দেশে বসে বিদেশি আয়
আইফোন বা নকিয়ার কোনো সেটে আপনি হয়তো একটা গেম খেলছেন। আপনি কি জানেন সেই গেম বা প্রোগ্রামটি তৈরি হয়েছে বাংলাদেশেরই কোনো শহরে। আন্তর্জাতিক কোনো ম্যাগাজিনের পৃষ্ঠাসজ্জার কাজটা হয়তো হয়েছে বাংলাদেশে। ইন্টারনেটের মাধ্যমে এ কাজগুলো করে নেওয়া হয় ভিন্ন দেশ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে থেকে। এ কাজের পোশাকি নাম আউটসোর্সিং। সম্প্রতি প্রকাশিত প্রযুক্তির বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে যে ৩০টি দেশকে আউটসোর্সিং কাজের সেরা গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে তার মধ্যে বাংলাদেশও আছে। এতে শুধুই প্রাতিষ্ঠানিক পর্যায়ের আউটসোর্সিং কাজগুলোই বিবেচনায় এসেছে। এর বাইরেও মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে ব্যক্তিগত পর্যায়ে দেশের বিভিন্ন শহরে বসে বিদেশের কাজ করে ডলারে আয় করছেন অনেকেই। আজকের প্রজন্ম ডট কমে তাঁদের কয়েকজনের কথা থাকছে।লিখেছেন—পল্লব মোহাইমেন, আবুল কালাম মুহম্মদ আজাদ, নিজাম সিদ্দিকী, মোছাব্বের হোসেন ও মোহাম্মদ আলীসারা বিশ্বে ২১৩তমহঠাৎ করেই এক বিদেশির সঙ্গে যোগাযোগ হলো। শুরুতেই তিনি বললেন, ‘আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ভারতের কোনো লোকের সঙ্গে কাজ করব না। কারণ ওরা ঠিকমতো কাজ সরবরাহ করে না। নানা রকম অজুহাত দেখায়। আজকে বন্ধ, তো কালকে ইন্টারনেটের সংযোগ নেই, আরেক দিন দাদা দুুর্ঘটনায় পড়েছেন, হাসপাতালে আছি ইত্যাদি।’ তা তোমার দেশ কোথায়? আমি বললাম বাংলাদেশে। তিনি বললেন, ভারত-বাংলাদেশ পাশাপাশি, সুতরাং তোমরা সবাই একই রকম। কিন্তু আমি তাঁকে নানাভাবে বুঝিয়ে তাঁর কাছ থেকে পরীক্ষামূলকভাবে একটা কাজ নিলাম। তাঁকে বললাম, ১৫ দিনের মধ্যে আপনি সম্পূর্ণ কাজ পেয়ে যাবেন। আমি ১৩ দিনের মাথায় কাজ জমা দিয়ে তাঁকে ই-মেইল করলাম বেশ কয়েকবার। দুই দিন পর তিনি জানালেন, তাঁর দাদা এখন অসুস্থ। তাই যোগাযোগ করতে পারছেন না। তখন আমার আগের কথাগুলো মনে পড়ল। তারপর থেকে তিনি আমার একজন নিয়মিত গ্রাহক।’ এভাবেই শুরু হাসান শাহরীয়ারের। সদ্য শেষ হওয়া বেসিস সফট এক্সপো-২০১১ মেলায় পুরস্কার প্রাপ্ত ‘পিক্সেলনেট টেকনোলজিস’-এর স্বত্বাধিকারী তিনি।কম্পিউটারের প্রতি আগ্রহ থেকেই ইন্টারনেটে ডিজাইন গ্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা হয়েছিলেন। পুরস্কার হিসেবে পেয়েছিলেন ৫০০ ডলার। তাঁর সেই ডিজাইন দেখে নেদারল্যান্ডের এক ব্যক্তি তাঁকে একটি ওয়েবসাইট তৈরি করতে দেন। পারিশ্রমিক ছিল পাঁচ হাজার ডলার। পাঁচজনের দল থেকে এখন ১৩ জনের দল। ই-কমার্সের কাজ বেশি করেন তাঁরা। জানালেন, বাংলাদেশে আউটসোর্সিংয়ের ই-কমার্স খাতে পিক্সেলনেট এক নম্বরে আছে, আর বিশ্বের মধ্যে ২১৩তম। রতন আর মানিকের গল্পমানিক-রতন যমজ ভাই। চেহারাও একরকম। কে মানিক কে রতন বোঝা ভার। কার্টুনিস্ট হিসেবে যথেষ্ট পরিচিত। দুই ভাই মিলেই যেন এক। কার্টুন আঁকা বা কম্পিউটার গ্রাফিক্স যা-ই করেন একসঙ্গে। ১৯৯৭ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকে তাঁদের কার্টুন আঁকা শুরু, উন্মাদ দিয়ে। এরপর ভোরের কাগজ, ডেইলি স্টার হয়ে প্রথম আলোতেও এঁকেছেন অনেক। শিখে ফেলেছেন কম্পিউটার গ্রাফিক্সও। মানিক-রতন নিজেদের ওয়েবসাইট তৈরি করলেন। এতে সাইবার দুনিয়ার মাধ্যমে দেশ-বিদেশের বাস্তব দুনিয়া জানল তাঁদের কাজ সম্পর্কে। ২০০৫ সালে জানতে পারলেন আই স্টক ফটো নামের এক ওয়েবসাইটের কথা। এখানে গ্রাফিক্স, কার্টুন, আলোকচিত্র রাখলে সেগুলো বিক্রি হয়। মানিক-রতনও রাখলেন। ইন্টারনেটের মাধ্যমেই বিক্রি হলো তাঁদের কিছু কাজ। পাশাপাশি বিদেশি কিছু প্রতিষ্ঠান সরাসরি তাঁদের কাজ দিল। শুরু হলো মানিক আর রতনের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং। নিজেদের পড়াশোনা, পত্রিকায় কার্টুন আঁকা, বিজ্ঞাপনী সংস্থার কাজের সঙ্গে করতে থাকলেন আউটসোর্সিংয়ের কাজ। মাঝখানে চাকরিও করলেন তাঁরা এক বিজ্ঞাপনী সংস্থায়। কিন্তু মুক্ত পেশাজীবন পছন্দ করেন এই যমজ। তাই এখন আর চাকরি করেন না। তবে ফ্রিল্যান্সার হিসেবে দেশি বিজ্ঞাপনী সংস্থার কাজও করে দেন। আর বিদেশি কাজ তো আছেই। বিশ্বখ্যাত ইনগ্রাম পাবলিশিংসহ বেশ কিছু প্রতিষ্ঠান মানিক-রতনকে দিয়ে নিয়মিত কাজ করিয়ে নেয়। দুই ভাইয়ের কথা, ‘এ কাজে স্বাধীনতা আছে।’ মানিক-রতন কাজ করেন এখন নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য। যেগুলোর অবস্থান যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশে। সম্প্রতি একটি পোস্টার ডিজাইন করে কন্টিনেন্টাল অ্যাড কাপের পুরস্কার জিতেছেন মানিক-রতন। কম্পিউটারের প্রতি সখ্য থেকেই‘বাবার অফিসে ঢুকতেই টিভির মতো একটা যন্ত্রের দিকে চোখ আটকে গেল। কৌতূহল দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলাম যন্ত্রটার দিকে। জিজ্ঞেস করতেই বাবা বললেন, এটার নাম কম্পিউটার। সেই থেকে শুরু কম্পিউটারের সঙ্গে সখ্য। কম্পিউটারের প্রতি ভালোবাসাই আজ সাব্বির হোসাইনকে নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। রংপুরের সাব্বির হোসাইন বেসিসের পুরস্কার জিতেছেন এবার। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ব্যবসায় শিক্ষা নিয়ে পড়ার, কিন্তু হয়নি। পরে কম্পিউটারের প্রতি ঝোঁক বেড়ে যায়। একদিন পত্রিকায় ফ্রিল্যান্স আউটসোর্সিং নিয়ে একটা লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন। সেই থেকে শুরু।