দেশেই পিএইচডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফলাফল করেছেন, তাঁদের অনেকেরই স্বপ্ন থাকে পিএইচডি ডিগ্রি অর্জনের। এঁদের কিছু অংশ বিদেশে বৃত্তি নিয়ে পিএইচডি করতে যান। তবে বেশির ভাগই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা সম্পন্ন করে থাকেন। দেশের পুরোনো চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডির খবরাখবর নিয়ে এ আয়োজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল দুই বছরের এবং পিএইচডি চার বছরের প্রোগ্রাম। এমফিল কোর্স পূর্ণকালীন কোর্স হিসেবে গণ্য হয়। তাই চাকরিরত প্রার্থীদের এক বছরের ছুটি নিয়ে এমফিল গবেষণা শুরু করতে হয়। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রার অফিসের এমফিল ও পিএইচডি শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এমফিল ভর্তির যোগ্যতা: প্রার্থীর চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি, তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ ন্যূনতম ৫০% নম্বর থাকতে হয়। সিজিপিএ নিয়মের অধীন হলে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩.৫ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে।শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরা ভর্তির জন্য এখানে আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামের শিক্ষার্থীদের অনেককে মাসিক ৩০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়ে থাকে।পিএইচডি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করার জন্য প্রার্থীকে এমফিল পাস হতে হয়। শিক্ষাগত যোগ্যতা এমফিলের অনুরূপ। এ ছাড়া প্রার্থীকে ন্যূনতম স্নাতক পর্যায়ে শিক্ষাদানে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা কিংবা দুই বছরের গবেষণার অভিজ্ঞতা বা গবেষণা প্রতিষ্ঠানে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যতীত চাকরিরত প্রার্থীদের কর্মস্থল থেকে কমপক্ষে এক বছরের ছুটি নিয়ে পিএইচডি প্রোগ্রামে যোগ দিতে হবে।পিএইচডি গবেষকদের প্রতিবছর বিভাগীয় একাডেমিক কমিটির সামনে একটি সেমিনার বক্তব্য দিতে হয়। কমপক্ষে দুটি সেমিনার রিপোর্ট ছাড়া পূর্ণাঙ্গ থিসিস জমা নেওয়া হয় না। প্রতিবছর পিএইচডির আবেদনপত্র গ্রহণের জন্য দুবার বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেসব শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বিদেশ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরাও এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়এমফিল করতে আগ্রহী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের চার বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে সব কটি পর্যায়ে তাঁকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষার একটিতে শতকরা ৫৫ এবং অন্যটিতে ৫০ ভাগ নম্বর থাকতে হবে। যদি স্বীকৃত গবেষণা জার্নালে কমপক্ষে দুটি প্রকাশনাসহ স্নাতক পর্যায়ে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকে বা অন্তত চার বছরের গবেষণার অভিজ্ঞতা থাকে, তবে প্রার্থীর জন্য যোগ্যতার উল্লিখিত একটি শর্ত পূরণ শিথিলযোগ্য হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।পিএইচডিতে ভর্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে কোনো প্রার্থীর যদি এমফিল ডিগ্রি না থাকে, সে ক্ষেত্রে স্বীকৃত কোনো জার্নালে তিনটি গবেষণা প্রকাশনা বা পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা গবেষণা প্রতিষ্ঠানে ছয় বছর গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তিনি কর্মস্থল থেকে দুই বছরের ছুটি পাবেন। এই প্রোগ্রামে গবেষণারত চাকরিজীবীদের বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রকার ফেলোশিপ দেওয়া হয় না। এ বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ বিভাগের অধীনে পিএইচডি করার সুযোগ রয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজেও (আইবিএস) দুই বছর মেয়াদি এমফিল এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। আইবিএসের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডির অনুরূপ। এ ক্ষেত্রে প্রার্থীর প্রস্তাবিত বিষয়টি অবশ্যই বাংলাদেশ-সম্পর্কিত হতে হবে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই গবেষণা প্রতিষ্ঠানে এমফিলের জন্য ১৫টি আসন এবং পিএইচডির জন্য ১০টি আসন রয়েছে। আবেদনপত্র সংগ্রহের পর এখানে ভর্তির জন্য একটা লিখিত পরীক্ষা নেওয়া হয়। এখানে রয়েছে শতভাগ আবাসিক সুবিধা। এমফিল ফেলোশিপে মাসিক এক হাজার ৫০০ এবং পিএইচডি ফেলোশিপে মাসিক দুই হাজার টাকা দেওয়া হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়যাঁরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধীনে এমফিল প্রোগ্রামে ভর্তি হতে চান, তাঁদের চার বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে অবশ্যই তাঁকে দ্বিতীয় বিভাগ পেতে হবে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষার যেকোনো একটিতে ন্যূনতম শতকরা ৫৫ ভাগ এবং অন্যটিতে ন্যূনতম শতকরা ৫০ ভাগ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মের অধীন হলে একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ এবং অন্যটিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।