দেড় মাস ধরে বিদ্যুৎবিহীন সন্দ্বীপ
সন্দ্বীপের একমাত্র বিদ্যুৎকেন্দ্রে গত দেড় মাস থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে না। গত ৬ জানুয়ারি রাতে সন্দ্বীপ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে সন্দ্বীপের হরিশপুর, রহমতপুর ও উপজেলা প্রশাসনিক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। প্রায় ৫০০ গ্রাহক বিদ্যুতের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, জেনারেটরের সাহায্যে জ্বালানি তেল থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কেন্দ্রের অধিকাংশ জেনারেটর নষ্ট হয়ে যায়। ১৯৯২ সালে চারটি জেনারেটর স্থাপন করা হলেও চার থেকে পাঁচ বছর ধরে তিনটি জেনারেটর বিকল রয়েছে। এরপর ৪১৭ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটরের সাহায্যে এত দিন বিদুৎ উৎপাদন করা হচ্ছিল। ৬ জানুয়ারি রাতে সেই জেনারেটরটিও নষ্ট হয়ে যাওয়ায় এক রকম বিদ্যুৎবিহীন রয়েছে এই দ্বীপাঞ্চল।বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে জোড়াতালি দিয়ে কেন্দ্রটি চলছিল। কেন্দ্রের একমাত্র জেনারেটরের উৎপাদনক্ষমতা ৪১৭ কিলোওয়াট থেকে কমে দাঁড়িয়েছিল ১৫০ থেকে ১৬০ কিলোওয়াটে। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে গ্রাহকদের ভোগান্তি চরমে উঠেছে। রহমতপুর, হরিশপুর ও সন্দ্বীপ উপজেলা প্রশাসনিক এলাকার গ্রাহকেরা গত দেড় মাস বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।রহমতপুর এলাকার গ্রাহক জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছে।’সন্দ্বীপ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. শাহাজাহান বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটি সচল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’