দেশে তথ্যপ্রযুক্তি বিপণনের সুযোগ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে বর্তমানে তথ্যপ্রযুক্তির পণ্য বিপণনের সুযোগ বাড়ছে। ভবিষ্যতে তথ্যপ্রযুক্তির বাজার আরও সম্প্রসারিত হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সুযোগ কাজে লাগাতে হবে।’বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার গত রোববার নগরের একটি রেস্তোরাঁয় বিসিএস চট্টগ্রাম শাখা গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকার ২০১২ সালে ষষ্ঠ শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছেন। এ কারণে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিবিষয়ক আগ্রহ বাড়বে। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব কম্পিউটার সমিতিকে নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী আশরাফুল আলম, মহাসচিব মজিবুর রহমান, যুগ্ম মহাসচিব নাজমুল আলম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. আখতারুজ্জামান, পরিচালক ইউসুফ আলী ও মো. শহীদ-উল-মুনির। পরে মোস্তাফা জব্বার নবগঠিত বিসিএস চট্টগ্রাম শাখা কমিটির নাম ঘোষণা করেন। সাত সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা হলেন: সভাপতি মো. শাখাওয়াত হোসেন, সহসভাপতি মঞ্জুর হোসেন, মহাসচিব মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, অর্থসচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান, সদস্য মোহাম্মদ আমানত উল্লাহ ও রাখাল চন্দ্র নাথ। মোস্তাফা জব্বার চট্টগ্রামে আসন্ন শীত মৌসুমে একটি প্রযুক্তি মেলা আয়োজন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তির বিষয়ে সচেতনতা তৈরির জন্য কর্মসূচি গ্রহণের অনুরোধ জানান। এ ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।  নিজস্ব প্রতিবেদক