লোহাগাড়া উপজেলার চুনতির পানত্রিশা এলাকায় মন্দুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত চারটি শ্রেণিতে শিক্ষার্থী আছে দেড় শ জন। আর তাদের পাঠদান করেন মাত্র একজন শিক্ষক। শিক্ষক নিয়োগ না দেওয়ায় বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণি চালু করা যাচ্ছে না। ফলে তৃতীয় শ্রেণির পর অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় ২০১৪ সালের ১ সেপ্টেম্বর মন্দুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত চারটি শ্রেণি চালু রয়েছে বিদ্যালয়টিতে। শিক্ষকের অভাবে চালু করা যাচ্ছে না চতুর্থ ও পঞ্চম শ্রেণি। প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষকদের চারটি পদে এখনো নিয়োগ হয়নি। পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফোরকান প্রেষণে সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়টিতে পাঠদান করছেন। তিনি অসুস্থ থাকলে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকে। অথচ উপজেলার দুর্গম সোনাইছড়িপাড়া, বাশখালিয়াপাড়া, তারাছড়িপাড়া, পেকুয়াছড়িপাড়া, শুক্কুর আলী ভিটা, ভ্রমণপাড়া, মন্দুলার চর, বলির ঝুম, দক্ষিণ সরইয়া ও বাগানপাড়ার দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে আসে।
সম্প্রতি বিদ্যালয়টিতে গেলে কথা হয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাসিমা আক্তার ও জেসমিন আক্তার বলে, ‘আমরা অনেক দূর থেকে বিদ্যালয়ে আসি। কিন্তু একটা অথবা দুটি বিষয়ের বেশি পাঠদান হয় না। কখনো কখনো একেবারেই পাঠদান হয় না।’
বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, শিক্ষকের অভাবে পাঠদান হচ্ছে না বিদ্যালয়ে। তাই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠিয়ে কোনো লাভ হয় না। তারা শিখছে না কিছুই। এতে দরিদ্র পরিবারের বহু শিক্ষার্থী ঝরে পড়ছে।
বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. ফোরকান চারটি শ্রেণিতে পাঠদান করছেন একাই। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি শ্রেণিতে কিছুক্ষণ করে সময় দিয়েই আপাতত পাঠদান চালিয়ে যাচ্ছেন তিনি। শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। মো. জামাল উদ্দিন নামের বিদ্যালয়টির একজন অভিভাবক বলেন, একজন শিক্ষক দিয়ে চারটি শ্রেণির কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। তা ছাড়া ওই শিক্ষক প্রয়োজনীয় কাজে উপজেলা সদরে গেলে অথবা অসুস্থ থাকলে ওই দিন বিদ্যালয় বন্ধ রাখতে হয়।
এ ব্যাপারে চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, চুনতি এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা পানত্রিশা। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে গিয়ে প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করেছে সরকার। বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধাও আছে। কেবল শিক্ষকের অভাবে বিদ্যালয়টি পুরোদমে চালু করা যাচ্ছে না। লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নছর মো. হাছান বলেন, ‘আমি এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে দ্রুত আরও একজন শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করব।’