দেশীয় খেলায় জমজমাট চুয়েট ক্যাম্পাস
পয়লা বৈশাখ সকালবেলা। বেশির ভাগ ছেলের পরনে পাঞ্জাবি, ফতুয়া। আর মেয়েদের পরনে শাড়ি। যেদিকে চোখ যায় সবখানে উৎসবের আমেজ। সবকিছুতেই যেন নতুনের ছোঁয়া। নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান। আর এই নতুনের আবাহনের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদ্যাপিত হলো নববর্ষের প্রথম দিনটি। শিক্ষার্থীদের আয়োজনপরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের পক্ষ থেকে কাপড় বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এর পরই ছিল চুয়েট ডিবেটিং সোসাইটি (চুয়েটডিএস) ও স্থাপত্য বিভাগ সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি, গ্রিন ফর পিস, চুয়েট সাংবাদিক সমিতির অংশগ্রহণে রংবেরঙের পোস্টার, ফেস্টুনসহ মঙ্গল শোভাযাত্রা। তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত ডাঙ্গুলি, হা-ডু-ডু, কাবাডি, বউচিসহ নানা ধরনের দেশীয় খেলার আয়োজন। এ প্রসঙ্গে চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুর রহমান বলেন, ‘এসব খেলা ক্রমশ আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। তাই নববর্ষের এই দিনে আমরা এসব খেলার আয়োজন করেছি।’ কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনচুয়েটের স্টাফ ওয়েলফেয়ার কমিটির আয়োজনটির শিরোনাম ছিল ‘প্রাণের বন্ধনে বৈশাখ’। দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্ব সম্পন্ন হয় উত্তর গোলচত্বরে দ্বিতীয় পর্ব চুয়েটের আবাসিক মাঠ প্রাঙ্গণে।সকাল আটটায় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের প্রাক্তন উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। এরপর শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি উত্তর গোলচত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে আবার উত্তর গোলচত্বরে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে শুরু হয় পান্তা উৎসব। বাঙালির ঐতিহ্যের ধারাবাহিকতায় পান্তা-ইলিশের স্বাদে মেতে ওঠেন সবাই। এরপর নতুন বছরকে বরণের আনন্দে নৃত্য এবং গান পরিবেশন করে মাতিয়ে তোলে শিশু-কিশোরেরা। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বাউলসংগীত।দ্বিতীয় পর্বের অনুষ্ঠানসূচিতে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং সবশেষে ব্যান্ড শো। চুয়েটের কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী এ আয়োজন সম্পর্কে অনুষ্ঠানের আহ্বায়ক ও যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক মো. সানাউল রাব্বী বলেন, ‘প্রতিবছর ছোট পরিসরে হলেও এবারই সর্বপ্রথম মুক্তমঞ্চে বৃহৎভাবে নববর্ষ উদ্যাপন করা হচ্ছে। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস।’এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি মো. আবদুল ওয়াজেদ, গণিত বিভাগের প্রধান আশুতোষ সাহা, ড. কাজী দেলোয়ার হোসেন, ড. আমিরুল ইসলাম, ড. ফারুকুজ্জামানসহ চুয়েটের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী।