
দেশে প্রতি ২০ সেকেন্ডে একটি সাইবার অপরাধের ঘটনা ঘটছে। প্রতি মাসে সরকারি নথি অনুযায়ী এই ঘটনায় অভিযোগ করছেন আড়াই হাজারের বেশি ভুক্তভোগী। প্রতিদিনই অসংখ্য মানুষ ইন্টারনেট ব্যবহার করে নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়ছেন। প্রতারিত হচ্ছেন মোবাইল ফোনের অপব্যবহারের মাধ্যমেও। সব ধরনের পরিস্থিতি থেকে রেহাই পেতে তাই সাইবার নিরাপত্তার বিষয়ে জ্ঞান লাভ করা ছাড়া বিকল্প নেই।
১ এপ্রিল সকালে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে আয়োজিত ‘সাইবার নিরাপত্তা: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে উঠে এসেছে এসব তথ্য। নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ওবায়দুল করিম। বক্তব্য দেন উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, ট্রেজারার সিদ্দিক আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দীন, ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের পাবলিক রিলেশন শাখার পরিচালক আতিকুল ইসলাম খান, লিগ্যাল অফিসার মাহফুজুর রহমান প্রমুখ।
সেমিনারে বক্তারা জানান, অবাধ তথ্যপ্রযুক্তির এই সময়ে সাইবার অপরাধ অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে। ফেসবুকে তাদের ছবি দিয়ে প্রতারণা করা হচ্ছে। অন্যদিকে মোবাইল ফোনের মাধ্যমেও তৈরি হচ্ছে এ ধরনের অপরাধ।
বক্তারা জানান, সাইবার অপরাধ কমিয়ে আনতে সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। এই আইনের আওতায় যেকোনো ওয়েবসাইটে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য, ছবি প্রকাশ করলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে তিনি এক কোটি টাকা অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। বিজ্ঞপ্তি।