দেড় হাজার মাদ্রাসা-মক্তবে জাতীয় পতাকা উত্তোলন হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ বাহারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ৩৫ বছর আগে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এই মাদ্রাসায়। গাওয়া হয়নি জাতীয় সংগীত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার এক শিক্ষক জানান, অভিভাবকদের চাপে মাদ্রাসায় কয়েক বছর ধরে বাংলা ও ইংরেজি শিক্ষা চালু করা হয়েছে। তবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন হচ্ছে না। এ নিয়ে অনেক অভিভাবককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। টেকনাফ পৌরসভার আয়েশা ছিদ্দীকা (রা.) বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনায়েতুর রহীম বলেন, ‘আমরা মাদ্রাসায় নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করি, কিন্তু অধিকাংশ মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া হয় না।’ তবে স্থানীয় একজন অভিভাবক নাম প্রকাশ না করে বলেন, ‘আয়েশা ছিদ্দীকা (রা.) বালিকা মাদ্রাসায়ও জাতীয় সংগীত গাওয়া হয় না।’ একইভাবে নয়াপাড়া ও সাবরাং বাহারুল উলুম মাদ্রাসা, জামেয়া আলেয়া মাদ্রাসাসহ টেকনাফ উপজেলার দুই শতাধিক মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় না বলে জানা গেছে। কক্সবাজার জেলা প্রশিক্ষিত ইমাম সমিতির সভাপতি মাওলানা তারেক মো. সালাহ উদ্দিন জানান, টেকনাফ ছাড়াও জেলা সদর উখিয়া, রামু, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার অন্তত দেড় হাজার মাদ্রাসা, মক্তব ও বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া হচ্ছে না। জাতীয় সংগীতকে কিছু মাওলানা ইসলামবিরোধী বলে অপব্যাখ্যা দেন। তা ছাড়া মাদ্রাসা ও মসজিদের ইমাম এবং শিক্ষকদের মধ্যে পাঁচ শতাধিক রয়েছে মিয়ানমারের রোহিঙ্গা। এসব প্রতিষ্ঠানে সরকারি অনুদান ও নানা সুযোগ-সুবিধা দেওয়া হলেও তদারকির কেউ নেই বলে মন্তব্য করেন মাওলানা তারেক। জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানান, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে না—এমন মাদ্রাসা ও বিদ্যালয়ের তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা শিক্ষক-ইমামদের তালিকাও তৈরি করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মসজিদের পবিত্রতা রক্ষা এবং ইসলামের নামে অপপ্রচার বন্ধ রাখতেও ইমামদের সতর্ক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘জামায়াত-শিবিরের সমর্থক ইমামেরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে উসকে দিচ্ছে। এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’ চকরিয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস জানান, সরকারি নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করার সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই। কিন্তু কোনো কোনো মাওলানা ইসলামের অপব্যাখ্যা দিয়ে সমাজে নানা বিভ্রান্তি সৃষ্টি করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।