দেশের শান্তি ও অর্থনীতির কথা একবার ভাবুন

টানা অবরোধ চলছে। প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। অথচ এ নিয়ে সরকার বা দেশের অন্য রাজনৈতিক দলগুলোর কোনো মাথাব্যথা নেই। অর্থনীতি ভালো থাকলে, দেশ ভালো থাকবে—এটি সহজ হিসাব। এ বিষয় নিয়ে কেন তাঁরা ভাবছেন না, সেটি আমাদের বোধগম্য নয়।
প্রতিনিয়ত বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আসছে, দেশে পণ্যর কোনো সংকট নেই। কিন্তু এসব পণ্য নির্বিঘ্নে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেটে ঠিকমতো পণ্য সরবরাহ করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে অনেক পণ্যই গুদামে স্তূপ হয়ে পড়ে আছে। পরিবহনসংকট ও নাশকতার ভয়ে একদিকে পরিবহনের সংখ্যা কমেছে, অন্যদিকে ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ।
আমাদের হিসাবে, ইতিমধ্যে ১৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। সরকার ও অন্য রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ, দেশের শান্তি ও অর্থনীতির কথা একবার ভাবুন। নিজেদের মধ্যে আলোচনা ও সমঝোতা করে এ দেশের ব্যবসায়ীদের রক্ষা করুন।
অনুলিখন: সাঈদা ইসলাম