ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনগুলোর কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান সাড়ে তিন বছরেও শেষ করতে পারেনি। অথচ কার্যাদেশের ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করে ভবনগুলো হস্তান্তরের কথা ছিল। ভবনের নির্মাণকাজ ধীরগতিতে চলছে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছেন হাসপাতাল-সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সাংসদসহ অন্য জনপ্রতিনিধিরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় নতুন হাসপাতাল ভবন, চিকিৎসক-কর্মচারীদের বাসভবন ও ডরমেটরি নির্মাণ, পুরোনো ভবন ও সীমানাপ্রাচীর সংস্কার এবং মেরামতের জন্য দরপত্রের মাধ্যমে পাঁচ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৫৬৭ টাকায় ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি মেসার্স মিলন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।পুরোনো হাসপাতাল ভবনের পেছনে একটি ডোবার মধ্যে পর্যাপ্ত পাইলিং ও বালি ভরাট না করে হাসপাতালের মূল ভবনের কাজ শুরু করা হয়। কিন্তু প্রথম তলা (গ্রাউন্ড ফ্লোর) ঢালাইয়ের দিনই মেঝের বড় একটি অংশ দেবে যায়। এ কারণে কনস্ট্রাকশন মেইনটেন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট (সিএমএমইউ) কর্তৃপক্ষ সরেজমিনে প্রত্যক্ষ করে কাজটি ২০০৯ সালের জুন মাসে সাময়িকভাবে বন্ধ করে দেয়। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ঠিকাদারি প্রতিষ্ঠান আবার কাজ শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্প্রতি কাজের নিম্নমানের বর্ণনা দিয়ে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী, স্বাস্থ্যসচিব বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এতে বলা হয়, নতুন ভবনের নিচে বালু ভরাট না করে ভেতরে ফাঁকা রেখে চারপাশে পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন হাসপাতাল ভবনের দরজা জানালা, চৌকাঠ ও পাল্লা নিম্নমানের কাঠ দিয়ে নির্মাণ করে কোনো কর্মকর্তার সঙ্গে পরামর্শ না করে রংও করে ফেলা হয়েছে। হাসপাতালের সীমানাপ্রাচীরের নতুন গ্রেডভিম না করে পুরোনো গ্রেডভিমের ওপর গাঁথুনি করা হচ্ছে। হাসপাতালের মূল ফটক থেকে কর্মচারী ভবন পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক আরসিসি করার কথা থাকলেও রড না দিয়ে শুধু সিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়। পুরোনো ভবনের তিনটি কক্ষ ও সেবিকাদের ডিউটি কক্ষসহ রাবান্দায় কোনো টাইলস বসানো হয়নি। পুরোনো ডক্টরস ডরমিটরির জলছাদ করা হয়নি এবং পুরোনো স্টাফ কোয়ার্টার ও বাথরুমগুলোর দরজা-জানালা মেরামত করা হয়নি। এ ছাড়া কাজ তদারকিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর গাফিলতি রয়েছে বলেও অভিযোগ করা হয়। স্থানীয় উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আলম জানান, হাসপাতাল ভবনের কাজ অতি নিম্নমানের বলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একাধিকবার অভিযোগ করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি সরেজমিনে অভিযোগের সত্যতা দেখতে পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তাকে সতর্ক করেন। কিন্তু তাতে কোনো ফল হয়েছে বলে মনে হয়নি। স্থানীয় চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আহম্মদ ওরফে খোকন জানান, ফেনী-৩ (সোনাগাজী) আসনের সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন এলাকাবাসীর অভিযোগ পেয়ে হাসপাতালে গিয়ে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ ও কাজের গুণগত মান ঠিক রাখার জন্য ঠিকাদারের নিয়োজিত মাঠ প্রকৌশলীকে (সাইট ইঞ্জিনিয়ার) বলে আসেন। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ছারোয়ার জাহান হাসপাতালের নিম্নমানের কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তিনি গত তিন মাস থেকে কাজের তদারকির দায়িত্ব পালন করছেন। তাঁর সময়ে কাজের গুণগত মান ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।এ বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শওকত মনিরুল নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ সিডিউল অনুযায়ী আদায় করা হয়েছে। কাজ তদারকিতে কোনো গাফিলতি ছিল না। কাজটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।