দেশে দেশে জাদুর বেশে

আমরা সিডনি কাস্টমস অফিসে বসে আছি। একসময় প্রায় নিশ্চিত হয়ে গেলাম অস্ট্রেলিয়ার এবারের শো হওয়ার কোনো সম্ভাবনাই আর নেই। ঘটনাটা শুক্রবার বিকেলের। পরের দুই দিন শনি ও রোববার অফিস বন্ধ থাকবে। রেসলার সাইজের কাস্টমস অফিসার বিরক্ত দৃষ্টিতে আমাদের জাদুর সরঞ্জামের তালিকা দেখলেন খুঁটে খুঁটে। এয়ার ওয়েবিল পরীক্ষা করলেন। শক্ত গলায় বললেন, ‘এই কার্গো আজ ছাড়ানোর অনুমতি দেওয়া যাবে না। অনেক জটিলতা আছে। সোমবার সকালে আবার আসুন। তখন দেখা যাবে।’
আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। বললাম, সোমবার? এক দিন পরেই, মানে রোববার আমাদের শো। সোমবার তো আমাদের শোর পরের দিন। সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আমাদের জিনিসগুলো আজই চাই। ‘তোমরা কি জোর করে নিয়ে যাবে? একটু পরেই অফিস ছুটি হবে। তোমরা এখন যেতে পারো।’
আমরা তিনজন। অনুষ্ঠানের প্রধান আয়োজক একুশে একাডেমির সাধারণ সম্পাদক লরেন্স ব্যারেল, আমার প্রধান সহকারী রবিন এবং আমি অস্থির হয়ে পড়লাম। সম্ভাব্য বিপদগুলো নিয়ে ছটফট করছি। আমাদের দুরবস্থা দেখে পাশের ইউন্ডোতে বসা অন্য একজন অফিসার ইশারায় তাঁর দিকে ডাকলেন। লরেন্স ছুটে গিয়ে তাঁকে সব কথা বুঝিয়ে বলতে চেষ্টা করলেন। কিন্তু এই অফিসারেরও কোনো ভাবান্তর দেখা গেল না। লরেন্স চটপট আমার নামটি ইংরেজিতে লিখলেন। কাচের ফাঁক দিয়ে কাগজখানা অফিসারের সামনে ঠেলে দিলেন। বললেন, ‘ইন্টারনেট-গুগল দেখুন, ইনি একজন বিশ্ববিখ্যাত জাদুশিল্পী।’
কম্পিউটারে টিপ দিলেন অফিসার। সুন্দরী কাস্টমস অফিসারের মিষ্টি মুখখানা আরও সুন্দর হয়ে উঠল। তিনি তাঁর আশপাশের অন্য অফিসারদের কাছে ডাকলেন। কম্পিউটারের স্ক্রিন যত দেখেন, তাঁদের চোখ তত বেশি বড় হতে থাকে। তিনি আকর্ণ হাসি দিয়ে বললেন, ‘স্যার, অস্ট্রেলিয়াতে আপনাকে স্বাগতম। কই, আপনাদের কাগজ দেখি।’
লরেন্স চটপট ফাইল এগিয়ে দিলেন। ভদ্রমহিলা ধমাধম সিল মারতে লাগলেন। কাগজগুলো ফেরত দিতে দিতে বললেন, ‘আপনাদের অনুষ্ঠান ভালো হোক।’
আমরা তিনজন তিনজনকে একসঙ্গে জড়িয়ে ধরলাম। আমাদের উল্লাস দেখে কাস্টমস অফিসাররা সবাই খুশিতে হাততালি দিয়ে বললেন, ‘সাবধানে বাড়ি যাবেন স্যার।’
সিডনির ওরিয়ন থিয়েটারে আমাদের প্রথম শো ২৩ অক্টোবর। সব টিকিট বিক্রি হয়ে গেছে অনুষ্ঠানের পাঁচ দিন আগে। বিষয়টি খুবই আনন্দের। কিন্তু আয়োজক একুশে একাডেমির নেতারা আতঙ্কিত। কারণ, বাঙালিদের চিরাচরিত অভ্যাস হলো, অনুষ্ঠানের আগে থিয়েটারে আসা। নামমাত্র মূল্যে টিকিট কিনে প্রায় ফাঁকা প্রেক্ষাগৃহে বসে পড়া। এবার ১০০ ডলার মূল্যের টিকিটও যে পাঁচ দিন আগেই সব বিক্রি হয়ে যাবে, তা কেউ ভাবতে পারেননি। বিপদ সেখানেই। শোর ঠিক আগে দল বেঁধে দর্শক আসবেন। টিকিট না পেয়ে তাঁরা যদি ক্ষিপ্ত হয়ে ওঠেন? অস্ট্রেলিয়ার পুলিশ খুবই তৎপর। কোনো গন্ডগোল হলে তারা পুরো অনুষ্ঠানই বন্ধ করে দিতে পারে। এমনকি অনেককে অ্যারেস্টও করতে পারে। তাহলে কী উপায়?
