প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে একটি বিদ্যালয়ের দেড় হাজার স্কুলশিক্ষার্থী মুষ্টিবদ্ধ হাত তুলে মাদক সেবন ও উত্ত্যক্ত না করার শপথ নিয়েছে। একই সঙ্গে মাদকসেবক ও উত্ত্যক্তকারীদের প্রতিরোধের অঙ্গীকারও করেছে তারা।বিদ্যালয় সূত্র জানায়, সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবার সকালে স্কুল কমিউনিটি পুলিশিং ও শিক্ষাসহায়ক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ইভ টিজিং ও মাদক সম্পর্কে সচেতনতাবিষয়ক সমাবেশ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল হুদা প্রমুখ।