‘ফ্রিল্যান্সিং যখন শুরু করি, তখন আমি নবম শ্রেণীতে পড়ি। প্রথম প্রথম অনেক সমস্যা হতো; একে তো এটা সম্পর্কে তেমন ভালো ধারণা নেই, তার ওপর রংপুরের মতো জায়গা। চাইলেও সুবিধা পাওয়া যায় না। নিজে নিজেই চেষ্টা করেছি জানার, শেখার।’ বললেন সাব্বির হোসাইন।রংপুর কারমাইকেল কলেজের গণিত বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র সাব্বির হোসাইন এখন এই ফ্রিল্যান্সিং কাজ করে প্রতি মাসে বেশ ভালোই উপার্জন করেন।রংপুরে বসেই নিজেরা দুই ভাইসহ মোট ছয়জনের দল নিয়ে কাজ করেন। মূলত অনলাইন বিপণন এবং এসইওর কাজ করেন। মেরিন প্রকৌশলী মুক্ত পেশাজীবীরাজশাহীর ছেলে ইয়াসিন রেজা ক্যাডেট কলেজ থেকে পাস করার পর ১৯৯০ সালে মেরিন একাডেমিতে যখন প্রশিক্ষণের জন্য যোগ দেন, তখন তাঁর দেশ-বিদেশ দেখার নেশাটাই ছিল প্রচণ্ড। বয়সের তুলনায় অনেক বেশিই উপার্জন করতেন। ১৯৯৫ সালে হংকংয়ে উচ্চশিক্ষার জন্য কিছুদিন ছিলেন। সব ছেড়ে-ছুড়ে ২০০০ সাল থেকে সৃজনশীল এক কাজের নেশা পেয়ে বসে তাঁকে।ইন্টারনেটের প্রসারের সঙ্গে সঙ্গে নানা রকম কাজের চাহিদা বাড়ছে, যেটা ইয়াসিন বুঝেছিলেন ভালোই। বাংলাদেশে বসে চুটিয়ে করতে থাকেন বিদেশের কাজ। পারিশ্রমিক ব্যাংকে এসে জমা হয় ডলারে। প্রথমে ইয়াসিন রেজা বন্ধুর সঙ্গে মিলে ঢাকার পান্থপথে ‘স্টিমিং ব্রেন’ নামের একটি প্রতিষ্ঠান দাঁড় করান। ছয় মাসের মাথায় রাজশাহীতে এর একটি শাখা খোলা হয়। সেখানে ২০ জন ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেটর রাত-দিন কাজ করেও কুলিয়ে উঠতে পারছেন না এখন। প্রতিষ্ঠানটি বিদেশের বিভিন্ন ত্রিমাত্রিক অ্যানিমেশন ও গেমস তৈরি করছে।টেলিভিশন বিজ্ঞাপন এবং বিশেষ আবহ তৈরির কাজও করা হয়ে থাকে। সেই সঙ্গে আছে ডেটা এন্ট্রি, ক্যাপচার এন্ট্রি, ক্লিপিং পাথ, ছবি প্রক্রিয়াকরণ, ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং ইত্যাদি। ইয়াসিন রেজা মনে করেন, তৈরি পোশাকশিল্পকে অচিরেই ছাড়িয়ে যাবে তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং।চাকুরে নন তিনি ক্ষুদ্র উদ্যোক্তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে লখাপড়া শেষ করে একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন সবুজ কুণ্ড। ছয় মাস যেতে না যেতেই যেন হাঁপিয়ে উঠলেন তিনি। চাকরি ভালো লাগে না তাঁর। চাকরি ছেড়ে এবার নিজেই কিছু করার খোঁজে বেরিয়ে পড়লেন তিনি। এটাই ছিল তাঁর আউটসোর্সিংয়ে কাজ শুরুর প্রথম দিকের ঘটনা।সবুজ কুণ্ড তখন বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের ছাত্র। পড়ালেখার ফাঁকে ছোট ছোট সফটওয়্যার বানানোর চেষ্টা করতে থাকেন।