দেড় শ নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম থেকে বেরিয়েছে দেড় শ সৃজনশীল বই। ফেব্রুয়ারি বইয়ের মৌসুম হলেও লোডশেডিং, কাগজসহ ছাপার উপকরণের মূল্যবৃদ্ধি, বাঁধাইয়ের কারিগরসংকট ইত্যাদি কারণে সব বই সময়মতো বের করতে পারেননি প্রকাশকেরা। তাই অনেক লেখকের বই-ই একুশে বইমেলার মুখ দেখেনি। এদিকে, আজ থেকে চট্টগ্রাম একাডেমির নিয়মিত আয়োজন স্বাধীনতার বইমেলা শুরু হচ্ছে নগরের ডিসি হিলে। চট্টগ্রাম একাডেমি সূত্র জানায়, বিকেল সাড়ে চারটায় তিন দিনের বইমেলার উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। সমাজবিজ্ঞানী অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে খ্যাতিমান কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে। আলোচনা করবেন কবি আবুল মোমেন, সৈয়দ সিরাজুল ইসলাম ও সচ্চিদানন্দ চৌধুরী প্রমুখ। বইমেলা মঞ্চে প্রতিদিন থাকবে বিষয়ভিত্তিক আলোচনা, নতুন বইয়ের পাঠ উন্মোচন, নাচ, গান, আবৃত্তি, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশুসমাবেশ, গীতিনাট্য, লেখক আড্ডা ও সম্মিলন, কবিতা পাঠ, ছড়া প্রদর্শনী ইত্যাদি। কাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় লেখক সম্মিলনে প্রধান অতিথি থাকবেন চিত্রশিল্পী সবিহ্ উল আলম। বিশেষ অতিথি থাকবেন কবি আবু হাসান শাহরিয়ার। সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি থাকবেন সাংসদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক মোহিত কামাল। ছাব্বিশে মার্চ সকাল ১০টায় দেশের গানের প্রতিযোগিতা উদ্বোধন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইতিহাসবিদ আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। বিশেষ অতিথি থাকবেন সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মইনুল আহসান সাবের ও মঈনুল ইসলাম মাহমুদ। সভাপতিত্ব করবেন ভাষা-গবেষক মাহবুবুল হক।এবারের মেলায় বাংলা একাডেমী, শিশু একাডেমী, টইটম্বুর, বিদ্যাপ্রকাশ, অনুপম, সাহিত্য প্রকাশ, আগামী, অনন্যা, আদিগন্ত, ইউপিএল, আমাদের পাঠশালা, বলাকা, অ্যাডর্ন, আবির, কালধারা, পূর্বা, শৈলী, মনন, শব্দশিল্প, শিখা প্রকাশন, ছোট্ট আমরা শিশু ও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির স্টল থাকবে। মেলায় ন্যূনতম ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হবে। বইমেলার আহ্বায়ক লেখিকা আনোয়ারা আলম প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতার চার দশক উপলক্ষে এবার আমরা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা উৎসব ও বইমেলা উদ্যাপন করব। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি এ জনপদের সাহিত্য-সংস্কৃতিকর্মীদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে অন্যান্যবারের মতো এবারের মেলাও সফল হবে।’সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম একাডেমির বইমেলা আয়োজনটা পরিচ্ছন্ন। এখানে লেখক-পাঠক-প্রকাশকের সম্মিলন ঘটে। তিন দিনের এ মেলা অন্তত সপ্তাহব্যাপী করা দরকার, তাহলে চট্টগ্রামে বইমেলার সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।’চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ বলেন, ‘আমরা বইমেলার কঠোর নীতিমালা করেছি। শুধু প্রকাশকেরাই এখানে স্টল দিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ভাষা-আন্দোলন বা একাত্তরের চেতনাবিরোধী কোনো বই মেলায় বিক্রি করা যাবে না। তবে প্রকাশকের নিজস্ব বইয়ের বাইরে চট্টগ্রাম থেকে প্রকাশিত বা চট্টগ্রামের লেখকদের বই স্টলে রাখা যাবে।’ স্থানীয় প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর প্রকাশিত বইয়ের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে বলাকা প্রকাশন। প্রায় ৬৫টি বই বেরিয়েছে বলাকা থেকে। এরপর শৈলী প্রকাশনের অবস্থান। বলাকা প্রকাশন থেকে এবার প্রকাশিত হয়েছে অনুপম সেনের জীবনের পথে প্রান্তরে, মো. আবদুল বাতেনের বাংলাদেশের ম্রো উপজাতির জীবনধারা এবং মহেশখালীর আদিনাথ মন্দিরের ইতিকথা, নজির আহমদ অনূদিত পৃথিবীর ছাদ নেপালে লাল পতাকার উড্ডয়ন, জামাল উদ্দিনের পার্বত্য চট্টগ্রামের ইতিহাস এবং আনোয়ারা: একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধ, সিরু বাঙালির যুদ্ধের ময়দান থেকে মেজর জিয়ার পলায়ন, রিয়াজ হায়দারের ভাষার লড়াই, সৈয়দ মনজুর মোরশেদের নিরুদ্দিষ্ট ঠিকানা, বিশ্বজিৎ বনিকের নিহারের পুকুর, খালেদা হানুমের স্মৃতির কথামালা, প্রভাংশু ত্রিপুরার ত্রিপুরা জাতির ইতিহাস ও সংস্কৃতি ইত্যাদি।শৈলী প্রকাশন থেকে প্রকাশিত উল্লেখযোগ্য বই হচ্ছে—আবুল মোমেনের শিক্ষা ও সংস্কৃতি, আনোয়ারা আলমের নারীর জীবন এবং ইত্যাদি, বিশ্বজিৎ চৌধুরীর মুক্তিযুদ্ধ যুদ্ধাপরাধ ও অন্যান্য প্রসঙ্গ, দীনা মরিয়মের তটে আঁকা ছবি, ওবায়দুল সমীরের মন হারানোর দিন, আমান উদ্দিন আবদুল্লাহর চাঁদের বুকে, বিকাশ চৌধুরী বড়ুয়ার ফিরে দেখা, নেছার আহমদের স্মরণের আবরণে চট্টগ্রামের কৃতী পুরুষ, এলিজাবেথ আরিফা মুবাশশিরার এক খুদে মুক্তিযোদ্ধার গল্প, মো. কামাল উদ্দিনের সমকথা, আকাশ আহমেদের আয় আয় মেঘপরি, জুবাইর জসিমের ফুলপরিদের হাট ইত্যাদি।আবির প্রকাশন থেকে বেরিয়েছে এম সুলতান উল আলমের স্বাধীন বাংলা বিপ্লবী বেতারকেন্দ্র, নাজিমুদ্দিন শ্যামলের নাট্যজনের মুখোমুখি ও চলচ্চিত্রবীক্ষণ, ডি কে ঘোষের কোন পথ অবলম্বন করব, মৃণাল কুমার চৌধুরীর প্রেত ইত্যাদি।অন্যান্যের মধ্যে বাতিঘর থেকে বেরিয়েছে, হরিশংকর জলদাসের কসবি ও জলদাসীর গল্প, বিশ্বজিৎ চৌধুরীর একটি নিঃসঙ্গ তালগাছ, মুহাম্মদ শামসুল হকের খ্যাতিমানদের নানা রঙের দিনগুলি, কামরুজ্জামান জাহাঙ্গীরের কতিপয় নিম্নবর্গীয় গল্প ও উপন্যাসের বিনির্মাণ উপন্যাসের জাদু, বঙ্গজ প্রকাশন থেকে শান্তনু চৌধুরীর তারার অন্তরালে, সাইদুল ইসলাম সম্পাদিত স্বাধীনতা আমাদের স্বাধীনতা, জাহেদ মোতালেবের খেলাবুড়ো, মূয়িন পারভেজের মর্গে ও নিসর্গে, আমাদের পাঠশালার শিশুসাহিত্য সংকলন সবুজ আসর ইত্যাদি।এদিকে, চট্টগ্রাম থেকে বেরিয়েছে বেশ কিছু ছোটকাগজ। এর মধ্যে আসমা বীথি সম্পাদিত ঘুড়ি , দিলীপ দে সম্পাদিত চরাচর, ফয়সল অভি সম্পাদিত দ্রোহ, ফরিদ উদ্দিন মোহাম্মদ সম্পাদিত হরতন এবং দ্বান্দ্বিক, সন্তরণ ইত্যাদি উল্লেখযোগ্য।