দেশের মাটিতে মরুর খেজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে খোরমা খেজুরের চারা উৎপাদন ও বিপণন শুরু হয়েছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খোরমা খেজুরের চারা বিক্রি শুরু করেছেন খোরমা খেজুর নার্সারির মালিক মনজুর ইকবাল। তিনি দীর্ঘদিন থেকে মরুর দেশের অর্থকরী ফসল কীভাবে বাংলাদেশে উৎপাদন করা যায়, তা-ই নিয়ে গবেষণা করেন।মনজুর ইকবাল জানান, তিনি গত বছরের আগস্ট থেকে তাঁর বাড়ির ছাদে প্রথম পরীক্ষামূলকভাবে খোরমা খেজুরের চারা উৎপাদন শুরু করেন। এতে তিনি সফল হয়েছেন। এরপর তিনি বাড়ির সম্পূর্ণ ছাদ, কার্নিশ এবং ঘরের আশপাশের সব পরিত্যক্ত স্থানে খোরমা খেজুরের চারা উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে চারাগুলো কিছুটা বড় হয়ে কাঁটাযুক্ত পাতার জন্ম দিয়েছে। বর্তমানে তাঁর খোরমা খেজুর নার্সারিতে প্রায় ৪০ হাজার চারা রয়েছে। তিনি বলেন, ‘খোরমা খেজুর একটি উষ্ণমণ্ডলীয় জলবায়ুর ফল। খোরমা হচ্ছে জাত খেজুর আর আমাদের দেশে যে খেজুরগাছ আছে তা হচ্ছে পাতি খেজুর। খোরমা বাংলাদেশের সব অঞ্চলের সব ধরনের মাটিতে উৎপাদন সম্ভব। তা ছাড়া এটি প্রচণ্ড লবণাক্ততা সইতে পারে বলে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায়ও গাছের কোনো ক্ষতি হবে না। খেজুরগাছ দীর্ঘ বন্যা, তীব্র ঝড় ও ঠান্ডা সইতে পারে।’ একটি খোরমা খেজুরগাছ থেকে বছরে ১২০ কেজি খেজুর উৎপাদন ও শীত মৌসুমে একটি নরগাছ থেকে দৈনিক গড়ে ৩০-৩৫ লিটার রস আহরণ সম্ভব। যা দিয়ে রাব, গুড়, চিনি, ওয়াইন, অ্যালকোহল, ভিনেগার ইত্যাদি তৈরি করা যায়।বাংলাদেশে খোরমা খেজুরগাছ লাগিয়ে একদিকে খেজুর আমদানি বন্ধ করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। অন্যদিকে খেজুর, রাব, গুড় ইত্যাদি দিয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদাও পূরণ করা সম্ভব।বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠী যেন নিজ নিজ বাড়ির আঙিনায় এবং আশপাশে খোরমা খেজুরগাছ লাগিয়ে নিজেদের চাহিদা পূরণ করে কিছু বাড়তি আয়ও করতে পারে, সে জন্য বড় চারার দাম রাখা হয়েছে ৬০০ টাকা, মাঝারি চারা ৩৫০ টাকা এবং ছোট চারার দাম রাখা হয়েছে ২৫০ টাকা।