দেশের সব হাসপাতালে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট চালু জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পোড়া রোগীদের মূল চিকিৎসাই করতে হয় দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে। এর পরে চিকিৎসা করে সাধারণত পোড়া রোগীদের বেশি বাঁচানো যায় না। তা ছাড়া পোড়া রোগীদের ড্রেসিং থেকে শুরু করে যত্ন-আত্তি—সব কিছুই অন্য রকম। বিশেষ ধরনের প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন এদের চিকিৎসা করার জন্য। বর্তমানে আমাদের এই ইউনিট ছাড়া আর দেশের কোথাও পোড়া রোগীদের চিকিৎসা করার প্রশিক্ষিত ইউনিট নেই। নিমতলীর মতো কোনো দুর্ঘটনা ঢাকার বাইরে হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা আছে। দুর্যোগ পরিস্থিতি ছাড়াও বয়লার ফেটে কিংবা বিদ্যুতের তার থেকে নানাভাবে যেসব পোড়ার ঘটনা নিত্য ঘটছে, তারও সঠিক চিকিৎসার অভাবে অনেক প্রাণহানি ঘটছে আমাদের অগোচরে। তাই অবিলম্বে সব জেলায় প্রশিক্ষিত জনবল দিয়ে বার্ন ইউনিট চালু করা অত্যন্ত জরুরি। দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট চালু এবং তরুণ চিকিৎসকদের জন্য এই বিষয়ে বিশেষায়িত কোর্স চালুর ব্যবস্থা করা এখনই প্রয়োজন। এ সম্পর্কিত বেশ কিছু প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। নিমতলী দুর্ঘটনা সামাল দেওয়ার পর এ সরকারের যে সদিচ্ছা দেখেছি আমাদের ইউনিটকে শক্তিশালী করার ব্যাপারে, তাতে খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়ন দেখতে শুরু করব বলে আশা করছি।