দেড় মাসে ৫০ ট্রলারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এফবি মায়ের দোয়া’ ট্রলার গত ১৭ নভেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ে প্রচুর। কিন্তু ২৫ নভেম্বর কূলে ফেরার সময় জলদস্যুরা হামলা চালিয়ে মাছ ও জাল লুট করে নিয়ে যায়। শুধু এফবি মায়ের দোয়া নয়, গত দেড় মাসে (নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর) জলদস্যুর কবলে পড়েছে প্রায় ৫০টি ট্রলার। এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন বলেন, ট্রলারে প্রায় তিন লাখ টাকার মাছ ছিল। ডাকাতেরা ইঞ্জিনের জ্বালানি তেল পর্যন্ত নিয়ে গেছে। মহেশখালী ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি জানান, গত দেড় মাসে এফবি বাবুল, এফবি টোফেল, এফবি যমুনা, এফবি লেদু, এফবি শাহনা, এফবি সোহেল রানা, এফবি আবদুল্লাহ, এফবি ছাবেকুন্নাহারসহ কমপক্ষে ৫০টি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। এ সময় দস্যুদের হামলায় শতাধিক জেলে আহত হন। এতে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। বোট মালিক ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বর মাসের শুরুতে বঙ্গোপসাগরে জলদস্যুরা বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্ন এলাকার ফেরারি, চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাতেরা সোনাদিয়ায় আশ্রয় নিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সাগরে দস্যুতা চালায়। কোস্টগার্ড মাঝে মাঝে অভিযান চালালেও এখনো পর্যন্ত কোনো জলদস্যু দলকে আটক করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, নভেম্বর মাস থেকে মাছ ধরার নৌকায় ডাকাতি বেড়েছে। তাই সাগরে অভিযান জোরদার করার জন্য জেলা প্রশাসকসহ কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়েছে।এ প্রসঙ্গে কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, ‘ইতিমধ্যে সাগরে টহল জোরদার করা হয়েছে।’