দেশেই তৈরি
বৃষ্টিস্নাত সন্ধ্যা। বাইরে ঝিরঝির বাতাস। ঢাকার ওয়েস্টিন হোটেলের বলরুমে তখন বেশ ভিড় জমে গেছে। ১৮ জুন ছিল ঢাকা ফ্যাশন উইক ২০১১-এর শেষ দিন। সবার অপেক্ষা জমকালো ফ্যাশন শোকে ঘিরে। নির্ধারিত সময়ের বেশ পরেই শুরু হয় ফ্যাশন শো। দেশের ডিজাইনারদের নকশা করা পোশাক দিয়ে সাজানো হয় এবারের আয়োজন। দেশীয় কাপড়কে নানা আঙ্গিকে তুলে ধরেন তাঁরা। নকশায় দেখা যায় দেশীয় আর পাশ্চাত্যের মিশেল। মসলিন, সিল্ক, কাতান, অ্যান্ডি সিল্ক ও আদিবাসীদের তাঁতে বোনা কাপড় দিয়েই তৈরি হয়েছিল এসব পোশাক। আধুনিক, ফিউশন, রবীন্দ্রসংগীত ও নজরুলের গানের মূর্ছনা পুরো পরিবেশকে ভিন্নমাত্রা দেয়। নানা ভঙ্গিমায় পরিধেয় পোশাক তুলে ধরেন মডেলরা। মসলিনের কোনো শাড়িজুড়ে চুমকির কাজ, কখনো অ্যান্টিক ভাব আনা হয়েছে তাতে। আবার আনারকলি কাটের কামিজেও দেখা গেছে মসলিন ব্যবহার করতে। এ সময়ের জনপ্রিয় ধুতি-সালোয়ারের পাশাপাশি চুড়িদার সালোয়ারও স্থান পেয়েছে। কম-বেশি সব পোশাকে ছিল হাতের কাজের প্রাধান্য। শাড়িতে রকমারি লেইসের ব্যবহার চোখে পড়ার মতো ছিল। নেটের শাড়িও ছিল প্রচুর। বর্ষাকে উপলক্ষ করে পোশাক তৈরি করেছেন অনেকেই। ময়ূরকণ্ঠী, সাদা, কালো, লালসহ বিভিন্ন উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে এসব পোশাকে। মনোরম নকশা করা পাগড়ি, টুপি বা উত্তরীয় পোশাকেরই অংশ। এটি নতুনভাবে প্রদর্শিত হয়। এ ছাড়া শাড়ি-সালোয়ার কামিজের সঙ্গে অনুষঙ্গ হিসেবে ছিল বটুয়া ব্যাগ। ব্লাউজ ও শেরওয়ানিতে কাতান কাপড়ের আধিক্য ছিল। পোশাকে পরিবেশবান্ধব শীতলপাটির ব্যবহার আকর্ষণ করেছে সবাইকে। পোশাকের কাটেও ছিল বৈচিত্র্য। বিশেষ করে পাঞ্জাবি আর প্যান্টের কাটে। আদিবাসীদের তাঁতে বোনা কাপড়কেও নান্দনিকভাবে উপস্থাপন করেছেন ডিজাইনাররা।