দেশের ক্ষুদ্রতম ব্যাঙের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়ো আঙুলে বসে থাকা বাংলাদেশের ক্ষুদ্রতম ব্যাঙ, আঙুলের তুলনায় বোঝা যাচ্ছে ব্যাঙটির আকার কত ছোট
বুড়ো আঙুলে বসে থাকা বাংলাদেশের ক্ষুদ্রতম ব্যাঙ, আঙুলের তুলনায় বোঝা যাচ্ছে ব্যাঙটির আকার কত ছোট

ঝমঝম বৃষ্টিটা থেমে গেল সাঁঝের আগে আগেই। আমরা তখন বেরোলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেলক্রসিং-সংলগ্ন মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়ার দিকে, উভচর ও বন্যপ্রাণীর খোঁজে। আমরা বলতে মাঠগবেষণার সঙ্গী বন বিভাগের কর্মকর্তা ইসরাত জাহান, বন্যপ্রাণী গবেষক তানিয়া খান ও তাঁর স্বামী সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ অফিসার মুনীর খান। তানিয়া-মুনীরের সার্বক্ষণিক মাঠসঙ্গী স্কুলত্যাগী কিশোর রফিকও রইল সঙ্গে।
বৃষ্টি শেষে বন মাতিয়ে ডাকছিল আবর্জনা বা লাল-চোখ ব্যাঙ। চারপাশের ঝোপঝাড় থেকে আরও ভেসে আসছিল সাধারণ ও ম্যাকুলেটা গেছো ব্যাঙ ও কয়েক প্রজাতির উচ্চিংড়ার ডাক। এর মধ্যে একটি প্রজাতি ছিল বেশ অভিনব। নতুন পাওয়া সিঁদুরে উচ্চিংড়া নয়, বরং লালচে-কমলা রঙের ও আবছা ফুটকিযুক্ত; তবে বসার ভঙ্গি বাকি প্রজাতির চেয়ে আলাদা। দেখা মিলল কয়েক ধরনের উড়চুঙ্গা, ডাঁশ, গন্ধিপোকা, ফড়িং ও দেয়ালিপোকার। কিন্তু ছড়ার হাতছানিই অনুভব করছিলাম বেশি।
তানিয়ারা কখনো কালভার্ট বা বনের ভেতরের পুলের নিচে কোনো বাদুড় বা চামচিকার সন্ধান করেননি, আরবে যা আমরা প্রতিনিয়ত করে থাকি। সাঁঝের আগে রেকি করার সময় তঁাদের বলেছিলাম, মসজিদের পরের মূল রাস্তার প্রধান কালভার্টটা দেখব আজ রাতে। মজার ব্যাপার, কালভার্টের নিচে গিয়ে টর্চের আলো ফেলেই দেশে প্রথমবারের মতো মাঝারি পাতানাক চামচিকার সন্ধান পেয়ে গেলাম, যার ছবি প্রথম আলোয় ছাপাও হয়েছে।
ছড়ায় নামার আগে মসজিদের ৫০ থেকে ৬০ মিটারের মধ্যে বড় বাঁশঝাড়। আশপাশেও প্রচুর ঝোপ। তার পাশ দিয়ে মেঠোপথ ধরে এগোনোর সময় রফিক একটি ক্ষুদ্রাকৃতি ব্যাঙের দিকে টর্চ মারল। আমার ভারী দেহ ও ততোধিক ভারী ক্যামেরা ও যন্ত্রপাতি নিয়ে হেলে ছবি তুলতে না পারায় রফিক ব্যাঙটি তুলে দিল আমার হাতে। বুড়ো আঙুলে ব্যাঙটিকে রেখে দুটি ছবি তুললাম। তৎক্ষণাৎ মনে হলো, ওটি সাধারণ কোনো ব্যাঙের ছানা। দিনকয় আগে আমার প্রকাশিতব্য একটি বইয়ের ছবি খঁুজতে এক্সটার্নাল হার্ডডিস্কে ঢুকেছি। তখন সেই ব্যাঙের ছবি দুটো বড় করে দেখলাম। না, দেশ থেকে এ পর্যন্ত রিপোর্ট করা কোনো ব্যাঙের সঙ্গে তো এর মিল নেই।
ছবিগুলো ই-মেইল করে পাঠিয়ে দিলাম ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির তরুণ বিজ্ঞানী ড. ফিরোজ আহমেদের কাছে। এর আগেও ব্যাঙ ও সরীসৃপের প্রজাতি নির্ণয়ে তিনি আমাকে সাহায্য করেছেন। উত্তরে তিনি জানালেন, এটি অবশ্যই Micryletta (Microhyla inornata Boulenger, ১৮৯০) গণের কোনো প্রজাতি। তবে ঠিক কোন প্রজাতি, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। ব্যাপারটি অস্বাভাবিক নয়। দেশের ব্যাঙ ও উভচর-সংক্রান্ত দলিল-দস্তাবেজ ও ইন্টারনেট ঘেঁটে দেখলাম, বাংলাদেশ তো বটেই, পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম বা ত্রিপুরাতেও কেউ এ গণ বা প্রজাতির তথ্য কেউ রেকর্ড করেনি।
বইপত্র ও ইন্টারনেট ঘেঁটে জানলাম, ১৮৯০ সালে ব্রিটিশ বিজ্ঞানী বাউলেনজার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে সংগৃহীত দুটি পুরুষ ও একটি স্ত্রী নমুনার ওপর ভিত্তি করে Microhyla inornata Boulenger, ১৮৯০ প্রজাতিটি বিজ্ঞানজগতের জন্য লিপিবদ্ধ করেন। তবে ১৯৮৭ সালে ফরাসি বিজ্ঞানী অ্যালাঁ দ্যুবোয় বাউলেনজারের দেওয়া গণ নাম Microhyla পরিবর্তন করে Micryletta রাখেন। এর প্রধান কারণ ছিল মাইক্রাইলেট্টা গণের ব্যাঙের খুব ছোট করে হলেও চোখের পিছনে কানপট্টি বা কর্ণপটাহ বা টিম্প্যানাম আছে, যা মাইক্রোহাইলা গণের নমুনায় নেই। এ ছাড়া এই দুই গণের ব্যাঙাচির নমুনায় প্রভেদও অনেক।

