দেড় মাস ধরে দুর্ভোগে লক্ষাধিক গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর ১১ মাইল এলাকায় পাওয়ার গ্রিড উপকেন্দ্রের ৬৬ এমভিএ (মেগাভোল্ট অ্যাম্পিয়ার) দুটি ট্রান্সফরমারের একটি দেড় মাস ধরে বিকল হয়ে আছে। এতে হাটহাজারীসহ নগরের ষোলশহর থেকে খাগড়াছড়ির মারিশ্যা পর্যন্ত ১৭০ কিলোমিটার এলাকায় প্রতিদিন আট থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লীবিদ্যুৎ কোম্পানির লক্ষাধিক গ্রাহক। সূত্র জানায়, গত ৯ আগস্ট ভোররাতে চারিয়া পল্লীবিদ্যুৎ লাইনের যন্ত্রপাতি বিকল হওয়ার কারণে গ্রিড উপকেন্দ্রের দুটি ট্রান্সফরমারের একটিতে (৬৩ এমভিএ) বিস্ফোরণ ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানির হাটহাজারী গ্রিড উপকেন্দ্রে জাতীয় গ্রিডের ১৩২ কেভিএ সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ৬৩ এমভিএ দুইটি ট্রান্সফরমার থেকে ৩৩ কেভিএ সঞ্চালন লাইনের মাধ্যমে ষোলশহর থেকে হাটহাজারী, রাউজান হয়ে খাগড়াছড়ির মারিশ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় প্রতিদিন একটি ট্রান্সফরমারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে আনুষঙ্গিক যন্ত্রপাতি মেরামত করতে হচ্ছে।ট্রান্সফরমারটি বিকল হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে রেশনিং করে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন এলাকাভেদে আট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। তবে কোনো কোনো এলাকায় স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের অনিয়মের কারণে এর চেয়ে বেশি সময়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। নাজিরহাট এলাকার পল্লীবিদ্যুতের গ্রাহক রফিকুল আলম জানান, তাঁদের এলাকায় দিনের প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ফটিকছড়ির নানুপুর এলাকার বাসিন্দা সৈয়দ মো. মাছুম একই রকম অভিযোগ করে বলেন, ‘বিদ্যুতের দুর্ভোগে আমরা অসহায় হয়ে পড়েছি। ক্ষুব্ধ জনতা বিদ্যুতের দাবিতে গত মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি সদরে বিক্ষোভ সমাবেশও করেছে।’ হাটহাজারী সদরের ব্যাংকার সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার ফলে অফিসের কাজে ব্যাঘাত ঘটছে।’ প্রতিদিন দীর্ঘক্ষণ লোডশেডিংয়ের শিকার হাটহাজারী কলেজগেট এলাকার গৃহিণী রোকেয়া আকতার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ দেশে বিদ্যুতের কোনো কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না।’ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে গ্রিড উপকেন্দ্রের ৬৩ এমভিএ একটি ট্রান্সফরমার সার্বক্ষণিক পূর্ণচাপে থাকার কারণে আনুষঙ্গিক যন্ত্রপাতি, বিশেষ করে সিটি (কারেন্ট ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার) গরম হয়ে যায়। এটি মেরামতের জন্য ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। ২ সেপ্টেম্বর দুপুর সোয়া একটায় গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি ব্রেকারের সিটি হঠাৎ বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী আরেকটি সিটি এবং ১৩২/৩৩ কেভি পাওয়ার ট্রান্সফরমারের সেকেন্ডারি কেব্ল ক্ষতিগ্রস্ত হয়। পাওয়ার গ্রিড কোম্পানির হাটহাজারীর ১১ মাইল গ্রিড উপকেন্দ্রের উপব্যবস্থাপক নুর উদ্দীন মো. ফরহাদ গত মঙ্গলবার জানান, আনোয়ারা এলাকায় স্থাপিত একটি উপকেন্দ্র থেকে একটি ট্রান্সফরমার এনে দ্রুত গ্রিড উপকেন্দ্রে স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।