বিভিন্ন বাংলা ওয়েবসাইট তৈরি, অনলাইনে বাংলা লেখার কাজ, মুক্ত সফটওয়্যার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন সবুজ কুণ্ড। বিশ্ববিদ্যালয়ের শেষ দিকে ২০০৮ সালে এক বড় ভাই তাঁকে কিছু আউটসোর্সিংয়ের কাজ পাইয়ে দেন। আরও কয়েকজনের কাছে কাজ পেলেন তিনি। এরপর তিনি কোনো মাধ্যমে নয়, সরাসরি বিভিন্ন কাজ পেতে লাগলেন। ‘নিজেই করব কিছু—এটা ভেবেই তখন চাকরি ছেড়ে ছিলাম।’ বললেন সবুজ কুণ্ড। চাকুরে নন নিজেকে ক্ষুদ্র উদ্যোক্তা বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সবুজ কুণ্ড ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ওয়েবসাইটে জুমলা, ওয়ার্ড প্রেস ইত্যাদি সফটওয়্যার দিয়ে ওয়েবসাইটের উন্নয়নের কাজ করে থাকেন। এ ছাড়া জুমলা বা ওয়ার্ড প্রেসের কাজে দরকারি কিছু সফটওয়্যার তৈরিও করেছেন, যা অনলাইনে বিভিন্ন দেশের ক্রেতারা কিনে নেন। আইডিয়া ৫২ ডটকম নামের নিজের ছোট একটি প্রতিষ্ঠান আছে তাঁর। এখানে তাঁর সঙ্গে আরও দুই থেকে তিনজন ডিজাইনার কাজ করেন। ইচ্ছা এবং চেষ্টাকলেজে পড়ার সময় থেকেই কম্পিউটারের নানা বিষয় ভাবিয়ে তুলত জাকারিয়া চৌধুরীকে। এটা-ওটা নিয়ে কৌতূহলের শেষ ছিল না। কলেজের পাট চুকিয়ে ভর্তি হলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। এখানে পড়ার সময় কম্পিউটারের সঙ্গে সখ্য পাকাপোক্ত হলো জাকারিয়ার। পড়াশোনার ফাঁকে ফাঁকে কম্পিউটারে খেলার উপযোগী বিভিন্ন গেম বানাতে লাগলেন। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল তাঁর। চতুর্থ বর্ষে পড়ার সময় এক সতীর্থের মাধ্যমে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করার প্রস্তাব পান তিনি। বিভিন্ন সফটওয়্যারের কাজের পাশাপাশি আউটসোর্সিংয়েরও কাজ করা হতো ওই প্রতিষ্ঠানে। আর সেখান থেকেই প্রাথমিক ধারণা মেলে আউটসোর্সিং সম্পর্কে। ২০০৬ সালে পড়াশোনা শেষ করে এবার নিজেই কিছু করার পরিকল্পনা নেন জাকারিয়া। অনেক ভেবেচিন্তে আউটসোর্সিংয়ের কাজ শুরু করার চিন্তা মাথায় আসে। ইন্টারনেটে বসে এ সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটে ঘাঁটাঘাঁটি করেন তিনি। একটা সাইটে গিয়ে বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ‘একটা জেদ চেপে বসল তখন, বারবার চেষ্টা করতে লাগলাম, এভাবে ২০ থেকে ২৫ বার চেষ্টা করার পর সফল হলাম।’ বলছিলেন জাকারিয়া। শুরুতে বিভিন্ন আউটসোর্সিংয়ের সাইটগুলোতে নিবন্ধন করে বিভিন্ন কাজের জন্য বেশি দামে কাজের আবেদন করতেন। কিন্তু কাজ পাওয়া যেত না। এরপর কম মূল্যে কাজের জন্য আবেদন করতে থাকলে আস্তে আস্তে কাজ পেতে শুরু করেন তিনি। অভিজ্ঞতার ঝুলি বাড়ার সঙ্গে সঙ্গে যেমন বাড়তে থাকে কাজের চাপ, তেমনই বাড়তে থাকে তাঁর পারিশ্রমিক। তিনি মূলত বিভিন্ন ওয়েব প্রোগ্রামিং ও ওয়েবসাইট ডিজাইনের কাজগুলো করে থাকেন। এখন