রেজা খান
রেজা খান

আমার বুড়ো আঙুলে বসা ব্যাঙটির ছবির দিকে তাকালেই বোঝা যাবে সেটি কত ছোট। বাউলেন্জার ১৮৯০ সালে এর আকার মাত্র ২০ মিলিমিটার বা দুই সেন্টিমিটার বলে উল্লেখ করেন। তবে ইন্টারনেটে পাওয়া তথ্যে বলা হয়েছে, এর দৈর্ঘ্য ২৩ থেকে ৩৩ মিলিমিটার বা এক ইঞ্চির কমবেশি। এ পর্যন্ত দেশে পাওয়া ব্যাঙের মধ্যে এটিই ক্ষুদ্রতম প্রজাতি। বাংলায় আমি এর নাম রেখেছি লাউয়াছড়ার বামন ব্যাঙানু বা লাউয়াছড়ার পিগমি ফ্রগলেট। বিশ্বে মাইক্রাইলেট্টার আর মাত্র একটি প্রজাতি আবিষ্কৃত হয়েছে, নাম Micryletta steinegeri Boulenger, ১৯০৯। আবিষ্কর্তা বাউলেনজার। এ প্রজাতির বিস্তার আছে কেবল তাইওয়ানে।
ভারতীয় বিজ্ঞানী পিল্লেই ১৯৭৭ সালে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে সংগৃহীত নমুনাকে Microhyla inornata বলে চিহ্নিত করেন। পরবর্তী সময়ে তা Micryletta inornata হিসেবে বিবেচিত হয়। এ প্রজাতির গবেষকেরা বলেছেন, কেবল ভারতের আন্দামান ও মিয়ানমার বাদে বাকি প্রায় সারা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি বিস্তৃত। ভারত, মিয়ানমার বা চীনের মূল ভূখণ্ডে এ ব্যাঙ কেন নেই, তা নিয়ে বিজ্ঞানীরা বিস্মিত। এই ইনরন্যাটা প্রজাতির সঙ্গে লাউয়াছড়ার নমুনাটির বাহ্যিক মিল ব্যাপক। আমাদের পাওয়া ব্যাঙটি তাই এ প্রজাতির বলেই আমার বিশ্বাস।
প্রশ্ন হলো, বাংলাদেশের লাউয়াছড়ায় এ প্রজাতিটি এল কী করে কিংবা কোত্থেকে। কোনো মানুষ নিশ্চয়ই এটি বহন করে আনেনি। ব্যাঙটি এখানে আসতে পারে একান্তই প্রাকৃতিকভাবে, যখন বাংলাদেশ ভূখণ্ড কোনো না কোনোভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ভূতাত্ত্বিকভাবে যুক্ত ছিল। এমনও হতে পারে যে এ প্রজাতির নমুনা হয়তো ভারত ও মিয়ানমারের মূল ভূখণ্ডে আছে, কিন্তু এখনো আমরা তা খঁুজে পাইনি।
আমাদের এই ব্যাঙ কি আসলেই Micryletta inornata প্রজাতির? নাকি তার কোনো উপপ্রজাতি? নাকি এটি একেবারেই নতুন কোনো Micryletta প্রজাতির নমুনা? এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের দরকার হবে হাতে পাওয়া নমুনা। সেই নমুনার মাপজোখ, বর্ণনা, ব্যাঙাচির আকার, আয়তন ও বর্ণ বা বিশেষ অঙ্গপ্রত্যঙ্গ প্রজাতিটির পরিচয় জানাবে? আরও দরকার হবে ব্যাঙটির ডিএনএ বিশ্লেষণ। এর আগ পর্যন্ত এটিকে Micryletta inornata, লাউয়াছড়ার বামন ব্যাঙানু বা লাউয়াছড়ার পিগমি ফ্রগলেট ধরে নিতে কোনো আপত্তি দেখি না।
লেখক: বন্যপ্রাণী ও চিড়িয়াখানা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, দুবাই পৌরসভা।