দেশে ফিরতে রোহিঙ্গাদের শর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফর এবং উভয় দেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হওয়ার পর থেকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। নিজ দেশে ফেরার ব্যাপারে আশাবাদী মনোভাব দেখা গেছে অনেকের মধ্যে। তবে নিজেদের ভবিষ্যতের কথা ভেবে কিছু শর্তসাপেক্ষে ফিরতে চান তাঁরা। এসব শর্তের মধ্যে রয়েছে—মিয়ানমারের নাগরিকত্ব, এলাকাভিত্তিক মুসলিম জনপ্রতিনিধিত্ব, ফেলে আসা জমি-জমা ফেরত এবং ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা। মিয়ামারের পাথরি কিল্লা এলাকার বাসিন্দা জালাল আহমদ (৯০) ১৯৪২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিন দফায় বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। তিনি বলেন, ‘আজীবন রোহিঙ্গা শরণার্থী বদনাম নিয়ে এখানে থাকতে মন চায় না। কিন্তু বিভিন্ন সময় মিয়ানমার সরকার আমাদের দেশে ফিরিয়ে নিয়ে পুনরায় বিভিন্ন ধরনের নির্যাতন চালায়। তাই নিরুপায় হয়ে বাংলাদেশে পাড়ি দিই।’ মংডু শহরের রাম্মা বিল ও সিতা পরীক্ষা এলাকার সাবেক দুই চেয়ারম্যান মো. ছৈয়দ হোসেন ও আলী হোসেন বলেন, ‘শর্তসাপেক্ষে আমরা জন্মভূমিতে (মিয়ানমার) ফিরে যেতে চাই। নাগরিকত্ব, এলাকাভিত্তিক মুসলিম জনপ্রতিনিধিত্ব, ফেলে আসা জমিজমা ফেরত এবং ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা পেলে আমরা ফিরে যাব।’ ১১ ডিসেম্বর কুতুপালং শরণার্থী শিবির ও রোহিঙ্গা বস্তিতে শরণার্থী ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেও একই রকম মনোভাব জানা যায়।উখিয়া শরণার্থী শিবিরের বি-ব্লকের ৬ নম্বর শেডের ৫ নম্বর কক্ষে বসবাসকারী আবদুল করিম (৫০) জানান, তিনি ১৯৯১ সালে মিয়ানমারের আকিয়াব এলাকা থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন। বর্তমানে তিন ছেলে দুই মেয়েসহ নয়জনের সংসার তাঁর। তিনি বলেন, ‘মিয়ানমার সরকার আমাদের নাগরিকত্বের নিশ্চয়তা দিলে আমরা নিজ দেশে ফিরে যাব। এখানে খাঁচায় বন্দী পাখির মতো থাকতে আর ইচ্ছে করে না।’ রোহিঙ্গা প্রত্যাবাসন ও অনুপ্রবেশ প্রতিরোধ কমিটির সভাপতি উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রীর মিয়ানমার সফরে উখিয়া টেকনাফের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ দিনের অভিশাপ ও বোঝা থেকে এ অঞ্চল মুক্ত হওয়ার পথ খুলেছে।’ জানা যায়, ১৯৭৮ সাল থেকে রোহিঙ্গা সমস্যায় ভুগছে বাংলাদেশ। ১৯৯৯ সালের শেষের ও ২০০০ সালের প্রথমদিকে ব্যাপক হারে রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশ করে টেকনাফ, উখিয়া ও বান্দরবান সীমান্ত এলাকা দিয়ে। ১৯৯৮ সালের দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে প্রায় আড়াই লাখ তালিকাভুক্ত রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠানো হয়। সর্বশেষ ২০০৫ সালের পর থেকে বিভিন্ন মহলের ষড়যন্ত্রের কারণে রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশ প্রত্যাবাসন কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে টেকনাফে নয়াপাড়া ও লেদা এলাকা ও উখিয়ায় ৭০-৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে বলে জানা গেছে। কক্সবাজারে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও যুগ্ম সচিব ফিরোজ সালাহ উদ্দিন বলেন, ‘অভিবাসিত রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় প্রায় পাঁচ মাস ধরে প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত রয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মিয়ানমার সফরের পর থেকে পুনরায় প্রত্যাবাসন প্রক্রিয়া চালুর সম্ভাবনা দেখা দিয়েছে।’