নূতন চন্দ্র সিংহের ১১১তম জন্মবার্ষিকী আজ। ১৯০০ সালের ১ ডিসেম্বর রাউজানের গুজরা গ্রামে মামার বাড়িতে তাঁর জন্ম। মাত্র আড়াই বছর বয়সে মা এবং আট বছর বয়সে পিতৃহারা হন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই, কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে ধীরে ধীরে মানুষ হন তিনি। একপর্যায়ে বিপুল অর্থবিত্তের মালিক হন। কিন্তু এই অর্থবিত্ত ভোগবিলাসে খরচ না করে তিনি জনকল্যাণমূলক কাজে লাগান। গড়ে তোলেন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান। এর মধ্যে কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির, কুণ্ডেশ্বরী মহাবিদ্যালয় এলাকায় নারী শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রেখে চলেছে। এলাকায় অসহায় মানুষের অভাব-অনটনে তাঁর সাহায্যের হাত ছিল সব সময় খোলা। স্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা বলে জানা যায়, ১৯৭১ সালের মার্চ-এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মুক্তিযুদ্ধের সংগঠক-বুদ্ধিজীবীদের আশ্রয় ও পরামর্শস্থল ছিল নূতন চন্দ্রের কুণ্ডেশ্বরী কমপ্লেক্স। ত ৎ কালীন রাজনীতিক আবদুল্লাহ আল হারুন, আবদুল্লাহ আল নোমান, আবদুল ওয়াহাবসহ অনেকেরই যাতায়াত ছিল সেখানে। ইপিআর সদস্যদের খাদ্য সরবরাহ ও যুদ্ধ প্রস্তুতিতে তাঁদের নানাভাবে সহযোগিতা দেন নূতন চন্দ্রের ছেলে সত্যরঞ্জন সিংহ এবং প্রফুল্লরঞ্জন সিংহ। এই বাড়িতে বসেই ডা. আবু জাফর, ড. এম এ আর মল্লিক, অধ্যাপক সৈয়দ আলী আহসান, আবদুল ওয়াহাবসহ সংশ্লিষ্ট সহযোগীরা মুক্তিসংগ্রামের প্রস্তুতি ও কলাকৌশল নিয়ে আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত নিতেন। পাকিস্তানি সেনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পৌঁছালে ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের ২৮টি পরিবারের সদস্যরা কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন এবং ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অবস্থান করেন। তাঁদের মধ্যে ছিলেন, ড. আনিসুজ্জামান, ড. মনিরুজ্জামান, অধ্যাপক ফজলী হোসেন, ড. রশিদুল হক, ড. মাহমুদ শাহ কোরেশী প্রমুখ। এ ছাড়া এসেছিলেন মাহবুব তালুকদার, এম এ হান্নান, ক্যাপ্টেন অলি আহমদসহ অনেকে। এসব কারণে কুণ্ডেশ্বরী কমপ্লেক্সকে ধ্বংসের পরিকল্পনা করে মুসলিম লীগপন্থী বিশেষ করে ফজলুল কাদের চৌধুরীর অনুসারীরা। দালালরা প্রচার চালায়, কুণ্ডেশ্বরীতে ভারতীয় সেনা ও অস্ত্র সমাবেশ হয়েছে এবং সেখান থেকে যুদ্ধ পরিচালিত হচ্ছে। শেষ পর্যন্ত কুণ্ডেশ্বরী ভবন নিরাপদ নয় জানতে পেরে শিক্ষক-পরিবার ও অন্যরা ১০ এপ্রিলের মধ্যে একে একে চলে যান সেখান থেকে।আবদুল্লাহ আল হারুন, আবদুল্লাহ আল নোমান, ড. আনিসুজ্জামান, সৈয়দ আলী আহসান প্রমুখ এলাকা ত্যাগ করার জন্য নূতন বাবুকে নানাভাবে অনুরোধ জানান। কিন্তু তিনি স্বদেশের মায়া ছেড়ে কোথাও যেতে রাজি হননি। ১৩ এপ্রিল সকাল প্রায় সাড়ে ১০টা। কুণ্ডেশ্বরী মাতৃমন্দিরের সামনে প্রার্থনায় বসেছেন নূতন চন্দ্র সিংহ। এ অবস্থায় চিহ্নিত দালাল-রাজাকারের একটি দল এসে গুলিতে নির্মমভাবে হত্যা করে তাঁকে। ধ্বংস করে কুণ্ডেশ্বরী ভবনসংলগ্ন ওষুধ কারখানা ও অন্য প্রতিষ্ঠানগুলো। পরে স্থানীয় ও আশপাশের রাজাকার ও তাদের সহযোগীরা লুট করে নিয়ে যায় সব অস্থাবর সম্পদ। জানা যায়, একই দিন আশপাশের অন্তত ৪৩ জন নারী-পুরুষকেও হত্যা করা হয়।চোখে না দেখলে সেদিনের ঘটনার বর্ণনা দেওয়া কঠিন। কুণ্ডেশ্বরীর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্লরঞ্জন সিংহের ভাষায়—‘সেসব অমানুষিক ঘটনা এখন বিস্তারিত বলা সম্ভব নয়, এলাকার তদানীন্তন চেয়ারম্যান আমানত খানসহ আরও অনেকের কাছে ঘটনা শুনে আমি অনেকটা নির্বাক হয়ে যাই। বাড়ি ফিরে শুধু ধ্বংস আর ধ্বংসের চিহ্ন দেখেছি। কারখানা, বাড়িঘর, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির, মহাবিদ্যালয়— সবকিছুই পুড়িয়ে ফেলা হয়েছিল। কারখানা লুটের পর অবশিষ্ট কাঁচামাল গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বাড়ির সব আসবাবপত্র ছাড়াও কারখানা এবং স্কুল-কলেজের সব সম্পদ লুট করে গহিরা, সর্তা সুলতানপুর, চিকদারইসহ অনেক বাড়িতেই নিয়ে যাওয়া হয়। এমনকি ধানের গোলাসুদ্ধ তুলে নেওয়া হয়। স্বাধীনতার পর সরকারের নির্দেশে লুটের মাল ফেরত দেওয়া শুরু হলে কিছু কিছু জিনিস ফেরত পাওয়া গেলেও সেগুলো অক্ষত ছিল না।’