দেশে এখনো ৬৫ শতাংশ মেয়ের বাল্যবিবাহ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি, ৬৫ শতাংশ। এরপরের অবস্থান ভারতের, ৩১ শতাংশ। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এই হার যথাক্রমে ২৪ ও ২ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায় ১৫ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হওয়ার হারও বাংলাদেশে বেশি (২৯ শতাংশ)। ভারতে এই হার কাছাকাছি হলেও পাকিস্তান ও শ্রীলঙ্কায় এটা অনেক কম।

প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, বাল্যবিবাহের মধ্য দিয়ে শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। বাল্যবিবাহ হলে মেয়েরা কম বয়সে সন্তান গ্রহণ করে, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় ও স্কুল থেকে ঝরে পড়ে। ফলে মেয়েদের ভবিষ্যৎ সম্ভাবনা সংকুচিত হয়ে যায়।

রাজধানীর রাইমা আক্তারের (১৫) বিয়ে হয় নবম শ্রেণিতে পড়ার সময়। এর কয়েক মাস পরই অন্তঃসত্ত্বা হয় মেয়েটি। ফলে পড়াশোনা বন্ধ করতে হয়েছে রাইমাকে। বাচ্চার ঠিকমতো যত্ন নিতে না পারায় বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকে মেয়েটি। এতে অখুশি শ্বশুর-শাশুড়ি। রাইমা বলে, অল্প বয়সে বিয়ে হলে নিজের জন্যও কিছু করা যায় না, ঠিকমতো সংসারও করা যায় না।

এই প্রতিবেদন তৈরিতে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের সহযোগী অধ্যাপক আয়শা বানু। তিনি বলেন, আশির দশকে যৌতুক নিরোধ আইনে বিয়েতে ‘উপহার’ দেওয়ার ফাঁক রাখায় যৌতুকের সংস্কৃতি এখনো চলছে। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এ বছর পাস হওয়া বাল্যবিবাহ নিরোধ আইনে। বিশেষ বিধান রাখায় আইনের মধ্যেই রয়ে গেছে স্ববিরোধিতা। এটি নারীর উন্নয়ন এবং একই সঙ্গে নাগরিক অধিকারেরও অন্তরায়। নারীর অবস্থান ও ক্ষমতায়নের পথে বিরাট হুমকি এই বিশেষ বিধান।

১১ মার্চ বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ পাস হয়। এতে বিশেষ বিধানের ১৯ ধারায় বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশে এবং অভিভাবকের সম্মতিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ রয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, বিশেষ বিধানের কারণে বাল্যবিবাহের ঘটনা আরও বাড়বে। পাশাপাশি, এটা দেশের অন্যান্য আইনের সঙ্গেও সাংঘর্ষিক। এমনকি এটা শিশু অধিকারেরও চরম লঙ্ঘন।

৪ এপ্রিল বিশেষ বিধানের (ধারা ১৯) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও নারীপক্ষ। এ বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাল্যবিবাহের কারণে মেয়েদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঝুঁকিও বেড়ে যায়। পাশাপাশি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মেয়েটিকে আরও বেশি নিয়ন্ত্রণের সুযোগ পায়। মেয়েটিও বেড়ে ওঠার সুযোগ হারায়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে বাল্যবিবাহের ভয়াবহ কুফল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, দেশে জরায়ুমুখের ক্যানসারের প্রধান কারণ বাল্যবিবাহ। পাশাপাশি, এর ফলে গর্ভকালীন জটিলতা, বাধাগ্রস্ত প্রসব, ফিস্টুলা, মা ও শিশুর মৃত্যু-ঝুঁকিসহ যৌনরোগের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।

‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অ্যান্ড রিলেটেড ডিজিজ রিপোর্ট-২০১৬’ অনুসারে দেশে প্রতিবছর সাড়ে ছয় হাজারের বেশি নারী জরায়ুমুখের ক্যানসারে মারা যান এবং প্রায় ১২ হাজার নারী আক্রান্ত হন। আর ১৫ বছরের বেশি ৫ কোটি ৭০ লাখ নারী জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকিতে আছেন।

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধযোগ্য উল্লেখ করে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, বাল্যবিবাহের কারণে সন্তান ধারণের জন্য প্রস্তুত হওয়ার আগেই জরায়ুর ব্যবহার শুরু হয়। অপরিপক্ব জরায়ুতে গর্ভধারণ, দীর্ঘ বিবাহিত জীবন, ঘন ঘন সন্তান প্রসব জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। বাল্যবিবাহ বন্ধ করলে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যাবে।