দেশীদশে পোশাক প্রদর্শনী
অজপাড়াগাঁয়ে বটতলার নিচে বসা মেলার মতোই কোথাও বাজছে ঢোল, কোথাও ঝালমুড়িওয়ালার হাঁকডাক ও হাতপাখার পসরা, হাওয়াই মিঠাইয়ের দোকানে ভিড়, রেশমি চুড়ির দোকানে তরুণীদের আনাগোনা আর একতারা-দোতারার টুংটাং আওয়াজ। গ্রামীণমেলার এ রকম পরিবেশ দেখা গেল ঢাকার বসুন্ধরা সিটিতে দেশীদশ চত্বরে। বাংলা নতুন বছর সামনে রেখে ২ এপ্রিল থেকে দেশীদশে ‘বৈশাখী আয়োজনে দেশীদশ’ শীর্ষক পোশাকের প্রদর্শনী শুরু হয়েছে। চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী তুলির আঁচড়ের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি একজন নারীর চিত্র অঙ্কন করেন ও পুরো প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশীদশের বিভিন্ন পোশাকের পাশাপাশি স্থান পেয়েছে বাঁশ, বেত ও কাঠের লোকজপণ্য, মাটির তৈজসপত্র, হাতপাখা, রেশমি চুড়ি। প্রতিটি দোকানেই প্রাধান্য পেয়েছে বিভিন্ন বয়সীর বৈশাখী পোশাক। প্রদর্শনীতে একসময় বেজে ওঠে এ দেশের চির ঐতিহ্যবাহী বাউলগান। কুষ্টিয়া থেকে তাঁরা এসেছেন দেশীদশের প্রদর্শনীতে। এভাবে প্রতিদিনই নানা আয়োজন থাকবে দেশীদশের প্রদর্শনীতে। প্রদর্শনীটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।