দেশীয় সংস্কৃতির টানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে বর্ণাঢ্য সাজ। চারদিকে সহস্র প্রাণের মেলা। তিন দিনের সাংস্কৃতিক উত্সব যেন হয়ে ওঠে তরুণ প্রজন্মের সংস্কৃতিমনাদের মিলনমেলায়। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছিলেন দেশীয় সংস্কৃতির টানে। তাঁরা আকাশ সংস্কৃতির জোয়ারে গা না ভাসিয়ে তুলে ধরেছেন দেশীয় সংস্কৃতির ঝান্ডা। ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উত্সবে অংশ নেয় ২২টি বিশ্ববিদ্যালয়। উত্সবটির আয়োজন করেছে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উত্সব। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গোলচত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিকেলে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উত্সব উদ্বোধন করেন উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। তিনি বলেন, জয় এমনিতেই আসে না, ছিনিয়ে আনতে হয়। মানুষ যত শক্ত হবে, বাঁধন ততই শিথিল হবে। এ ছাড়া প্রথম দিনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বিকেলে জয়ধ্বনির সদস্যদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। দ্বিতীয় দিন বিকেলে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে তানীম নূর পরিচালিত জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ফিরে এসো বেহুলা এর প্রিমিয়ার শো এবং পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্সবের সমাপনী দিনে ছিল আলোকচিত্র ও আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সায়তুহা বিনতে আলী, দ্বিতীয় তাহমিনা ফেরদৌস এবং তৃতীয় হয়েছেন রিনকি শর্মা। তিনজনই ইউএসটিসির শিক্ষার্থী। এ ছাড়া আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল সমাপনী দিনে প্রকাশ করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ রায়হানুল ইসলাম, দ্বিতীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেবাশীষ দাস এবং তৃতীয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজী তাজমুল ইসলাম। আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা তিন আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. কামরুল হাসান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মায়শা ইসলাম ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শান্তনু বিশ্বাস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।