শুধু নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধীনে যাঁরা এমফিল করতে চান, তাঁদের কোনো একটি নাট্যদলে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা দুটি গবেষণা প্রবন্ধ কোনো স্বীকৃত গবেষণা জার্নালে প্রকাশিত থাকতে হবে। এ ক্ষেত্রে যদি কারও স্নাতক পর্যায়ে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকে বা অন্তত দুই বছরের গবেষণার অভিজ্ঞতা থাকে, সে ক্ষেত্রে উল্লিখিত যোগ্যতার একটি শর্ত শিথিলযোগ্য হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।পিএইচডি প্রোগ্রামে ভর্তি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাঁরা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে চান, সেসব প্রার্থীকে অবশ্যই এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা যাঁদের স্নাতক (সম্মান) পর্যায়ে চার বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে অথবা কোনো প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠানে দুই বছরের গবেষণার অভিজ্ঞতা আছে, তাঁরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ভর্তির যোগ্যতা এমফিলের শর্তগুলোর অনুরূপ। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তিনি কর্মস্থল থেকে দুই বছরের ছুটি নিতে পারবেন। এই প্রোগ্রামে প্রার্থীদের বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে, যা মেধার ভিত্তিতে ও অন্যান্য যোগ্যতা পূরণের মাধ্যমে দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়এই বিশ্ববিদ্যালয়ের অধীনে যাঁরা এমফিল করতে চান, তাঁদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস হতে হবে। এ ক্ষেত্রে তিন বছরের স্নাতকসহ স্নাতকোত্তর অথবা চার বছরে স্নাতকসহ স্নাতকোত্তর হতে পারে। এ ক্ষেত্রে প্রার্থীকে শিক্ষাজীবনের সব পর্যায়ে দ্বিতীয় বিভাগসহ অবশ্যই ৫০% নম্বর পেতে হবে। সিজিপিএ নিয়মের অধীন হলে জিপিএ থাকতে হবে ৩.০০। কোনো প্রার্থী যদি পাস কোর্সে ডিগ্রি পাস করেন এবং মাস্টার্স করেছেন এমন হয়, তবে তাঁকে দুটির কোনো একটিতে প্রথম শ্রেণী পেতে হবে। অন্যগুলোতে অবশ্যই দ্বিতীয় বিভাগ/শ্রেণী থাকতে হবে। যেসব প্রার্থীর গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছর গবেষণা করার অভিজ্ঞতা আছে, কিংবা কোনো স্বীকৃত জার্নালে কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, সে ক্ষেত্রে একটি শর্ত শিথিলযোগ্য। প্রার্থীর শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। পিএইচডি প্রোগ্রামে ভর্তি: পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য এমফিল ডিগ্রি থাকতে হবে। এমফিল ডিগ্রি না থাকলে প্রার্থীকে ৪ বছরের স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং থিসিসসহ ৬০ ভাগ নম্বর পেতে হবে। সিজিপিএ হলে তা ৩.৭৫ হতে হবে। অথবা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঁচ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা, গবেষণা জার্নালে দুটি প্রকাশিত গবেষণা প্রবন্ধ অথবা ১০ বছরের গবেষণার অভিজ্ঞতা এবং কমপক্ষে পাঁচটি প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী থাকলে তাঁর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।অন্যান্য বিশ্ববিদ্যালয়উপরিউক্ত চারটি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশে আরও কিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তির যোগ্যতা নির্ধারিত হয়ে থাকে।এমফিল থেকে পিএইচডিতে রূপান্তরকোনো এমফিল শিক্ষার্থী চাইলে তাঁর এমফিল ডিগ্রিকে কিছু শর্ত পূরণ করে পিএইচডিতে স্থানান্তর/রূপান্তর করতে পারেন। এ ক্ষেত্রে শর্তগুলো হলো—এমফিল পর্যায়ের প্রথম পাঠের সমাপনী পরীক্ষায় তাঁকে কমপক্ষে শতকরা ৬০ ভাগ নম্বর পেতে হবে এবং শিক্ষার্থীর তত্ত্বাবধায়ক শিক্ষকের সুপারিশ থাকতে হবে।এমফিল ও পিএইচডি গবেষকদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গবেষণা ফেলোশিপ পাওয়ার সুযোগ রয়েছে।(বিশেষ দ্রষ্টব্য: কোনো কারণে কোনো বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিপ্রোগ্রামে ভর্তির যোগ্যতার রদবদল হতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি চূড়ান্ত বলে বিবেচিত হয়ে থাকে।)