দেশে বন্যা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় প্লাবিত বিভিন্ন জেলা। ভাঙছে বাঁধ। পানিবন্দী জনজীবন। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। এত কিছুর পরও আতঙ্কের হাত থেকে রক্ষা করতে একটি মহল নিরলসভাবে সাহস জুগিয়ে যাচ্ছে। বন্যার ভয়াবহতা থেকে বাঁচাতে সর্বকালের সেরা মোটিভেশনাল স্পিচ—‘দেশে কোনো বন্যা নেই’। দেশে কি আসলেই বন্যা নেই? রস+আলো শুরু করে দিলো বিস্তর গবেষণা। গবেষণালব্ধ ফলাফলগুলো সরাসরি পাঠকের সামনে তুলে ধরলেন বানের জলে ভেসে আসা গবেষক রাফি আদনান, এঁকেছেন হাসান


বিদেশি পানি ঘুরতে এসেছে

ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন, নদীর বাঁধ কেটেছে ইঁদুর। এই দুষ্টু ইঁদুরগুলো জানত না, বাঁধ কেটে ফেললে ভিসা-পাসপোর্ট ছাড়াই বিদেশি পানি আমাদের দেশে ঢুকে পড়বে। এদিকে আমরা তো আবার অতিথিপরায়ণ জাতি। বিদেশি পানি ঘুরতে এসেছে, তাকে কি তাড়িয়ে দেওয়া যায়? ফলে এই বন্যা দেশি নয়, এই বন্যা আসলে বিদেশি পানিমাত্র।

জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য পলি এসেছে

তিস্তার পানিস্বল্পতার কারণে এত দিন হায় হায় করেছি আমরা। পানি নেই, তাই পলির অভাবে ফসলের আবাদও কমে গিয়েছিল উত্তরবঙ্গে। ভাগ্য খুব সুপ্রসন্ন বলেই এ বছর জমি উর্বর করার মতো পানি এবং সেই সঙ্গে পলি পেয়ে গেছি আমরা। আর আপনারা কিনা সেটাকে বন্যা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন?

নতুন দর্শনীয় স্থান সৃষ্টি হয়েছে

জনসংখ্যা বাড়লেও বাংলাদেশে দর্শনীয় স্থান বাড়ছে না। এ বছর প্রকৃতি আমাদের কিছু পানি দান করায় আমরা আরও কিছু নদ-নদী পেয়েছি। আশা করি, পর্যটনশিল্প–সংশ্লিষ্ট ব্যক্তিরা খুব শিগগিরই পানিতে ডুবে যাওয়া এলাকাগুলোর আকর্ষণীয় কোনো নাম দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেবেন।