দেশের সীমানা ছাড়িয়ে জিহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবে দ্বিতীয়বারের মতো ‘অনারেবল ম্যানশন’ পুরস্কার জিতলেন শিল্পী জিহান করিম l প্রথম আলো
গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবে দ্বিতীয়বারের মতো ‘অনারেবল ম্যানশন’ পুরস্কার জিতলেন শিল্পী জিহান করিম l প্রথম আলো

শ্মশ্রুমণ্ডিত মুখ আর ঝুঁটি বাঁধা চুল—জিহান করিমকে দেখলে ব্যান্ড দলের গায়ক বলে ভুল হতে পারে। অথচ হুল্লুড়ে স্বভাবের নন তিনি মোটেই। বরং চুপচাপ, কথা বলার আগে খানিকটা ভেবে নেন। মুখে হালকা হাসি লেগেই থাকে।
বয়স মাত্র ৩২ বছর। কিন্তু এর মধ্যেই চট্টগ্রামের শিল্পী জিহান করিম দেশীয় ও আন্তর্জাতিক শিল্পাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। ২০১২ সালে ঢাকা এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবে প্রথমবার অংশ নিয়েই জিতেছিলেন অনারেবল ম্যানশন পুরস্কার। পুরস্কার জিতলেন গত ডিসেম্বরে শেষ হওয়া এই উৎসবের সর্বশেষ আসরেও। গত ৩০ জানুয়ারি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। আলাপের শুরুতেই উঠল এশীয় চারুকলা উৎসবের প্রসঙ্গ।
এশীয় চারুকলা উৎসবে এবারও পুরস্কারের অর্থমূল্য হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা। কী করলেন এই টাকা দিয়ে—এমন প্রশ্ন ছিল তাঁর কাছে। হেসে বললেন, সবটাই মায়ের হাতে তুলে দিয়েছি। জিহান জানালেন, ছাত্র অবস্থায় জিহানের ব্যাংক কর্মকর্তা বাবা ফজলুল করিমের মৃত্যুর পর মা আফরোজা বেগম সংসার আগলে রেখেছেন। তাঁদের দুই ভাইবোনের এত দূর উঠে আসার পেছনে মায়ের অনেক বড় ভূমিকা।
জাপানের ফুকোয়াকা বিয়েনাল, ভারতের কচি মুজিরিস বিয়েনাল, তাইওয়ানের জিলো কনটেম্পরারি আর্ট ফেস্টিভ্যাল, চীনের ইয়ানশেন বিয়েনালসহ বেশ কিছু আন্তর্জাতিক শিল্পোৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। অংশ নিয়েছিলেন নরওয়ের একটি প্রদর্শনীতেও। আন্তর্জাতিক অঙ্গনে এই পরিচিতি ও স্বীকৃতি কীভাবে এল? এমন প্রশ্নের উত্তরে জিহান বলেন, ঢাকা আর্ট সামিট, এশীয় চারুকলা উৎসব ও বেঙ্গল গ্যালারি আয়োজিত প্রদর্শনীতে অংশ নেওয়ায় মূলত এটা সহজ হয়েছে, সেসব প্রদর্শনীতে বিভিন্ন দেশের কিউরেটর এসেছিলেন। তাঁরা জিহানের শিল্পকর্ম দেখে তাঁকে নিজেদের দেশে আয়োজিত উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন। এঁদের একজন ছিলেন জাপানের ফুকোয়াকা মিউজিয়ামের কিউরেটর ইগারাশি রিনা। তিনি ২০১২ সালে এশীয় দ্বিবার্ষিক চারুকলা উৎসবে জিহানের ভিডিও স্থাপনা ‘এ সিম্পল ডেথ’ দেখে মুগ্ধ হয়েছিলেন। এর সূত্র ধরে ২০১৪ সালে জাপানের ফুকোয়াকা মিউজিয়ামের তিন মাসের রেসিডেন্সি প্রোগ্রামে আমন্ত্রণ পান। সেখানে দুটি শিল্পকর্ম উপস্থাপন করেছিলেন তিনি। যার একটি ফুকোয়াকা মিউজিয়ামের মূল প্রদর্শনী কক্ষে তিন মাস ধরে প্রদর্শিত হয়েছিল।
পেইন্টিং, ছাপচিত্র, ভাস্কর্য—এসব মাধ্যমে কাজ করলেও এখন তিনি ভিডিও স্থাপনা বা ইনস্টলেশনই বেশি করেন। তবে শুরুতে অনেক বেশি পেইন্টিং করেছেন। চারুকলায় ভর্তি হওয়ার আগেই বাবা মারা যান। সেই সময় লেখাপড়ার খরচ চালাতে পোট্রে৴ট এঁকে বিক্রি করতেন।
সেন্ট প্লাসিডস, কলেজিয়েট স্কুল ও মহসিন কলেজের ছাত্র জিহান করিমের অাঁকার নেশা তৈরি হয় বিজ্ঞান ব্যবহারিক খাতায় ছবি অাঁকতে গিয়ে। চারুকলায় পড়বেন ভাবেননি। অথচ এখন সেখানকারই শিক্ষক। ২০১৩ সালে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। বর্তমানে এই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
জিহানের শিল্পের বিষয় চারপাশের মানুষজন, প্রকৃতি ও পৃথিবী। তাঁর ভিডিও আর্টগুলোতে সাধারণ দৃশ্যচিত্রই বলে ভিন্ন গল্প। তাঁর ভিডিও ইনস্টলেশন ‘আ সিম্পল ডেথ’–এর কথাই ধরা যাক। এই ইনস্টলেশনে ছিন্নমূল একজন মানুষের ছবি প্রজেক্টরের সাহায্যে মাটিতে প্রক্ষেপণ করা হয়। এই ছবি এতই ত্রিমাত্রিক যে দর্শক জীবন্ত বলে ভুল করে। অনেকে অাঁতকে উঠে সরে যায়। এই শিল্পকর্ম সম্পর্কে জিহানের একটি গল্প আছে।
সংক্ষেপে তা এমন—চট্টগ্রামের চেরাগি পাহাড়ের ছিন্নমূল মানুষজনের স্কেচ করতেন তিনি। তাঁদের একজনকে একদিন সকালে দেখলেন মরে পড়ে থাকতে। এ নিয়ে আশপাশের মানুষজনের খুব একটা ভ্রুক্ষেপ ছিল না। বিষয়টা জিহানকে নাড়া দেয়। তিনি ওই দৃশ্যের ভিডিও করেন। এরপর সেটা প্রক্ষেপণ করেন গ্যালারিতে। সেই শিল্পকর্মই তাঁকে এনে দেয় আন্তর্জাতিক পরিচিতি।