হয়। বিবিআনা, কে ক্র্যাফট, বাংলার মেলা, রঙ, সাদাকালো, নগরদোলা, নিপুণ, দেশাল, অঞ্জনস ও প্রবর্তনা। একই ছাদের তলায় ১০টি বুটিক হাউস। দেশি কাপড়ে তৈরি জামাকাপড়, শাড়ি, গামছা, লুঙ্গি, স্যান্ডেল, গৃহসজ্জাসামগ্রী, মাটি, অক্সিডাইজের গহনা, ছোটদের খেলনা, পোশাক—সবই আছে এখানে। বেশ খোলামেলা পরিবেশ। দোকানের বাইরে আসন পাতা আছে বসার জন্য। খাবার দোকানও রয়েছে। ‘এখানকার সব দোকান একই সময়ে খোলে। বন্ধও হয় একই সময়ে।’ কথা প্রসঙ্গে বলেন বিবিআনা বুটিক হাউসের ব্যবস্থাপক শাহনাজ পারভীন। বেচাকেনা ভালোই হচ্ছে বলে জানালেন তিনি। সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, শিশুদের পোশাক, ব্যাগ, বিছানার চাদর, বালিশ কভার রয়েছে তাঁদের প্রতিষ্ঠানে। কে ক্র্যাফটে ৬৫০ থেকে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি, ৪৫০ থেকে এক হাজার ২৫০ টাকার ফতুয়া, এক হাজার ২৫০ থেকে ছয় হাজার টাকার থ্রিপিস, ৬৫০ থেকে সাড়ে সাত হাজার টাকার শাড়ি পাওয়া যাচ্ছে। এ ছাড়াও রয়েছে শার্ট, বিছানার চাদর প্রভৃতি। বাংলার মেলায় পাওয়া যাচ্ছে ৩০০ থেকে দুহাজার ৪৫০ টাকা দামের থ্রিপিস, ৫০০ থেকে সাড়ে তিন হাজার টাকার পাঞ্জাবি, ৪০০ থেকে সাড়ে ছয় হাজার টাকার শাড়ি ও ৩০০-৭০০ টাকায় ফতুয়া। এ ছাড়াও রয়েছে শার্ট, শিশুর পোশাক, গহনা, বিছানার চাদর, লুঙ্গি, গামছা প্রভৃতি। রঙে ৩৮০ থেকে এক হাজার ৫০০ টাকার ফতুয়া, ৫০০ থেকে চার হাজার ২০০ টাকার পাঞ্জাবি, ৪২০-৭৫০ টাকার শার্ট, ৩৮০ থেকে ১২ হাজার টাকার শাড়ি, এক হাজার ২০০ থেকে ছয় হাজার টাকার থ্রিপিস, এক হাজার ৫০ থেকে দুহাজার ৬০০ টাকার সেলাইবিহীন থ্রিপিস পাওয়া যাচ্ছে। সাদাকালোতে রয়েছে ৪০০ থেকে পাঁচ হাজার টাকা দামের কামিজ, ৫০০ থেকে ১৮ হাজার টাকা দামের শাড়ি, ৫০০ থেকে তিন হাজার টাকার পাঞ্জাবি, ৫০০ থেকে দুহাজার টাকা দামে ছেলে ও মেয়েদের ফতুয়া ও ৪০ থেকে ৬০০ টাকা দামের গহনা। এ ছাড়া রয়েছে ‘সাদাকালো ৭১’ শিরোনামে দেশের খ্যাতিমান শিল্পীদের আঁকা মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম। দাম রাখা হয়েছে এক হাজার ৫০০ টাকা। নগরদোলায় ৭০০ থেকে তিন হাজার ৪০০ টাকার থ্রিপিস, ৫৫০ থেকে এক হাজার ৫০০ টাকার ফতুয়া, দুহাজার ৯০০ থেকে তিন হাজার ৯০০ টাকার মসলিন থ্রিপিস, ৭০০ থেকে দুহাজার টাকায় পাঞ্জাবি, ৯৯০ থেকে নয় হাজার ৯০ টাকার সুতির শাড়ি, ২৯০ থেকে এক হাজার ৫০০ টাকা দামে শিশুর পোশাক, ৭৫ থেকে ৫৯০ টাকার উপহারসামগ্রী পাওয়া যাচ্ছে। নিপুণে ৭০০ থেকে তিন হাজার ৩০০ টাকায় পাঞ্জাবি, ৪০০ থেকে ৬৫০ টাকায় ছেলেদের ফতুয়া, ৩৫০ থেকে ৫৫০ টাকা দামের শার্ট, এক হাজার ১৫০ থেকে তিন হাজার ৬০০ টাকার সালোয়ার, ৭০০ থেকে সাড়ে আট হাজার টাকা দামের শাড়ি রয়েছে। রয়েছে গৃহসজ্জাসামগ্রী এবং শো-পিসও। দেশালে ৪৯০ থেকে এক হাজার ৬০০ টাকা দামে শাড়ি, ৮৯৬ থেকে এক হাজার ৪২৮ টাকার থ্রিপিস, ৩০০-৩৬৫ টাকার ফতুয়া, ৪৯০-৫৬০ টাকার টপস, ৫২৫-৫৬০ টাকা দামে ছেলে ও মেয়েদের পাঞ্জাবি, ৩৩৩ থেকে এক হাজার ৪৫০ টাকা দামের স্যান্ডেল রয়েছে। অঞ্জনসে এক হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকা দামের সালোয়ার-কামিজ, ৪৫০ থেকে ৩০ হাজার টাকা দামের শাড়ি, ৪৫০ থেকে এক হাজার ৮৫০ টাকা দামে মেয়েদের ফতুয়া, ৮৫০ থেকে তিন হাজার টাকা দামের পাঞ্জাবি, ৩৯০ থেকে এক হাজার ২৫০ টাকা দামে ছেলেদের ফতুয়া পাওয়া যাচ্ছে। এ ছাড়াও রয়েছ বিভিন্ন ধরনের গহনা। প্রবর্তনায় রয়েছে হাতেবোনা (হ্যান্ডলুম) কাপড়ের তৈরি থানকাপড়, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও বাচ্চাদের পোশাক। ঈদ উপলক্ষে দেশী দশ খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। ১০ রমজানের পর থেকে সময় আরও বাড়ানো হবে।