দেশের মাটি ছুঁতেই মন চলে যায় চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবীন চৌধুরীর শৈশব-কৈশোর কেটেছে মরুর বুকে। কিন্তু দেশের প্রতি, চট্টগ্রামের প্রতি ছিল অন্য রকম ভালোবাসা। চট্টগ্রামের মেয়ে হিসেবে সুপারস্টার হয়ে তিনি গর্বিত। এসব কথা বলেছেন শান্তনু চৌধুরীকেজন্মের পর বাবার কোলে বসে পাড়ি দিয়েছিলাম মরুর দেশে। আমার বেড়ে ওঠা মধ্যপ্রাচ্যের দুবাই ও মাসকটে। ১৬ বছর পর দেশে ফিরি ২০০৭ সালে। মনে কী আনন্দ, এবার স্থায়ীভাবে দেশে থাকা যাবে। দেশের মাটি ছুঁতেই মন চলে যায় চট্টগ্রামে, আমি সোজা চলে যাই বহদ্দারহাটের বাড়িতে। সেখানেই আমার জন্ম। সেই বাড়ির সঙ্গে, চট্টগ্রামের সঙ্গে নাড়ির সম্পর্কটা অনুভব করেছিলাম তখন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চট্টগ্রামের হয়ে আমিই প্রথম ‘ইয়েস কার্ড’ জয় করেছি ভাবতে ভালোই লাগে।শুধু ইয়েস কার্ড নয় মেহজাবীন চৌধুরী জয় করেছেন সবই, হয়েছেন সুপার স্টার। প্রশ্ন করি—স্টার হওয়ার সাধ জাগল কেন? সাধ জাগার গল্পটা এ রকম—প্রতিযেগিতায় নাম দিয়েছিলাম অনেকটা হেলাফেলা করে। অডিশন রাউন্ডের কথা আমার মনেই ছিল না। স্কুলে যাচ্ছি, হঠাৎ জানতে পারি আজ অডিশন। তাড়াহুড়ো করে স্কুলব্যাগ নিয়ে ঢুকে পড়ি। স্কুলব্যাগ নিয়ে অডিশন দিতে যাওয়া নিয়ে হাসাহাসি হয়েছিল।২০০৭ সালে দেশে এসেই লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মতো বড় আয়োজন দেখে ভালো লাগল। কিন্তু প্রথমবার নাম নিবন্ধন করতে পারিনি। কারণ তখন আমার বয়স ১৮ হয়নি।দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, হঠাৎ ভিন্ন এক জগতে এসে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন, কেমন করে সম্ভব হলো? ‘এখানে বলা দরকার দীর্ঘদিন বাইরে থাকায় দেশের সংস্কৃতির সঙ্গে খাপ খেতে একটু সময় লেগেছে। আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি, তাই বাংলা বলতে ও লিখতে প্রথম দিকে সমস্যা হতো। কিন্তু আমি চেষ্টা করছি মায়ের ভাষাটা ভালোভাবে শিখতে। ভাষার সমস্যা এখন খুব একটা নেই।’ এবার সাফল্যযাত্রা নিয়ে বলি—মডেলিং করছি ছোটবেলা থেকে। দুবাই থাকাকালে টাইমস অব ওমান সাময়িকীর নিয়মিত মডেল ছিলাম। সে কারণে লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবে নাম লেখানোর সময় আত্মবিশ্বাস ছিল। একসময় মনে করতাম, অভিনয়ের চেয়ে মডেলিংটাই আমার জন্য ভালো হবে। কিন্তু লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর সিদ্ধান্ত বদলে ফেলি। তবুও মাঝেমধ্যে মনে হতো—আমি বুঝি ভালো অভিনয় করতে পারব না। কিন্তু সুপারস্টার প্রতিযোগিতার বিভিন্ন পর্বে আমার অভিনয় সম্পর্কে বিচারকদের ইতিবাচক মন্তব্য শুনে আত্মবিশ্বাসী হয়েছি।