দেশের জন্য জার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ববাসী আমার নকশা করা জার্সিতে দেখছে বাংলার টাইগারদের—আমার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!’ এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন ‘বানাও বাংলাদেশ জার্সি বানাও’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হাবিবুল্লাহ আল ইমরান। ইমরান বলেন, ‘যদিও প্রতিযোগিতায় আমি ৩ নম্বরে ছিলাম, তবুও আমার জার্সি শেষ পর্যন্ত মনোনীত হওয়ায় আরও ভালো লাগছে।’বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের জার্সি বেছে নিতে ‘বানাও বাংলাদেশ জার্সি বানাও’ স্লোগানে গ্রামীণফোন আয়োজন করে দেশব্যাপী এই প্রতিযোগিতার।এতে প্রথম হন শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনের মাস্টার্সের শিক্ষার্থী সেজান লিঙ্কন। তিনি বলছিলেন, ‘জার্সির নকশা করার আগে সারা রাত ১০টি দেশের জার্সি নিয়ে গবেষণা করে সকালের আলো ফোটার আগেই নকশাটা তৈরি করে ফেলি।’ সেজানের জার্সি পরে এবার বাংলাদেশ খেলছে না ঠিকই, তবে তিনি আশাবাদী, ‘আমার এই জার্সি পরে পরের কোনো টুর্নামেন্টে একদিন খেলবে বাংলাদেশ। আমি চেষ্টা করেছি ঋতু, রং ও দেশকে তুলে ধরতে।’প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়া সৌরভ দাস মিথুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মাস্টার্সের শিক্ষার্থী। পড়ছেন ছাপচিত্র বিভাগে। ছোটবেলা থেকেই দেশি-বিদেশি বেশকিছু পুরস্কার তাঁর দখলে। আঁকাজোকা ছাড়াও গানে বেশ আগ্রহ। নিজ দেশের বিশ্বকাপ খেলা নিয়ে বেশ কবছর ধরে উত্তেজনা ছিল অন্য দশজনের মতো। কিন্তু জার্সি প্রতিযোগিতার কথা শুনেই মনের মধ্যে আঁকিবুঁকি শুরু করেন। সৌরভ বলেন, ‘মাত্র দুই দিনের ভাবনা থেকেই ডিজাইন তৈরি করি। যেহেতু কর্তৃপক্ষ লাল-সবুজ রং নির্ধারণ করে দেয়, তাই কীভাবে নকশায় বৈচিত্র্য আনা যায়, এটাই ঘুরপাক খেতে থাকে মাথার মধ্যে।আর সেই চিন্তা থেকেই সবুজ জার্সিতে কাঁধে হালকা লালের মধ্যে ডোরাকাটা। আর পিঠে ট্রাউজারের যেখানে বল ঘষা হয়, সেখানে রেখেছি বাঘের নখের আঁচড়। বাঘের আঁচড় দিয়ে মূলত আমাদের ক্রিকেটারের ক্ষিপ্রতা বোঝাতে চেয়েছি।’ হাবিবুল্লাহ আল ইমরান প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হলেও তাঁর জার্সিতেই এবারের বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ইমরান ডিজাইনের ওপর লেখাপড়া না করলেও পড়া শেষ করে নিজেই দিয়েছেন ‘কালার ক্রাফট’ নামের একটি ডিজাইন ফার্ম। ছোটবেলা থেকেই ক্রিকেটপাগল ইমরান। আর তাই তো সম্প্রতি কক্সবাজারে বিচ ক্রিকেট দেখতে গিয়েই সিদ্ধান্ত নেন জার্সি প্রতিযোগিতায় ডিজাইন জমা দেওয়ার।ইমরান বলেন, ‘আমার জার্সিতে খেলার মৌসুমকে প্রধান্য দিয়ে মেস ফেব্রিক্সের ওপর সাবলিমেশন প্রিন্ট দিয়েছি, যা অন্য প্রতিযোগীর থেকে সম্পূর্ণ আলাদা। এ ছাড়া নির্ধারিত রঙের বাইরে আমি দুই পাশে সোনালি রঙের স্টেপের মাধ্যমে আমাদের সোনালি আঁশের ঐতিহ্য তুলে ধরতে চেয়েছি।’গ্রামীণফোনের হেড অব মার্কেট কমিউনিকেশন তাহমিদ আজিজুল হক বলেন, ‘জার্সি উৎ সবে সারা দেশ থেকে প্রায় চার হাজার নকশা জমা পড়ে। এর মধ্য থেকে বিচারকদের সাহায্যে প্রথমে এক শ, এরপর টপটেন এবং শেষে টপ ফাইভ নিয়ে শুরু হয় ফাইনাল রাউন্ড। শেষ পাঁচটি জার্সিই বিসিবি নিয়ে নেয়। যা বিশ্বকাপ ছাড়াও অন্য যেকোনো খেলায় বাংলাদেশ দল পরবে।’