যুক্তরাষ্ট্র, স্পেন ও অস্ট্রেলিয়ার মতো অনেক উন্নত দেশে তিনি পরিচিত। ওয়েব ক্রাফট বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন জাকারিয়া। বিশ্ববাজারের প্রতিযোগিতায় যেতে চান তাঁরাউইকিপিডিয়া বা মুক্ত সফটওয়্যার আন্দোলনের খোঁজ যাঁরা রাখেন, তাঁরা সুবিনকে ভালোভাবেই চেনেন। পুরো নাম তামিম শাহরিয়ার। পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। স্নাতকের পর চাকরি নেন ঢাকায় একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে। ‘চাকরির ফাঁকে ফাঁকে শুরু করি আউটসোর্সিংয়ের কাজ। রাতে রাতে করতাম। প্রথম দিকে কত টাকা আয় করছি সেদিকে নজর ছিল না। নজর দিয়েছিলাম রেটিংয়ের দিকে। অনলাইনে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আমার রেটিং যেন ভালো হয় সেটাই ছিল মূল উদ্দেশ্য।’ তামিম শাহরিয়ারের রেটিং যথেষ্ট ভালো হলো। চাকরি ছেড়ে দিলেন। বন্ধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাহমুদুর রহমানকে সঙ্গে নিয়ে চালু করলেন নিজেদের প্রতিষ্ঠান মুক্ত সফটওয়্যার লিমিটেড। বিনিয়োগের টাকা এসেছে তাঁদের আউটসোর্সিং কাজ থেকে আসা নিজেদের আয় থেকে। শুরুর দিকে যে যাঁর বাসা থেকেই কাজ করতেন। ২০০৯ সালের অফিস নিলেন। এখন তাঁদের প্রতিষ্ঠানে নয়জন পূর্ণকালীন, তিনজন খণ্ডকালীন কর্মী কাজ করেন। সবাই বুয়েট বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের স্নাতক বা ছাত্র। তামিম আর মাহমুদুর রহমানের মুক্ত সফটওয়্যার ফ্রি ল্যান্সিং সাইটে এখনো কাজ করে। তবে বেশি কাজ হয় অ্যাপলের আইফোনের অ্যাপ স্টোর আর ব্ল্যাকবেরির অ্যাপ ওয়ার্ল্ডে। ইন্টারনেটের এই দুই বাজারে তাঁদের তৈরি প্রোগ্রাম বিক্রি হয়। ভবিষ্যতে বিশ্ববাজারে নিজেদের তৈরি সফটওয়্যার পণ্য আরও বেশি করে নিয়ে যেতে চান তাঁরা। যেন সিংহের মতো গর্জে ওঠাচট্টগ্রামের মো. মঈনুল ইসলামের খুব একটা পূর্বপ্রস্তুতি ছিল না মুক্ত পেশাজীবী হয়ে আউটসোর্সিংয়ে আসার। অনেকটা পরিস্থিতির চাপেই তাঁকে এ পথটা খুঁজে নিতে হয়। মঈনুল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে স্নাতক পাস করেন ২০০৭ সালে। তারপর যথারীতি জীবন-জীবিকার চেষ্টা। ঢাকার একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেলেন। সফটওয়্যার নির্মাতা সেই প্রতিষ্ঠানেই পরিচয় হয় মাসুদ রানার সঙ্গে। মাসুদ পড়াশোনা করেছেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু চাকরিতে মন টিকল না বেশি দিন। দুই বন্ধু মিলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। মঈনুল বললেন, ‘আমার কিন্তু বরাবরই চাকরির প্রতি এক রকমের অনীহা ছিল।’ নিজেরাই ভিন্ন রকম কিছু করার কথা ভাবতে লাগলেন। কী করা যায় ভাবছিলেন।