আর কী পারেন, কী করার ইচ্ছে আছে? আমি ইংরেজিতে গান করতে পারি। আগামী দিনে অ্যালবাম করার ইচ্ছে আছে। ব্যালে নাচ করছি। চলচ্চিত্রেও অভিনয় করতে চাই। কারণ আমি মনে করি অভিনয়ের আসল ঠিকানা চলচ্চিত্র। চেষ্টা করছি অভিনয়ে ভালো করার এবং আশা করি ভক্ত ও দর্শকদের হতাশ করব না। এ কথা জোর দিয়ে বলার কারণ, আমি পরিশ্রম করতে জানি। আর পরিশ্রম করলে সাফল্য আসবেই। এবার পরিবারের কথা জানতে চাই—আমার বাবা মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। তাঁর চাকরির কারণেই শৈশবে দেশ ছাড়তে হয়েছে আমাকে। আমার পরিবারের কেউ সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত না হলেও সবাই সংস্কৃতিমনা। সেই কারণে চৌধুরী পরিবারের বড় মেয়ে হয়েও সংস্কৃতিজগতে আসতে কোনো সমস্যা হয়নি।মরুর দেশের গল্প শুনতে চাই —মরুর দেশে থেকেও আমি ঠিকই টের পেতাম দেশের মাটিতেই বিশ্বমায়ের আঁচল পাতা। তাই প্রবাসে থাকার সময় যখন শুনতাম পরিবারের সবাই মিলে চট্টগ্রামে আসব, তখন আনন্দের ঢেউ খেলে যেত মনে। বছরে একবার দেশে আসতাম। চট্টগ্রামে এলেই পতেঙ্গা সৈকতে ছুটে যেতাম। সাগরের ঢেউ মনেও আনন্দের ঢেউ তুলত।প্রেম কি এসেছে একবারও? সরবে না নীরবে? অনেকে প্রশ্ন করেন, জীবন নিয়ে আমি কী ভাবি। জীবন নিয়ে আসলে খুব বেশি ভাবতে চাই না। আমি মনে করি, জীবন বহতা নদীর মতো। সময় বলে দেবে কী করতে হবে। এ ছাড়া খুব সাদামাটা আর সহজ সরল জীবনও মানুষকে অনেক দূর নিয়ে যায়। প্রেম, ভালোবাসা, বিয়ে নিয়ে কখনো ভাবি না। আমি মনে করি জীবন চলছে জীবনের নিয়মে, ভাগ্যে যা থাকে তা-ই হবে।লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার সময় তো তিন মাস বাড়ি যেতে পারেননি। তখনকার অভিজ্ঞতা বলুন—তখন খুব খারাপ লাগত। ওই সময়টাকে খুব মিস করি। বিশেষ করে সেরা পাঁচে যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে একটা অন্য রকম বন্ধুত্ব ছিল। এখন খুব বেশি যোগাযোগ নেই তাঁদের সঙ্গে। ক্যাম্পে আমাদের কাছে মুঠোফোন ছিল না। দিনে মাত্র একবার আধঘণ্টার জন্য মুঠোফোন দেওয়া হতো। ওই সময়টার প্রতীক্ষায় থাকতাম। সে সময় পরিবারের সঙ্গে কথা বলতাম। সেরা চারের চোখে মেহজাবীনলাক্স চ্যানেল আই সুপারস্টারের সেরা পাঁচের একজন সিফাত ই তাহসিন। তিনি মনে করেন, ‘মেহজাবীন অনেক লক্ষ্মী মেয়ে, ভীষণ পরিশ্রমী আর যত্নবান।’ মৌনিতা খান ইশানার মতে, ‘মেহজাবীন অনেক মেধাবী আর লক্ষ্মী মেয়ে।’ সাদিকা পারভীন স্বর্ণা বলেন, ‘বয়সের তুলনায় মেহজাবীনের গ্রহণ করার ক্ষমতা বেশি। চমত্কার মেয়ে।’ নাজিয়া হক অর্ষার মতে, ‘মেহজাবীনের আচরণের মধ্যে একটা বাচ্চাসুলভ ভাব আছে। একটু বেশি আবেগী মনে হয় তাঁকে।’