বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে প্রায় দেড় বছরের মাথায় আবার ভোটের লড়াই। সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচন ঘিরে চায়ের কাপে ঝড় তুলছেন ভোটাররা। চলছে হিসাব-নিকাশ, চুলচেরা বিশ্লেষণ।
তফসিল অনুযায়ী ৩১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা। এই ইউনিয়নের ভোটারের সংখ্যা ৯ হাজার ১২৬। এর মধ্যে নারী ভোটার ৪ হাজার ৩৭২ জন।
নির্বাচনে লড়াই হবে নৌকার সঙ্গে ধানের শীষের। প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী এবং বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০১৪ সালের ২ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আবু সৈয়দের কাছে হেরেছিলেন বিএনপি প্রার্থী নুরুল আলম কোম্পানি। গত ২১ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চেয়ারম্যান মো. আবু সৈয়দ। এরপর শূন্যপদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ভোটাররা জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন দুই প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁরা ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।
ইউনিয়নের আদর্শগ্রামের ভোটার সৈয়দ করিম (৪৫) বলেন, ‘সবার আগে প্রাধান্য দেব এলাকার উন্নয়ন। তা ছাড়া প্রার্থী সৎ হওয়াটাও জরুরি। এসব হিসাব করে ভোট দেব।’
একই গ্রামের আরেক ভোটার কামরুন নাহার (৩৫) বলেন, ‘সুখে-দুঃখে যাঁকে কাছে পাব, তাঁকে ভোট দেব।’
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, তাঁদের প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী ইউনিয়নের প্রতিটি ঘরে পরিচিত। ছাত্ররাজনীতি থেকে শুরু করে তিনি এখন আওয়ামী লীগের নেতা হয়েছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। তাই বেশির ভাগ ভোটার নৌকার পক্ষে মাঠে নেমেছেন।
বিএনপির নেতা-কর্মীরা জানান, তাঁদের প্রার্থী নুরুল আলম কোম্পানি সৎ মানুষ। গত ইউপি নির্বাচনে তিনি বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের তিন প্রার্থীর সঙ্গে লড়াই করে মাত্র ১০৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র একজন প্রার্থী। সেই হিসাবে তাঁর এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন বলেন, ‘দুই প্রার্থীর মধ্যে এখনো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় আছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে উপনির্বাচন শেষ করতে চাই।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।