হঠাৎ মাথায় এল আইফোনের জন্য গেম তৈরির বিষয়টি। ২০০৯ সালের আগস্টে দুই বন্ধু মিলে গড়ে তুললেন ‘লায়ন কোডারস’। ‘লায়ন’ কেন? মঈনুলের জবাব, ‘আমরা কাজের মাধ্যমে সিংহের মতোই গর্জে ওঠার কথা ভেবেছি বলে।’কিন্তু কাজে নেমে প্রথমেই হোঁচট খেলেন। অ্যাপলের অনলাইন স্টোরের লাইসেন্স করতে হবে। তা ছাড়া থাকতে হবে একটি ম্যাকবুক, আইফোন ইত্যাদি ব্যয়বহুল উপকরণ। দুজনই তাই প্রাথমিক খরচের টাকাটা জোগাড় করেন ঘর থেকে। এরপর নামলেন আউটসোর্সিংয়ে। ক্রেতাদের জন্য প্রায় মাস খানেক গেম তৈরি করে তা দিয়ে অর্থ উপার্জন করলেন। ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকে। এখন আর গ্রাহকদের মুখের দিকে চেয়ে থাকতে হচ্ছে না। নিজেরাই ইতিমধ্যে ৫৭টি গেম ও প্রোগ্রাম তৈরি করেছেন, যেগুলো রয়েছে অ্যাপল স্টোরে। খুলনা থেকেই আলফা ডিজিটালমা-বাবার কত স্বপ্ন ছেলেকে নিয়ে! অনেক বড় করতে হবে ছেলেকে। মা-বাবা তাকে পাঠালেন ঢাকায়। ভর্তি করিয়ে দিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিভাগে। পড়াশোনা শেষ করে ঢুকে পড়লেন একটি পত্রিকা অফিসে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। হঠাৎ একদিন চোখ পড়ে পত্রিকার এক ফিচারের দিকে। ফিচারটি ছিল আউটসোর্সিং নিয়ে। কাজ শুরু করলেন। বলছিলাম বেসিস সফট এক্সপো-২০১১ তে ‘বেসিস টপ ফ্রিল্যান্সারস অব দ্য ইয়ার-২০১১’-এ বিজয়ী আলফা ডিজিটালের মামুনুর রশীদ সম্পর্কে। ফ্রিল্যান্সিংয়ের প্রথম কাজটি করতে তাঁর সময় লাগে ১৫ দিন। মামুনুর রশীদ বলেন, ‘ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সময়সীমা বা ডেডলাইন খুবই গুরুত্বপূর্ণ।’ ঢাকার যানজট তাঁর ভালো লাগেনি। ফিরে গেছেন খুলনায়। এখন খুলনা থেকে কাজ করেন। ডেটা এন্ট্রি থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও), ই-কমার্সসহ অনেক কাজই করে থাকে আলফা ডিজিটাল। শুরুটা একাই করেছিলেন, এখন সব মিলিয়ে ৫০ থেকে ৫৫ জন লোকবল।তাঁর কাজে বিশ্ব চিনছে বাংলাদেশকেপ্রায় সারা দিন কম্পিউটারের সামনে বসে থাকে ছেলেটা। এ নিয়ে মা-বাবার উৎকণ্ঠার শেষ নেই। আত্মীয়স্বজনদেরও রাজ্যের বিস্ময়, কী করছে ছেলেটা! মাথা খারাপ হলো না তো!শুরুতে ফয়সাল ফারুককে নিয়ে এমন চিন্তাই করেছিলেন অনেকে। ফয়সাল ফারুকের মা-বাবাও চেয়েছিলেন ছেলে হবে চিকিৎসক, নয়তো প্রকৌশলী। ঢাকায় বেড়ে ওঠার সুবাদে ফয়সাল ফারুকের ঝোঁকটা কম্পিউটার ও ইন্টারনেটের প্রতি। ‘সব সময় নিজের মধ্যে, নিজে থেকে কিছু করার তাগিদ কাজ করত আমার মধ্যে।’ বললেন ফয়সাল ফারুক। সিটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করার পর আরও বেশি করে তাড়না ‘নিজে কিছু একটা করব’ এমন। ইন্টারনেটে খুঁজে দেখতে লাগলেন, ঘরে বসে কিছু করা যায় কি না। এভাবে খুঁজতে গিয়ে একটা ফ্রিল্যান্সিং সাইটে গিয়ে কিছু কাজের সন্ধান পেলেন তিনি।