শোর আগের দিন বিশেষ অনুমতিক্রমে আয়োজকেরা থিয়েটার হলে গেলেন। খোঁজাখুঁজি করে একটা বুদ্ধি বের করলেন। থিয়েটারের দোতলায় স্থায়ীভাবে কয়েকটা বিশাল ফলো স্পটলাইট, সাউন্ড ও লাইট নিয়ন্ত্রণের প্যানেল সেট করা। ওই সব স্থানান্তর করতে পারলে দোতলায় অনেক আসন বসানো সম্ভব। কিন্তু থিয়েটার কর্তৃপক্ষ শক্তভাবে বেঁকে বসল। বলল, আমাদের ‘ওরিয়ন’ একটি ঐতিহ্যবাহী থিয়েটার। দোতলার ওই জিনিসগুলো স্থায়ীভাবে বসানো। ওগুলো কোনো দিনই ওখান থেকে সরানো হয়নি। এবারও হবে না। সম্ভব নয়।
একুশে একাডেমির আবদুল মতিন একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি থিয়েটার কর্তৃপক্ষের সামনে ইন্টারনেট খুলে ধরলেন। বললেন, ‘দেখুন, ইউরোপ-আমেরিকাতে এই জাদু প্রদর্শনী দেখতে যে বিপুল দর্শক সমাগম হয়েছিল, এখানেও তা-ই হবে। আমাদের সব টিকিট বিক্রি শেষ। অনুষ্ঠানের সময় দর্শকের প্রচণ্ড চাপ হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে তাঁদের কিছু টিকিট দিতেই হবে। তা না পারলে এখানে একটা অঘটন ঘটে যেতে পারে। ভাঙচুর হলে তো ওরিয়ন থিয়েটারেরই সর্বনাশ। দয়া করে পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করুন।’
থিয়েটার কর্তৃপক্ষ এবার গুরুত্ব বুঝতে পারল। শ দুয়েক অতিরিক্ত চেয়ারের ব্যবস্থা হলো। সব দিক রক্ষা পেল।
বিদেশে আমরা জাদু দেখাই আর থেকে থেকে ‘বাংলাদেশের ঢোল’ বাজাই। এবার অস্ট্রেলিয়ার শোগুলো শুরু করেছিলাম ‘ধনধান্য পুষ্পভরা’ গেয়ে গেয়ে একটা হইচই লাগানো জাদুর মাধ্যমে। শেষ করেছি বিশাল দণ্ডসহ জাতীয় পতাকা তৈরি করে। বাঁশিতে ‘আমার সোনার বাংলা’ বাজালাম। সবাই উঠে দাঁড়ালেন।
অনুষ্ঠানের শেষে ছিল ‘প্রশ্নোত্তর পর্ব’। পাশ্চাত্যে ম্যাজিক কনভেনশনে শিক্ষামূলক বক্তৃতার পরে যেভাবে প্রশ্নের উত্তর দিই, এ তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পর্বটি অবশেষে ‘প্রশংসা পর্বে’ রূপান্তরিত হলো।
আমাদের পরবর্তী প্রদর্শনী ক্যানবেরাতে। তবু ক্যানবেরা, মেলবোর্ন ও ব্রিজবেন থেকেও অনেকে এসেছেন সপরিবারে। জান্নাতুল ফেরদৌস এসেছেন মেলবোর্ন থেকে। এই তারিখে তাঁর হাসপাতালে সার্জারির কথা ছিল। সার্জনের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে অপারেশনের তারিখ পিছিয়ে তিনিও উপস্থিত। সঙ্গে তাঁর শিশুকন্যা ইশ্মে। শিশুটি নিজেই মঞ্চে উঠে এল। আধো আধো কণ্ঠে উপস্থাপক লরেন্স ব্যারেলের মাইকে আমায় প্রশ্ন করল, ‘তুমি এত ভালো কেন?’ দর্শকেরা উল্লাসে ফেটে পড়লেন।
দুই ঘণ্টার জাদু প্রর্শনীর পরে আরও তিন ঘণ্টা চলল ফুল, ট্রফি আর গিফট গ্রহণের পালা। ফটো তোলা, সেলফি আর অটোগ্রাফের কি কোনো শেষ আছে? জীবনে আর কী চাই!