বাংলাওয়াশ হয়ে আপাতত পাকিস্তান ক্রিকেট দল চাইলেও দেশে পালিয়ে যেতে পারছে না। দেশে গেলেও ঝামেলা, কী জবাব দেবে দেশবাসীকে? তাই রস+আলো তাদের সহযোগিতা করতে কিছু জবাব বের করে দিচ্ছে!

আজহার আলী
আমরা যেতে চাইনি। সামান্য কটা প্লেনভাড়ার জন্য ক্রিকেট বোর্ড আমাদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। আমরা এ রকম সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আগামীকাল থেকে
পাকিস্তান প্রেসক্লাবের সামনে মানববন্ধন। আপনারা সবাই আসবেন।

ওয়াকার ইউনুস
হেরেছি বলে গালি দেবেন না! শুকরিয়া, আপনাদের দোয়া ছিল বলেই আমরা মায়ের ছেলেরা মায়ের কোলে ফিরে আসতে পেরেছি। ওয়ানডে সিরিজ তিন ম্যাচের না হয়ে পাঁচ ম্যাচের হলে আমাদের আর দেশে ফেরা হতো না!

ওয়াহাব রিয়াজ
তামিম ইকবাল নামক এক এলিয়েন আছে ওই দেশে, যে শুধু মারে। জোরে বল করলেও মারে, আস্তে বল করলেও মারে! বল টার্ন করালেও মারে, টার্ন না করালেও মারে। কিছু না করলেও মারে। এলিয়েনের সঙ্গে কি আর ক্রিকেট খেলা যায়? (তামিম ঘুমের মধ্যেও মারে, আমি ঘুমের মধ্যে বল করে বিষয়টা খতিয়ে দেখেছি।)

মোহাম্মদ হাফিজ
আরাফাত সানি নামক এক গেরিলাযোদ্ধা আছে। সে সরাসরি মারে না। অফস্পিন করবে বলে হাত ঘুরিয়ে আর্মার মেরে বোল্ড করে দেয়। আবার নাচেও! থ্যাংকস গড, আজ থেকে আর সানির বল খেলা লাগবে না!

জুনাইদ খান
এমনকি তাদের সরকারও (সৌম্য) আমাদের বিপক্ষে ছিল! সে–ও সুযোগ পেয়ে মেরেছে। বিদেশি নাগরিক হিসেবেও সরকার আমাদের নিরাপত্তা দেয়নি। আমি পাকিস্তানি দূতাবাসের সাহায্য চেয়েছিলাম। তারা বলেছে, মাথা খারাপ? সরকারের মাথা গরম। কথা বললেই মারবে!

সাঈদ আজমল
ওরা সারা দিন মুক্তিযুদ্ধের গান শোনে। ‘তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি...’ এটুকু শুনেই চার মারে। আবার কিছুটা শুনে ছক্কা মারে। আবার বাকিটা শুনে আউট করে দেয়। আমাদের মুক্তিযুদ্ধ ছিল না, গানও নাই, তাই জয়ও নাই! আমাকে ফেক সাঈদ আজমলের ফেক আইডি মনে করে খুব মেরেছে, খুব! অথচ আমি কেবল বোলিং অ্যাকশন চেঞ্জ করেছিলাম!

শহীদ আফ্রিদি
এখন তো কেউ আমারে ‘ম্যারি মি, আফ্রিদি!’ বলবে না! আমার কী হবে!