বিভিন্ন ওয়েবসাইটের বর্ণনা, এর ধারণা- সংক্রান্ত লেখা প্রভৃতির কাজ। এই কাজটা মনে ধরে গেল তাঁর, সেই থেকে শুরু হয়ে গেল আউটসোর্সিংয়ের কাজ। শুরুর সময়টা ২০০৭ সাল, আজও একই কাজের সঙ্গে যুক্ত আছেন ফয়সাল ফারুক। প্রতিদিন ১৫ ঘণ্টা করে কম্পিউটারের সামনে বসে থাকতে হয় তাঁকে। তার পরও নাকি কোনো বিরক্তি নেই! ‘কাজটা আমি বেশ উপভোগ করি।’ বলেন ফয়সাল ফারুক। তিনি মুলত বিভিন্ন ওয়েবসাইটের লেখালেখির অংশ তৈরি, অনলাইন বিপণন ও গ্রাফিক্সের কাজ করে থাকেন। তিনি বলেন, ‘আমার কাজের মাধ্যমে ভিনদেশের অনেক মানুষ বাংলাদেশকে অন্যভাবে চিনেছে। এক লাখের বেশি লোক প্রতিনিয়ত আমার নামের পাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকাটা দেখছে। এটা এক বড় পাওয়া।’তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী!পরীক্ষা কেমন হচ্ছে আপনার?‘বেশ ভালো।’ উত্তরটা আব্দুল্লাহ আল জাহিদের। শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী তিনি। কয়দিন আগেই তিনি বেসিসের ফ্রিল্যান্সার পুরস্কার পেয়েছেন। বয়স দেখে বিস্মিত হতে হয়। এই বয়সে আয় তো করেই, তা-ও আবার ডলারে। ‘নবম শ্রেণীতে পড়ার সময় থেকে আউটসোর্সিংয়ের কাজ করি। শুরু নিজের ওয়েবসাইট তৈরি থেকে। চলমান নোয়াখালী নামেও একটি সাইট তৈরি করি। এ রকম বেশ কিছু কাজের পর ফ্রিল্যান্সার ডট কম নামে একটি ওয়েবসাইটে কাজের জন্য বিড করি।’ বলেন জাহিদ। এখানে কয়েক ডলারের কাজ পেয়েছিলেন তিনি। সেই থেকে শুরু। কিছুদিন কাজ করার পর জর্ডানের একটি প্রতিষ্ঠানে মাসিক ৫০০ ডলারের চাকরি পান। চাকরিদাতা জর্ডানে, আর জাহিদ চাকরিটা করেন তাঁর শ্যামলীর বাসা থেকে। দশম শ্রেণী পর্যন্ত এ চাকরি চলে। এখন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করেন। বেশির ভাগ ক্ষেত্রেই জাহিদ ছোট ছোট সফটওয়্যার তৈরি করে দেন। অনলাইন বাজারে নিজের তৈরি সফটওয়্যারও রেখেছেন। সেগুলোর মধ্যে বিদেশ থেকে বাংলাদেশের মোবাইল ফোনে টাকা ভরার সফটওয়্যারটা বেশি জনপ্রিয়। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং-এ শখ করে আসেননি আব্দুল্লাহ আল জাহিদ। তাঁর বাবার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসার জন্য যশোর থেকে পুরো পরিবার চলে আসে ঢাকায়। ২০০৮ সালে বাবার মৃত্যুর পর আর্থিক সমস্যায় পড়েন জাহিদেরা। মা মাহমুদা সুলতানা কোনোক্রমে চালাচ্ছিলেন সংসার। ‘মাকে বলেইন্টারনেটের সংযোগ নিলাম।পরিবারে আর্থিক সহায়তা করার জন্যই আমি এ কাজ শুরু করি।’ এ কাজে জাহিদ নিজের মেধার যেমন প্রয়োগ ঘটাতে পারছেন, তেমনি পরিবারকে সহায়তা করছেন অনেক প্রতিষ্ঠিত চাকরিজীবীর চেয়েও ভালোভাবে।