দেশের বাজারে ট্রেসেমে

আড়ালে একটানা বাজছে যে মৃদু সুর, তারই তালে তালে পা দোলাচ্ছেন দর্শক-শ্রোতা। সেই তালটা আরও বাড়িয়ে দিতে প্রথমে মঞ্চে উঠে এল ব্যান্ড নেমেসিস। পরপর পাঁচটি গানে দর্শক মাতিয়ে রাত যখন নয়টা, তখনই মঞ্চে উঠে আসেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার। উদ্বোধন করেন ‘ট্রেসেমে ফ্যাশন শো’। তিনি জানান, চুলের সৌন্দর্য বাড়াতে বিশ্বজুড়ে স্বীকৃত একটি ব্র্যান্ড এই ট্রেসেমে। দেশের বাজারে এটি নিয়ে এল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।


নতুন এই ব্র্যান্ডের পণ্য বাজারে ছাড়া উপলক্ষেই ১৩ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করা হয় ফ্যাশন শোর। ইউনিলিভার জানায় ট্রেসেমে ব্র্যান্ডের কেরাটিন স্মুথ শ্যাম্পু ও কন্ডিশনার বাজারে পাওয়া যাচ্ছে।
নানা ঋতুতে পোশাক ও চুলের স্টাইলকে মূল ভাবনা ধরে আয়োজিত হয় ফ্যাশন শো। এতে দেশি-বিদেশি ৪৮ জন মডেল অংশ নেন। শো স্টপার হিসেবে ছিলেন বিদ্যা সিনহা মিম, সাদিয়া ইসলাম মৌ ও মেহজাবীন চৌধুরী। মাঝের একটুখানি বিরতিতে থাকে এলিটা করিমের সংগীত পরিবেশনা।

অপেক্ষা তখনো সাবেক মিস ইউনিভার্সকে এক ঝলক র্যাম্পে হাঁটতে দেখার। মঞ্চ আলোকিত করে লাল টুকটুকে পোশাকে এসে হাজির হন তিনি, বলিউড মডেল ও অভিনেত্রী সুস্মিতা সেন। বসন্ত ঋতুর পোশাক প্রদর্শনী শেষ করলেন শো স্টপার হিসেবে। দর্শকদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে র্যাম্পে একবার ঘুরে গেলেন।

পরক্ষণেই আবার ফিরলেন, তাঁর সঙ্গে এলেন ট্রেসেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও হেয়ার স্টাইলিস্ট ড্যানিয়েল বয়ার। নিজে বাঙালি, বাংলায় কথা বলে দর্শকদের উচ্ছ্বাস কুড়ালেন, নেমেসিস ও এলিটা করিমের গানে মুগ্ধ হয়ে ধন্যবাদ জানান।’