দেশের প্রথম ডিজিটাল ভূমি কার্যালয় ফটিকছড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি ভূমি কার্যালয়ে বসানো টাওয়ার (বাঁয়ে)। উপজেলার নেটওয়ার্কিংয়ের নকশা  প্রথম আলো
ফটিকছড়ি ভূমি কার্যালয়ে বসানো টাওয়ার (বাঁয়ে)। উপজেলার নেটওয়ার্কিংয়ের নকশা প্রথম আলো

দেশের প্রথম ডিজিটাল (স্বয়ংক্রিয়) ভূমি কার্যালয় চালু হচ্ছে ফটিকছড়িতে। ২৩ জানুয়ারি কার্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এটি চালু হলে নিখুঁত ও নির্ভুল ভূমি ব্যবস্থাপনা, কাজের স্বচ্ছতা, জবাবদিহি এবং রাজস্ব আদায় বাড়বে। এ ছাড়া, নামজারি, নথি হালনাগাদ করা এবং কম সময়ে ভূমি সম্পর্কে সঠিক তথ্য ও খতিয়ান পাওয়া যাবে বলে কর্মকর্তারা আশা করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যালয়টি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালু করার ব্যাপারে সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। উপজেলার সাড়ে ছয় লাখ মানুষ ছয়টি ইউনিয়ন উপকেন্দ্রের মাধ্যমে এর সুবিধা ভোগ করবে। উপজেলার চা-বাগান মালিকেরা এ ব্যাপারে আর্থিক সহায়তা দিয়েছেন। জেলা প্রশাসক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সূত্র জানায়, ইতিমধ্যে উপজেলার ছয়টি উপকেন্দ্র বিবিরহাট, নাজিরহাট, ধর্মপুর, ছাড়ালিয়াহাট, ভূজপুর ও নারায়ণহাটে টাওয়ার বসিয়ে রেডিওলিংকের মাধ্যমে সদর কার্যালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। কাজের সুবিধার জন্য প্রধান কার্যালয়সহ উপকেন্দ্রগুলোকে দেওয়া হয়েছে জেনারেটরসহ প্রয়োজনীয় কম্পিউটার সরঞ্জাম।
দেশের প্রথম ডিজিটাল ভূমি কার্যালয় ফটিকছড়িতে চালুর বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আজহারুল ইসলাম জানান, থাইল্যান্ডের সরকারি কার্যালয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ২০১০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রতিনিধিদল পাঠানো হয়। দলের সদস্য হিসেবে থাইল্যান্ডের সচিবালয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ নেন তিনি। সে অভিজ্ঞতার আলোকে দেশে ফিরে এখানেও স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম চালুর বিষয় চিন্তা করেন।
আজহারুল ইসলাম বলেন, ‘গত বছরের আগস্ট মাসের শুরুতে স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ চৌধুরী রনক বড়ুয়ার সমন্বয়ে প্রথমে ভূমি, রাজস্ব ও ব্যবস্থাপনার সমন্বয় ঘটিয়ে ডাটাবেজ ও সফটওয়্যার তৈরির কাজ শুরু করি। এরপর সব রেজিস্ট্রার স্বয়ংক্রিয়ভাবে একত্রে নিয়ে আসি।’ জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এটি দেশের প্রথম ডিজিটাল ভূমি কার্যালয়। এটি চালুর ব্যাপারে এলাকার সুবিধাভোগীরা আর্থিক সহায়তা দিয়েছেন। অদূর ভবিষ্যতে সরকারও এতে সহায়তা দেবে।
হালদাভ্যালি চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একে স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার জন্য তারা (ভূমি কার্যালয়) আমাদের কাছে সহায়তা চেয়েছেন। ইতিবাচক দিক বিবেচনায় এতে আমরা প্রয়োজনীয় সহায়তা দিয়েছি।’