দেশেই জাপান বিষয়ে পড়ুন
জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। জাপান নিয়ে যাঁদের আগ্রহ আছে, যাঁরা জাপান বিষয়ে পড়তে চান, তাঁদের জন্য রয়েছে বাংলাদেশেই সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জাপান স্টাডি সেন্টার’ আপনাকে করে দেবে সে সুযোগ।জাপান এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ। লোকসংখ্যা প্রায় ১৩ কোটি। ভৌগোলিক আয়তনে পৃথিবীর ৬১তম এই দেশের জনসাধারণের বৃহত্তম অংশই বৌদ্ধধর্মাবলম্বী। জাপানের প্রথাগত ধর্ম ‘শিনতো’। কাজপ্রিয় জাপানিদের জীবনযাত্রা বেশ মাপা ধাঁচের। তারা ভালোবাসে দেশকে, দেশের মানুষকে।জাপান বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারে। দুই বছরের এই কোর্সে আপনি জানতে পারবেন জাপানের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে; শিখতে পারবেন জাপানি ভাষাও।জাপান স্টাডি সেন্টারে ভর্তি হতে হলে আপনার থাকতে হবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। আবেদন করার জন্য আপনাকে জাপান স্টাডি সেন্টার থেকে নির্ধারিত ফিসের বিনিময়ে ফর্ম সংগ্রহ করতে হবে। ৩০টি সিটের বিপরীতে ভর্তি হতে আপনাকে বসতে হবে ভর্তি পরীক্ষায়। লিখিত ও মৌখিক—দুটি ধাপে এই পরীক্ষা সম্পন্ন হয়। সারা দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই আপনি নির্ধারিত যোগ্যতা পূরণের ভিত্তিতে আবেদন করতে পারবেন। এখানে পড়তে দুই বছরের মাস্টার্স কোর্সে আপনার খরচ হবে ২২ হাজার টাকা। এই কোর্সে আবাসিক হলের কোনো সুবিধা দেওয়া হয় না। যাঁরা শিক্ষাজীবনের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে তৃতীয় বিভাগ পেয়েছেন, তাঁরা এখানে আবেদন করতে পারবেন না। এই কোর্স শেষ করে আপনি দেশে ও দেশের বাইরে থেকে জাপান বিষয়ে পিএইচডিও সম্পন্ন করতে পারবেন।যোগাযোগের ঠিকানাপরিচালক, জাপান স্টাডি সেন্টার, ১০৩৭ কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯২০, এক্সটেনশন ৬৪৯২।