দেড় লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র তিনজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সেবা পাচ্ছে না দ্বীপবাসী। রোগী বাড়ার কারণে স্বাস্থ্যকেন্দ্রটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু ৫০ শয্যা বলতে শুধু অবকাঠামোগত পরিবর্তন হয়। বাড়েনি চিকিৎসক ও জনবল। প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। বর্তমানে দ্বীপের দেড় লাখ মানুষের জন্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক আছেন মাত্র তিনজন। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৯ সালে স্বাস্থ্যকেন্দ্রটি ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর ২৭ জন চিকিৎসক, ১৩ জন সেবক-সেবিকা, কার্যালয় সহকারী, হিসাবরক্ষক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ ৭৬টি পদ সৃষ্টি করা হয়। এর মধ্যে এখনো ৪০টি পদ শূন্য রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৪ জন চিকিৎসক ও ১২ জন সেবক-সেবিকার পদও শূন্য আছে। স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা উত্তর ধুরুং ইউনিয়নের সতর উদ্দিন গ্রামের চেমন আরা বেগম (৭০) বলেন, ‘কয়েকদিন আগে জ্বর আর কাশির চিকিৎসা নিতে এলে ডাক্তার কফ পরীক্ষার জন্য দেন। কিন্তু হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরের প্যাথলজি থেকে পরীক্ষা করিয়ে আনতে হয়। ডাক্তার ওষুধ যেগুলো লিখেছেন সেগুলোও কিনতে হয়েছে। হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয়নি।’ মহিলা ওয়ার্ডের ১২ নম্বর শয্যার শিশু রোগী সাইফুল আলমের (৬) অভিভাবক রিনা আক্তার বলেন, ‘বাচ্চা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় ৯ মে হাসপাতালে ভর্তি করি। হাসপাতাল থেকে কোনো ওষুধ দেয় না। স্যালাইন থেকে শুরু করে সব ওষুধ দোকান থেকে কিনে এনেছি।’ তিনি বলেন, ‘ডাক্তারের ইচ্ছে হলে ওয়ার্ডে আসেন। দায়িত্ব মনে করেন না। আর একজন নার্স সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত থাকেন, বিকেলে আর আসেন না।’ পেটের ব্যথা নিয়ে মহিলা ওয়ার্ডে ভর্তি হওয়া রোকেয়া বেগম (৩২) বলেন, ‘প্যারাসিটামল ছাড়া হাসপাতাল থেকে আর কোনো ওষুধ দেয়নি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের দোকান থেকে ওষুধ কিনে নিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বশর প্রথম আলোকে জানান, হাসপাতালে বিদ্যুৎ সমস্যার কারণে জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পড়ে থাকায় অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। ১৯৯৭ সালে হাসপাতালের জন্য সরকার একটি অ্যাম্বুলেন্স দিয়েছিল। সেটি ১৯৯৯ সালে নষ্ট হয়ে যায়। এরপর থেকে সেটি বিকল হয়ে পড়ে আছে। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে পরীক্ষা করানো যাচ্ছে না। তিনি বলেন, ‘শূন্য পদে নিয়োগসহ নানা সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। এরপরও সমস্যা সমাধানে অগ্রগতি নেই।’উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কুতুবদিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাব্যবস্থা অত্যন্ত নাজুক। হাসপাতালের শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়েছি।’