একজন ডিজাইনারের সবচেয়েবড় গুণ হচ্ছে মৌলিকত্ব বা স্বকীয়তা। কোনো পোশাক ডিজাইনের সময় প্রথমেই দেখতে হবে সেটি পরিধানযোগ্য কি না। তা ছাড়া দেশীয় কাপড় ও উপাদান ব্যবহার করে যাঁরা পোশাক তৈরি করবেন, তাঁদের ডিজাইনই প্রথম আলো-নূরজাহান আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় অগ্রাধিকার পাবে। গত শনিবার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খ্যাতিমান প্রবীণ ডিজাইনাররা নবীনদের উদ্দেশে এ কথা বলেন। আসন্ন ফ্যাশন প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এই সভার শুরুতেই প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে এবারের ট্রেন্ড কী, কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হবে এবং কী কী বিষয়ে বিচারকেরা নজর দেন, নতুন ডিজাইনারদের জন্য এসব বিষয় জানা প্রয়োজন। আর এ জন্যই আজকের এই মতবিনিময়।
দুপুরের পর থেকেই আসতে থাকেন উৎসুক নবীন ডিজাইনাররা। বিকেল চারটা থেকে শুরু হয় আলোচনা।
প্রবীণ ডিজাইনাররা বলেন, ‘আলোকিত ঈদ ফ্যাশনের জন্য পোশাক তৈরির সময় উৎসবটা মাথায় রাখতে হবে। তারপর পোশাকের সঙ্গে আনুষঙ্গিক সবকিছু ঠিকঠাকমতো আছে কি না লক্ষ রাখতে হবে। আর যেহেতু প্রতিযোগিতা, তাই সেলাই, কাটিং পরিচ্ছন্নতা এগুলো তো লাগবেই। আর অবশ্যই দেশীয় কাপড় প্রাধান্য পাবে। আমাদের মেধা ও দেশীয় উপকরণ কাজে লাগিয়েই অনেক কাজ করার সুযোগ আছে।’ এ ছাড়া নকশা, কালার কম্বিনেশন, ফেব্রিক্স ও বিপণন নিয়েও তাঁরা আলোচনা করেন।
প্রবীণ ডিজাইনারদের মধ্যে উপস্থিত ছিলেন রওশন আরা চৌধুরী, শিমুল খালেদ, সুব্রত বড়ুয়া, এস এম ইলিয়াস, লুৎফা সানজিদা, মোহছেনা কোরাইশী, সুলতানা নুরজাহান, আমিনা রহমান, জোবাইদা আশরাফ, শাহাতাজ পারভীন, মণিদীপা দাশ প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, হেড অব বিজনেস মোহাম্মদ আবু ইউসুফ, সহকারী ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ প্রমুখ।