দেশে ফিরছেন ভারতীয় মেধাবীরা
জুন মাস পর্যন্ত নিধি আগরওয়াল ও তাঁর স্বামী দীপক সিংঘাল দুজনই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্পে কাজ করতেন। চার বছর তাঁরা সেখানকার সিলিকনভ্যালিতে কাজ করেছেন। গত এক বছরেরও বেশি সময় ধরে নিজ দেশ ভারতে ফেরার জন্য উদগ্রীব এই দম্পতি। ভারতীয় অন্য কর্মীদের অনেকেই রাজি না থাকলেও কোনো চাকরি হাতে না নিয়ে দেশে ফিরতে আপত্তি ছিল না নিধির। তবে তাঁর ভাগ্যও ভালো। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাতে জুন মাসে এক চাকরি মেলায় অংশ নিয়ে বেঙ্গালুরুতে একটি ভালো চাকরি পেয়ে গেছেন তিনি।তথ্যপ্রযুক্তিশিল্পের একটি হিসাবমতে, কেবল গত বছরেই ৬০ হাজারের বেশি ভারতীয় কর্মী দেশে ফিরেছেন। তাঁদের অধিকাংশই তথ্যপ্রযুক্তি কর্মকর্তা। এত দিন ভারতের সেরা আইটি কর্মীদের কাছে সিলিকনভ্যালি ছিল এক বড় আকর্ষণ। কিন্তু দুই দশক পরে উদ্ভাবনী ধ্যান-ধারণার আদান-প্রদানের এ ছবিটি পাল্টে গেছে। মেধাবী ভারতীয় আইটি বিশেষজ্ঞদের কাছে যুক্তরাষ্ট্রের মোহ আস্তে আস্তে কমে যাচ্ছে। ভারতের নিজস্ব সিলিকনভ্যালিগুলোও এখন উদ্ভাবনী কুশলতায় পিছিয়ে নেই। একটা সময় ছিল যখন স্বনামধন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে পাস করা প্রায় ৯০ শতাংশ স্নাতক পাশ্চাত্যের দিকে ছুটত। এখন আর সে দিন নেই। প্রথমদিকে যাঁরা ফিরেছেন, তাঁদের একজন হলেন বিনয় বাপনা। তিনি এখন বেঙ্গালুরুতে থাকেন। চাকরিও সেখানেই। সম্প্রতি বিনয় বিবিসির এক সাংবাদিককে জানান, দেশে ফিরে আসার সিদ্ধান্ত ঠিকই ছিল।সান্তা ক্লারাতে সিলিকনইন্ডিয়া নামের একটি বাণিজ্যবিষয়ক সাময়িকী বের করেন হার্ভি সাচার। তিনি প্রতিবছর একটি চাকরি মেলারও আয়োজন করেন। সাচার জানান, গোটা যুক্তরাষ্ট্র্র থেকেই ভারতে ফিরে যেতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা তাঁর মেলায় আসেন। এ বছর বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০০ তথ্যপ্রযুক্তির কর্মী মেলায় এসেছিলেন। আর মেধাবী কর্মীর সন্ধানে এসেছিল এক ডজনের বেশি কোম্পানি। নিধি আগরওয়াল চাকরি পেয়েছেন এখান থেকেই। সাচার জানান, মেধাবী ও যুক্তরাষ্ট্রে কাজ করার অভিজ্ঞতা আছে এমন কর্মীদের চাহিদা খুব বেশি। ক্রমবর্ধমান ভারতীয় তথ্যপ্রযুক্তিশিল্পে এখন অভিজ্ঞ লোকের অভাব দেখা যাচ্ছে। কাজেই চাকরিপ্রত্যাশীদের জন্য কাজের অফার নিয়েই দেশে ফেরা এখন সহজতর। আইটিশিল্প সংশ্লিষ্টদের মতে, ব্যক্তিগত ও পেশাগত উভয় কারণেই দেশে ফিরে আসার ঘটনা ঘটছে। যেমন নিধি ও তাঁর স্বামী ফিরেছেন মূলত পরিবারের কারণে। নিধি বলেন, ‘আমাদের নিষ্ঠা নামে দুই বছরের একটি মেয়ে আছে। যখন ওর বয়স এক বছর, তখন থেকেই আমরা দেশে ফেরার পরিকল্পনা করছি। আমরা চাই, নিষ্ঠা ভারতে আমাদের যৌথ পরিবারে বেড়ে উঠুক।’ যাঁরা দেশে ফিরেছেন তাঁদের অধিকাংশই মনে করেন, দুই দেশের মধ্যে বেতনের যে পার্থক্য তা ক্রমেই কমে যাচ্ছে।সৌরভ শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসী। জার্মান আইটি কোম্পানি ‘সাপ’-এ কাজ করছেন। সৌরভের নিজের দেশে ফেরার তাড়া নেই। তবে অন্য অনেকেই কেন ফিরে যাচ্ছে সেটা তাঁর কাছে পরিষ্কার। সৌরভ বললেন, ভারতের আইটিশিল্পে এখন প্রচুর চাকরি আছে। সেখানে নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য পুঁজিও আজকাল বেশ সহজলভ্য। সিয়াটলভিত্তিক এক সফটওয়্যার কোম্পানির জ্যেষ্ঠ বিপণন নির্বাহী রাধেশ বালকৃষ্ণাণ অবশ্য বিশ্বাস করেন না, এক হিসেবে দুই দেশের সংস্কৃতিতে খুব একটা পার্থক্য আছে। রাধেশ বললেন, তুলনা করতে গিয়ে আমরা বিস্ময়ের সঙ্গে দেখেছি যে আজকাল দিল্লি ও মুম্বাইয়ের শিশুদের সঙ্গে সুযোগ-সুবিধায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশুদের তেমন কোনো পার্থক্য নেই। তবে ভারতে বড়লোকের সন্তানেরা চাকর-বাকর বা ড্রাইভারদের আশকারা পেয়ে অভ্যস্ত। সে তুলনায় যুক্তরাষ্ট্রের শিশুরা স্বাধীন ও আত্মনির্ভরশীলভাবে বেড়ে ওঠে। বিনয় বাপনার বড় ছেলের পাসপোর্ট যুক্তরাষ্ট্রের আর ছোট ছেলেরটা ভারতীয়। তারা বড় হয়ে এ ব্যাপারটা কীভাবে দেখতে পারে, তা নিয়ে মজা করলেন বিনয়, ‘এমনিতে আমাদের মনে হতে পারে, যার পাসপোর্ট ভারতীয়, সে বড় হয়ে প্রশ্ন করতে পারে, কেন তারও অন্য ভাইয়ের মতো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেই। কিন্তু কে জানে, হয়তো বড় ছেলেই অভিযোগ করতে পারে, কেন ছোট ভাইয়ের মতো তারও ভারতীয় পাসপোর্ট নেই!’