দেশের সীমানা পেরিয়ে আর্টিস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার উত্তরা ক্লাবে বার্ষিক বিক্রয় সম্মেলনের প্রধান অতিথি পারুল রহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আর্টিস্টি কালেকশনসের কর্মকর্তারা।
মঙ্গলবার উত্তরা ক্লাবে বার্ষিক বিক্রয় সম্মেলনের প্রধান অতিথি পারুল রহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আর্টিস্টি কালেকশনসের কর্মকর্তারা।

সময়ের হিসাবে ১৮ বছর। দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে সিঙ্গাপুরের তেরেঙ্গন আর অর্চাড রোডেও ঠিকানা খুঁজে নিয়েছে আর্টিস্টি কালেকশনস। খুব শিগগির মালয়েশিয়া, থাইল্যান্ড এমনকি চীনেও নিজেদের ব্যবসা সম্প্রসারণের আশা করছে বাংলাদেশের এই শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ডটি।

মঙ্গলবার উত্তরা ক্লাবে আর্টিস্টির বার্ষিক বিক্রয় সম্মেলনে আর্টিস্টি কালেকশনসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিকুর রহমান বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পোশাক-ব্র্যান্ডকে জনপ্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিক্রয় সম্মেলনে আর্টিস্টির ১৩টি আউটলেটের বিক্রয়কর্মী, শাখা ব্যবস্থাপকেরা ছাড়াও কোম্পানিটির ঊর্ধ্বতন সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবাইকে একই ছাদের নিচে পেয়ে আর্টিস্টির প্রতিষ্ঠাতাও ছিলেন বেশ উচ্ছ্বসিত। কথা প্রসঙ্গে জানালেন, এবারই প্রথম নয়। এর আগে ২০১১ সালেও এরকম সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে ২০১৪ সালের সেরা বিক্রয়কর্মীর পুরস্কার দেওয়া হয় গুলশান শাখার বিক্রয়কর্মী মামুন ও একই শাখার ব্যবস্থাপক নুরে আলমকে। সেরাদের মধ্যে পুরস্কার তুলে দেন আর্টিস্টির পরিচালক ও বিক্রয় সম্মেলনের প্রধান অতিথি মিসেস পারুল রহমান। অনুষ্ঠানে খুব অল্প সময়ের মধ্যেই ঢাকার যমুনা ফিউচার পার্ক শপিং মল এবং উত্তরাতে দুটি আলাদা আউটলেট খোলার ঘোষণা দেন তারিকুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও আর্টিস্টি কালেকশনসের পরিচালক পারুল রহমান (মাঝে) এবং প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিকুর রহমান (বাঁয়ে) প্রতিষ্ঠানটির ডিজাইন স্টুডিওর হাসান তৌহিদুর রহমানসহ (ডানে) বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও আর্টিস্টি কালেকশনসের পরিচালক পারুল রহমান (মাঝে) এবং প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিকুর রহমান (বাঁয়ে) প্রতিষ্ঠানটির ডিজাইন স্টুডিওর হাসান তৌহিদুর রহমানসহ (ডানে) বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর্টিস্টির ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলোচনা স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে রূপ নেয় বিক্রয় সম্মেলনের এ অনুষ্ঠানটি। আলোচনায় উঠে আসে ১৯৯৬ সালের ২০ এপ্রিলে যাত্রা শুরুর পর থেকে আর্টিস্টি এ পর্যন্ত তিনবার তাদের লোগো পরিবর্তন করেছে। আর এখন বিভিন্ন পণ্যের জন্য বিশেষায়িত আলাদা আলাদা লোগো আছে আর্টিস্টির। ফর্মাল পোশাকের জন্য এক রকম তো ক্যাজুয়ালের জন্য আরেক রকম আবার এথনিকের জন্য ভিন্ন লোগো।

আর্টিস্টি কালেকশনস ডিজাইন স্টুডিওর হাসান তৌহিদুর রহমান জানান, প্রতিষ্ঠানটি নিজেরাই পোশাক ডিজাইন করে বানায়। অর্থাত্ অন্য কোথাও থেকে পণ্য কিনে এনে আর্টিস্টি বিক্রি করে না।

সাফল্যের সঙ্গে এতটা পথ পাড়ি দিতে অনেক অপেক্ষা করতে হয়েছে আর্টিস্টির তারিকুর রহমানকে। বললেন, ‘ব্র্যান্ড তৈরি করতে সময় লাগে। ব্যাপারটা এমন না যে আপনি রাতারাতি কিছু একটা করে ফেলবেন। ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে। তবেই ব্র্যান্ড প্রতিষ্ঠিত হবে।’ সেটা কীভাবে সম্ভব? তারিকুর রহমানের মুখেই শুনুন, ‘মনের মধ্যে সব সময় পণ্যের মান ধরে রাখা এবং পারফেকশনের ক্ষুধা থাকতে হবে। তবেই কিছু একটা করা সম্ভব।’ আর এটি যে মোটেও সহজ কাজ নয়, তা জানাতেও ভুলে যাননি তিনি।

বাংলাদেশ নিজের দেশ, প্রাণের দেশ। এখান থেকেই বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়তে চায় আর্টিস্টি পরিবার। ‘বাংলাদেশের পোশাক ব্র্যান্ড’ পরিচিতি নিয়ে দেশে-বিদেশে সমান তালে কাজ করে যেতে চায় আর্টিস্টি। এসব বলতে বলতেই পাওয়ার পয়েন্ট স্লাইডে ভেসে থাকা লাল-সবুজ পতাকা দেখিয়ে গর্ব করছিলেন দেশের পোশাক ব্যবসায় সফল এই উদ্যোক্তা-ব্যবসায়ী।