দেশের চেহারা বদলানোর উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছেন, আগামীবার ক্ষমতায় গেলে তিনি দেশের চেহারা বদলে দেবেন। তাঁর কথায় এরই মধ্যে পড়ে গেছে শোরগোল। কীভাবে বদলানো হতে পারে দেশের চেহারা, তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। সবার সুবিধার্থে আমরাও ভেবে রেখেছি কিছু উপায়। আসুন, দেখে নেওয়া যাক উপায়গুলোমানচিত্র পরিবর্তনকোনো দেশের চেহারা ভাবলে প্রথমেই চোখে আসে সে দেশের মানচিত্র। আগামীবার তাঁরা ক্ষমতায় গেলে খুব সহজে পরিবর্তন করে ফেলতে পারেন দেশের চেহারা। মোট আয়তন ঠিক রেখে এদিক-ওদিক দেশের জমিগুলোর কম-বেশি করলেই পরিবর্তন চলে আসবে মানচিত্রের। বুদ্ধি খাটালে হয়তো কিছু কিছু জায়গায় জমির পরিমাণ বেড়েও যেতে পারে। ফলে মানচিত্রের পরিবর্তনের কারণে বদলে যাবে দেশের চেহারা।রঙিন রঙে রাঙিয়েদেশ বলতে শুধু দেশের ভূমিকে বোঝানো হয় না, দেশের অবকাঠামোকেও বোঝায়। বিদ্যমান বাড়িঘর, সেতু ও রাস্তাগুলোকে নানা রঙে রাঙানো যেতে পারে। পেইন্টিং কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়ার মাধ্যমে সাধারণ জনগণ নিজেদের বাড়িগুলো রঙিন করে সাজাতে পারবে। রঙিন দেশ দেখে একদিকে পাবলিক যেমন খুশি হয়ে উঠবে, অন্যদিকে দেশের রংশিল্পে ঘটবে বিপ্লব। সেই সঙ্গে দেশের চেহারা পরিবর্তন করে রক্ষা করা যাবে চেহারা বদলানোর প্রতিশ্রুতি।প্রচুর পরিমাণে বিউটি পারলারদেশের মানুষই কিন্তু দেশের চেহারা তুলে ধরে। নিয়মিত রূপচর্চার মাধ্যমেই মানুষের চেহারার হয় পরিবর্তন। প্রচুর পরিমাণে জেন্টস অ্যান্ড লেডিস বিউটি পারলার খোলা যেতে পারে। এই খাতে দেওয়া যেতে পারে ক্ষুদ্রঋণ। ফলে দলমত-নির্বিশেষে নারী-পুরুষ যাবেন পারলারগুলোয়। নিয়মিত রূপচর্চায় তাঁদের চেহারা হয়ে উঠবে সুন্দর। সেই সঙ্গে পারলার-শিল্পে ঘটবে বিকাশ। দেশের আমজনগণের চেহারার পরিবর্তনের মধ্য দিয়ে সূচনা হবে দেশের চেহারা পরিবর্তনের।বৃক্ষরোপণ কিংবা নিধনবৃক্ষরোপণ কিংবা নিধন—এ দুভাবেই দেশের চেহারার করা যেতে পারে পরিবর্তন! একটু অবাক হচ্ছেন, সরকারিভাবে প্রচুর গাছ রোপণ করে দেশের চেহারা করা যেতে পারে ঘন সবুজ। তেমনি গাছ নিধন করে দেশকে পরিণত করা যেতে পারে ধূসর মরুভূমিতে। কোন পদ্ধতিতে যাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশের চেহারা পরিবর্তন হবে দুই পদ্ধতিতেই।দুর্নীতি রপ্তানিবিজ্ঞজনেরা বলেন, দেশে দুর্নীতির পরিমাণ কমালে দেশের চেহারা বদলে যাবে। অনেক দেশ আছে, যেখানকার কিছু অধিবাসী চান দুর্নীতি করে দুটো পয়সা আয় করতে, কিন্তু দুর্নীতির শিক্ষা নেই বলে তা হয়ে ওঠে না। বিরোধী দল সরকারে গিয়ে ইচ্ছা করলেই সরকারি উদ্যোগে দুর্নীতি রপ্তানি শুরু করতে পারে। সেই সঙ্গে খুব সহজেই দুর্নীতিবাজদের আদম ব্যাপারীর মাধ্যমে পাঠাতে পারে বাইরের দেশগুলোয়। একদিকে যেমন প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসতে শুরু করবে, অন্যদিকে দেশে দুর্নীতির চাপ কমে যাবে। বদলে যাবে দেশের চেহারা।নেতাদের স্বভাব পরিবর্তনদেশের রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নানা কার্যকলাপ বহির্বিশ্বের কাছে তুলে ধরে আমাদের দেশের চেহারা। যেকোনো দলীয় প্রধানের ক্ষমতা আছে নেতাদের স্বভাব পরিবর্তনের। দলীয় প্রধানের আদেশ যেহেতু মানতে বাধ্য তাঁরা, তাই নিজের প্রতিশ্রুতি রক্ষার্থে সামনের বার ক্ষমতায় গিয়ে বিরোধী দলের প্রধান বদলে দিতে পারেন তাঁর দলের নেতাদের স্বভাব। এক দলের নেতাদের স্বভাব পরিবর্তন হতে শুরু করলে অন্য দলের নেতারা স্বভাব পরিবর্তনে বাধ্য। নেতাদের এই পরিবর্তনের মধ্য দিয়েই দেশের চেহারা যাবে বদলে।